১২ অক্টোবর, ১৯৬২ তারিখে পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার। মূলতঃ বোলার হিসেবে অংশ নিয়েছিলেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৯০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
১৯৭৭-৭৮ মৌসুম থেকে ১৯৯৮-৯৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে হাবিব ব্যাংক লিমিটেড, লাহোর, পাকিস্তান রেলওয়ে ও সার্ভিস ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিত্ব করেছেন।
১৯৯০ সালে পাকিস্তানের পক্ষে একটিমাত্র টেস্ট ও ছয়টিমাত্র ওডিআইয়ে অংশ নিয়েছিলেন। ১৯৮৯-৯০ মৌসুমে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। ৩ ফেব্রুয়ারি, ১৯৯০ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। দলের একমাত্র ইনিংসে টেরি অল্ডারম্যানের বলে শূন্য রানে বিদেয় নেন। এছাড়াও, ০/২০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ায় ও ১-০ ব্যবধানে স্বাগতিক দল সিরিজ জয় করে নেয়। পরবর্তীতে, এটিই তাঁর একমাত্র টেস্টে পরিণত হন।
ক্রিকেট খেলা থেকে চলে এসে আম্পায়ারিত্বের দিকে ধাবিত হন। ৫টি টেস্ট, ৪৩টি ওডিআই ও ৪টি টি২০আই পরিচালনা করেছেন। ৮ অক্টোবর, ২০১২ তারিখে এসএলসি ও পিসিবি আম্পায়ার হিসেবে তাঁর দূর্নীতির বিষয়ে অভিযোগ আনে। ১৪ এপ্রিল, ২০১৩ তারিখে পিসিবি থেকে চার বছরের জন্যে নিষেধাজ্ঞার কবলে পড়েন।
