২২ মে, ১৮৭৯ তারিখে ভিক্টোরিয়ার কাইনটন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে মাঝারিসারিতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম কিংবা লেগ-ব্রেক বোলিং করতেন। অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
তাসমানীয় বংশোদ্ভূত কেরাণী ও পরবর্তীতে আইনজীবি পিতা জন আন্দ্রেওয়ার্থা আর্মস্ট্রং ও মাতা অ্যামেলিয়া মেরি দম্পতির সন্তান ছিলেন। সেন্ট কিল্ডাভিত্তিক কামলোডেন কলেজে অধ্যয়ন শেষে আর্মাডেলভিত্তিক ইউনিভার্সিটি কলেজে পড়াশুনো করেন। ১.৯১ মিটার উচ্চতার অধিকারী ছিলেন। বিদ্যালয় জীবনেই ক্রিকেট খেলায় দক্ষতার স্বাক্ষর রাখেন। ফলশ্রুতিতে, দ্রুত সাউথ মেলবোর্ন ও মেলবোর্নের ক্লাবে অন্তর্ভুক্ত হন। এছাড়াও, সাউথ মেলবোর্নের পক্ষে ফুটবল খেলতেন। এছাড়াও, প্রতিশ্রুতিশীল অস্ট্রেলীয় রুলস ফুটবলার হিসেবে ১৮৯৯ ও ১৯০০ সালে সাউথ মেলবোর্নের পক্ষে ২০ খেলায় অংশ নিয়েছিলেন। পরবর্তীতে ক্রিকেটের দিকে মনোনিবেশ ঘটান।
‘বিগ শিপ’ ডাকনামে পরিচিত ওয়ারউইক আর্মস্ট্রং বিশাল দেহের অধিকারী ছিলেন। ১৩৩ কেজি ওজন ছিল তাঁর। তবে, তিনি তাঁর সময়কালে ঠিকই অন্যতম সেরা অল-রাউন্ডারের মর্যাদা পেয়েছিলেন। সর্বোচ্চ আসরের ক্রিকেটে দৈত্যের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ১৮৯৮-৯৯ মৌসুম থেকে ১৯২১-২২ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন।
১৯০২ থেকে ১৯২১ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বমোট ৫০ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯০১-০২ মৌসুমে নিজ দেশে আর্চি ম্যাকলারিনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১ জানুয়ারি, ১৯০২ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। রেজি ডাফের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ৪* ও ৪৫* রান সংগ্রহ করেন। এছাড়াও, ০/৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ২২৯ রানে জয় তুলে নিয়ে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে সমতায় ফেরে।
একই সফরের ১৪ ফেব্রুয়ারি, ১৯০২ তারিখে সিডনির এসসিজিতে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৫৫ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ০/৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ৭ উইকেটে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়।
এরপর, ২৮ ফেব্রুয়ারি, ১৯০২ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৭* ও ২০ রান সংগ্রহ করেছিলেন। সফরকারীরা ৩২৩ রানে পরাজিত হলে ৪-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯০২ সালে জো ডার্লিংয়ের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ১১ আগস্ট, ১৯০২ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ১৭ ও ২১ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। পাশাপাশি, ১/২৮ লাভ করেন। সফরকারীরা ১ উইকেটে পরাজিত হলেও ২-১ ব্যবধানে সিরিজ জয় করে নেয়।
১৯০২-০৩ মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে জো ডার্লিংয়ের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ১১ অক্টোবর, ১৯০২ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগতভাবে সফল ছিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৫৫ রান অতিক্রম করেন। খেলায় তিনি ১১ ও ৫৯ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৮৮ ও ২/২৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ১৮ অক্টোবর, ১৯০২ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। এ পর্যায়ে শুরু থেকে শেষ পর্যন্ত খেলে অপরাজিত অবস্থায় মাঠ ত্যাগ করেন। কয়েকবার ব্যক্তিগত সফলতার সন্ধান পান। দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৫৯ রান অতিক্রম করেন। এ পর্যায়ে টেস্টে নিজস্ব প্রথম শতক হাঁকান। এছাড়াও, ১২৫ রানে পৌঁছানোকালে টেস্টে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি ৪৯ ও ১৫৯* রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। পাশাপাশি, ০/১৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ১৫৯ রানে পরাজিত হলে স্বাগতিকরা তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
১৯০৫ সালে জো ডার্লিংয়ের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ২৪ জুলাই, ১৯০৫ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি ২৯ ও ৯ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৯৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ঐ টেস্টে সফরকারীরা ইনিংস ও ৮০ রানে পরাজয়বরণ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
১৯০৯ সালে মন্টি নোবেলের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ২৭ মে, ১৯০৯ তারিখে বার্মিংহামে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ড দলের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ২৪ ও ০ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৫/২৭ ও ০/২৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ১০ উইকেটে জয়লাভ করে সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ১ জুলাই, ১৯০৯ তারিখে লিডসে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ২১ ও ৪৫ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৩৩ ও ০/৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ১২৬ রানে জয়লাভ করলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
১৯১০-১১ মৌসুমে নিজ দেশে পার্সি শারওয়েলের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ১৭ ফেব্রুয়ারি, ১৯১১ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। ব্যাট হাতে নিয়ে ৪৮ ও ১৩২ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ০/২৫ ও ০/১৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ৫৩০ রানের বিশাল ব্যবধানে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়।
১৯১১-১২ মৌসুমে নিজ দেশে জনি ডগলাসের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১৫ ডিসেম্বর, ১৯১১ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৬০ ও ২৮ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। পাশাপাশি, বল হাতে নিয়ে ০/২৮ ও ০/৩৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ১৪৬ রানে জয়লাভ করলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
১৯০২, ১৯০৫, ১৯০৯ ও ১৯২১ – এ চারবার ইংল্যান্ড গমন করেন। তন্মধ্যে, শেষের সফরটিতে দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। তবে, ১৯১২ সালের সফরে ‘বিগ সিক্সের’ অন্যতম হিসেবে ইংল্যান্ড সফরে যেতে অস্বীকৃতিজ্ঞাপন করেন। ইংল্যান্ডের বিপক্ষে চারটি শতকের তিনটি ১৯২০-২১ মৌসুমে করেন। সিডনিতে ১৫৮, মেলবোর্নে অপরাজিত ১২৩ ও অ্যাডিলেডে ১২১ রানের ইনিংস খেলেন। ১৯০৯ সালে লর্ডস টেস্টে ব্যক্তিগত সেরা ৬/৩৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এর পূর্বেকার বার্মিংহাম টেস্টে ৫/২৭ পেয়েছিলেন।
১৯২০-২১ মৌসুমে নিজ দেশে জে. ডব্লিউ. এইচ. টি. ডগলাসের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১১ ফেব্রুয়ারি, ১৯২১ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করেছিলেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি একবার মাঠে নেমে ১২৩* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ঐ খেলায় সফরকারীরা ৮ উইকেটে পরাজিত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
১৯২১ সালে অজি দলকে নেতৃত্ব দিয়ে ইংল্যান্ড গমন করেন। ২৮ মে, ১৯২১ তারিখে নটিংহামের ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ১১ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/০ ও ০/৩৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ১০ উইকেটে পরাজয়বরণ করলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ১৩ আগস্ট, ১৯২১ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ১৯ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৪৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে স্বাগতিকরা ৩-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
১৯২২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। টেস্টগুলো থেকে ৩৮.৬৮ গড়ে ২৮৬৩ রান ও ৩৩.৫৯ গড়ে ৮৭ উইকেট দখল করেছেন। এছাড়াও, প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৪৫ শতক সহযোগে ৪৬-এর অধিক গড়ে ১৬১৫৮ রান ও ১৯.৭১ গড়ে ৮৩২ উইকেট দখল করেছিলেন। ১৯২৭ সাল পর্যন্ত মেলবোর্নের পক্ষে খেলা চলমান রাখেন।
১৯০৩ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন। ৯ ডিসেম্বর, ১৯৮৬ তারিখে সাউথ অস্ট্রেলিয়া হল অব ফেমে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০০ সালের শুরুতে তাঁকে অস্ট্রেলীয় ক্রিকেট হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়। ১৯০০ সালে এমসিসি’র কেরাণী হিসেবে যোগ দেন। খেলোয়াড়ী জীবন থেকে অনেকগুলো বছর মেলবোর্ন ক্রিকেট ক্লাবের প্যাভিলিয়ন ক্লার্ক হিসেবে কাজ করেছেন। ১৯২২ সালে ক্লাবের আজীবন সদস্যরূপে মনোনীত হন। ১৯২৬-২৭ মৌসুম থেকে ১৯২৮-২৯ মৌসুম এবং ১৯৩১-৩২ মৌসুম থেকে ১৯৩৪-৩৫ মৌসুম পর্যন্ত কমিটিতে যুক্ত ছিলেন। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর স্কচ-হুইস্কির প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এছাড়াও, সিডনির সংবাদপত্রে ক্রিকেটবিষয়ক প্রতিবেদন লিখতেন। ১৩ জুলাই, ১৯৪৭ তারিখে নিউ সাউথ ওয়েলসের ডার্লিং পয়েন্ট এলাকায় ৬৮ বছর ৫২ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
