৩০ সেপ্টেম্বর, ১৯৪৬ তারিখে ভিক্টোরিয়ার উইরিবি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
১৯৫৬ থেকে ১৯৬৪ সময়কালে দ্য জিলং কলেজে অধ্যয়ন করেছেন। ১৯৬৫ থেকে ১৯৬৯ সময়কালে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে স্নাতক (বিশুদ্ধ গণিত) ও শিক্ষায় ডিপ্লোমাধারী হন। ১৯৮৪ থেকে ১৯৮৬ সময়কালে অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় থেকে এমএড প্রিলিম লাভ করেন। ১৯৮৬ থেকে ১৯৯৫ সময়কালে দ্য জিলং কলেজে প্রিন্সিপালের দায়িত্ব লাভ করেন। ১৯৯৫ থেকে ২০০৯ সময়কালে মেলবোর্ন গ্রামার কলেজের হেডমাস্টার হন।
ক্রিকেটপ্রিয় পরিমণ্ডলে বড় হয়েছেন। মায়ের দাদা উইলিয়াম হেনরি কুপার ১৮৮০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট ও ভিক্টোরিয়া দলের নির্বাচকের দায়িত্বে ছিলেন। পিতা জ্যাক ১৯২৯-৩০ মৌসুম থেকে ১৯৩৫-৩৬ মৌসুম পর্যন্ত নর্থ মেলবোর্ন দলের মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে ৫৪ খেলায় অংশ নিয়েছিলেন। ১৯৬৩-৬৪ মৌসুম থেকে ১৯৬৪-৬৫ মৌসুম এবং ১৯৭২-৭৩ মৌসুম থেকে ১৯৮০-৮১ মৌসুম পর্যন্ত মেলবোর্ন ক্রিকেট ক্লাবে খেলেছেন। ১৯৭৫-৭৬ মৌসুমের ডিস্ট্রিক্ট পর্যায়ের প্রিমিয়ারশীপের চূড়ান্ত খেলায় ফুটস্ক্রে’র বিপক্ষে ১৮৯ রানের অপরাজিত ইনিংস খেলে মেলবোর্নের শিরোপা বিজয়ে দারুণ ভূমিকা রাখেন। দৃষ্টিনন্দন ব্যাটিং, অসাধারণ ফিল্ডিংয়ের কারণে ঐ প্রতিযোগিতায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। ক্লাবের প্রথম একাদশের পক্ষে ৬৪ খেলায় অংশ নিয়ে ৫৮.৫২ গড়ে ৩১০২ রান তুলেছেন। ১৯৭৪-৭৫, ১৯৭৫-৭৬ ও ১৯৭৬-৭৭ মৌসুমে তিনবার ক্লাবের ব্যাটিং গড়ে শীর্ষে ছিলেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ১৯৬৫-৬৬ মৌসুম থেকে ১৯৭৩-৭৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ৪৭ খেলায় অংশ নিয়ে ৫৯.৫২ গড়ে বারো শতক সহযোগে ৩৯৮৮ রান তুলেন। ক্লাবটির পক্ষে কমপক্ষে ২০০০ রান সংগ্রহকারীদের মধ্যে গড়ের দিক দিয়ে তাঁর তুলনায় কেবলমাত্র বিল পন্সফোর্ড, বিল উডফুল ও লিন্ডসে হ্যাসেট তাঁর তুলনায় এগিয়ে রয়েছেন। ১৯৬৬-৬৭ মৌসুমে মেলবোর্নে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২০২ রান তুলেন। এছাড়াও, ১৯২-৭৩ মৌসুমে আরও একটি দ্বি-শতরানের ইনিংসের দ্বারপ্রান্তে ছিলেন। মেলবোর্নে একই দলের বিপক্ষে ১৯৬ রান সংগ্রহকালীন ভিক্টোরীয় অধিনায়ক ইনিংস ঘোষণা করেছিলেন।
১৯৬৭ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বমোট ৩১ টেস্ট ও তিনটিমাত্র ওডিআইয়ে অংশগ্রহণ করেছিলেন। ১৯৬৭-৬৮ মৌসুমে নিজ দেশে চান্দু বোর্দে’র নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ২৩ ডিসেম্বর, ১৯৬৭ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। জন গ্লিসনের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ৮১ ও ৩৫ রান সংগ্রহ করে উভয় ইনিংসে ইরাপল্লী প্রসন্নের বলে বিদেয় নিয়েছিলেন। স্বাগতিকরা ১৪৬ রানে জয়লাভ করলে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
১৯৬৮ ও ১৯৭২ সালের অ্যাশেজ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ১৯৬৮ সালে বিল লরি’র নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ৬ জুন, ১৯৬৮ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্ট খেলেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ৮৮ ও ৮ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ১৫৯ রানে পরাভূত হলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ২২ আগস্ট, ১৯৬৮ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ১৪ ও ২৪ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। উভয় ক্ষেত্রে রে ইলিংওয়ার্থের শিকারে পরিণত হন। ২২৬ রানে জয়লাভ করে স্বাগতিকরা সিরিজটি ড্র করতে সমর্থ হলেও সফরকারীরা অ্যাশেজ কুক্ষিগত রাখে।
১৯৬৮-৬৯ মৌসুমে নিজ দেশে গ্যারি সোবার্সের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ২৪ জানুয়ারি, ১৯৬৯ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। খেলায় তিনি ৫১ ও ১১* রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে স্বাগতিকরা ২-১ ব্যবধানে এগিয়ে থাকে।
১৯৬৯-৭০ মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে বিল লরি’র নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ২২ জানুয়ারি, ১৯৭০ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের ছাঁপ রাখেন। দ্বিতীয় ইনিংসে ১৬ রানে পৌঁছানোকালে টেস্টে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি ৮ ও ১৬ রান সংগ্রহ করেছিলেন। সফরকারীরা ১৭০ রানে পরাজয়বরণ করলে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে যায়।
একই সফরের ৫ মার্চ, ১৯৭০ তারিখে জিকিবার্হায় অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ৬৭ ও ৪৬ রান সংগ্রহ করেন। চূড়ান্ত টেস্টে সফরকারীরা ৩২৩ রানে পরাজয়বরণ করলে ৪-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। এ টেস্টের পর পরবর্তী ২২ বছর স্বাগতিক দলটি আন্তর্জাতিক অঙ্গনে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়।
১৯৭২ সালে ইয়ান চ্যাপেলের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ১০ আগস্ট, ১৯৭২ তারিখে ওভালে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ৫ ও ৪৪* রান সংগ্রহ করেছিলেন। তবে, সফরকারীরা ৫ উইকেটে জয় পেলে ২-২ ব্যবধানে সিরিজটি অমিমাংসিত অবস্থায় শেষ করতে সক্ষম হয়।
১৯৭৩-৭৪ মৌসুমে নিজ দেশে বেভান কংডনের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ৫ জানুয়ারি, ১৯৭৪ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ৭ ও ১৪* রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও স্বাগতিকরা তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর প্রশাসনের দিকে ঝুঁকে পড়েন। ২০০৩ সাল থেকে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সহঃসভাপতির দায়িত্বে রয়েছেন। ১৯৯৮ থেকে ২০০০ সময়কালে মেলবোর্ন সিম্ফনি অর্কেস্ট্রার পরিচালকের দায়িত্ব পালন করেন। ২০০০ থেকে ২০০৬ সময়কালে অস্ট্রেলিয়ান ড্রাগ ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সদস্য হন। ২০০৪ সালে থেকে ভিক্টোরিয়া পুলিশ অপারেশন্স স্ট্যান্ডিং কমিটি বোর্ডে যুক্ত রয়েছেন।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন ও পরবর্তীতে বিবাহ-বিচ্ছেদ ঘটান। তাঁর তিন কন্যা রয়েছে।