৩ জুন, ১৯৯৬ তারিখে চট্টগ্রামে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। বাংলাদেশের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
‘রাব্বি’ ডাকনামে পরিচিত। এছাড়াও, ‘ইয়াসির আলী রাব্বি’ নামে পরিচিতি পেয়েছেন। ২০১৪ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ২০১২ সাল থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর বাংলাদেশী ক্রিকেটে চট্টগ্রাম বিভাগ ও বেক্সিমকো ঢাকার প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, আবাহনী লিমিটেড, কুমিল্লা ওয়ারিয়র্স ও খুলনা টাইগার্সের পক্ষে খেলেছেন। ১ ডিসেম্বর, ২০১২ তারিখে চট্টগ্রামে অনুষ্ঠিত বরিশাল বিভাগ বনাম চট্টগ্রামের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। লিস্ট-এ ক্রিকেটে আবাহনী লিমিটেডের পক্ষাবলম্বন করছেন।
২০২১ সাল থেকে বাংলাদেশের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশগ্রহণ করছেন। ২০২১-২২ মৌসুমে নিজ দেশে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। ২৬ নভেম্বর, ২০২১ তারিখে চট্টগ্রামে অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ৪ ও ৩৬ রান সংগ্রহ করেন। খেলায় সফরকারীরা ৮ উইকেটে জয় পেয়ে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
২০২১-২২ মৌসুমে মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশী দলের সদস্যরূপে নিউজিল্যান্ড সফরে যান। ১১ জানুয়ারি, ২০২২ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সন্ধান পান। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৩৬ রান অতিক্রম করেন। খেলায় তিনি ৫৫ ও ২ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। প্রতিপক্ষীয় অধিনায়ক টম ল্যাথামের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে স্বাগতিকরা ইনিংস ও ১১৭ রানে জয় পেলে সিরিজটি অমিমাংসিত অবস্থায় শেষ হয়।
একই মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশী দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ১৯ মার্চ, ২০২২ তারিখে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের অবিস্মরণীয় জয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
৩১ মার্চ, ২০২২ তারিখে ডারবানে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ২২ ও ৫ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, কেশব মহারাজের অনবদ্য বোলিং সাফল্যে সফরকারীরা ২২০ রানে পরাজিত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে যায়।
১৪ জুন, ২০২২ তারিখে সিডব্লিউআই সভাপতি একাদশের বিপক্ষে প্রস্তুতিমূলক খেলায় অংশ নেন। তবে, আঘাতের কবলে পড়লে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠের বাইরে অবস্থান করেন। ২৩ জুন, ২০২২ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই ও টি২০আই দল থেকে বাদ পড়েন।
২০২২-২৩ মৌসুমে নিজ দেশে কেএল রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ১৪ ডিসেম্বর, ২০২২ তারিখে চট্টগ্রামে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। ৪ ও ৫ রান সংগ্রহ করতে সমর্থ হন। সফরকারী দল ১৮৮ রানে জয় তুলে নেয় ও দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
