৫ ফেব্রুয়ারি, ১৮৮৯ তারিখে ল্যাঙ্কাশায়ারের রো গ্রীন এলাকায় জন্মগ্রহণকারী পেশাদার ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন তিনি। ১৯২০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
অত্যন্ত সুপরিচিত ল্যাঙ্কাশায়ারীয় ক্রিকেট পরিবারে তাঁর জন্ম। জনি টিল্ডসলে’র কনিষ্ঠ ভ্রাতা তিনি। দাঁড়ানোর ভঙ্গীমা ও অনিন্দ্যসুন্দর স্ট্রোকপ্লে প্রদর্শন করতেন। পাশাপাশি প্রতিপক্ষীয় বোলারদের প্রবল হতাশার কারণ হয়ে দাঁড়াতেন। পরিবর্তিত উইকেটে নিজেকে মেলে ধরতেন ও তাঁর ব্যাটিংয়ের ধরনও অনেকাংশে তাঁর শান্ত প্রকৃতি ও ধৈর্য্যশীলতার ন্যায় উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে মিল রেখে গড়ে উঠেছিল।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ার দলের প্রতিনিধিত্ব করেছেন। ১৯০৯ থেকে ১৯৩৬ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ল্যাঙ্কাশায়ারের অন্যতম তারকা খেলোয়াড়ের মর্যাদা পান। ৩৪২২২ রান তুলে কাউন্টির ইতিহাসে ল্যাঙ্কাশায়ারের সর্বাধিক রান সংগ্রহের কৃতিত্বে অধিকারী। বর্ণাঢ্যময় খেলোয়াড়ী জীবনে একমাত্র ল্যাঙ্কাশায়ারীয় ব্যাটসম্যান হিসেবে শতাধিক প্রথম-শ্রেণীর শতরানের ইনিংস খেলেছেন। ১৯০৯ সালের শুরুতে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটলেও কেবলমাত্র প্রথম বিশ্বযুদ্ধের পরই নিজের প্রকৃত ক্রীড়াশৈলী প্রদর্শনে অগ্রসর হন। তবে, খেলোয়াড়ী জীবনের শুরুটা ধীরলয়ে সম্পন্ন হয়েছিল। তাসত্ত্বেও বিস্ময়করভাবে খেলোয়াড়ী জীবন শেষে প্রায় চল্লিশ হাজার প্রথম-শ্রেণীর রান সংগ্রহ করেছিলেন।
১৯২১ থেকে ১৯২৯ সাল পর্যন্ত সব মিলিয়ে ইংল্যান্ডের পক্ষে ১৪ টেস্টে অংশগ্রহণ করেছিলেন। ৩২ বছর বয়সে প্রথমবারের মতো ইংল্যান্ড দলে খেলার সুযোগ পান। আট বছরব্যাপী টেস্ট খেলোয়াড়ী জীবন অতিবাহিত করলেও অংশগ্রহণকৃত টেস্টগুলো থেকে তিনটি শতক সহযোগে ৫৫.০০ গড়ে রান পেয়েছেন।
১৯২১ সালে নিজ দেশে ওয়ারউইক আর্মস্ট্রংয়ের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২৮ মে, ১৯২১ তারিখে নটিংহামের ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ডোনাল্ড নাইট, পার্সি হোমস, টিচ রিচমন্ড ও ভ্যালেন্স জাপের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ০ ও ৭ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রে জ্যাক গ্রিগরি’র শিকারে পরিণত হয়েছিলেন। ১০ উইকেটে পরাজয়বরণ করলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
একই সফরের ১৩ আগস্ট, ১৯২১ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৩৯ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে স্বাগতিকরা ৩-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯২৭-২৮ মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে রনি স্ট্যানিফোর্থের নেতৃত্বাধীন এমসিসি দলের অন্যতম সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা গমন করেন। ২৪ ডিসেম্বর, ১৯২৭ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। কয়েকবার ব্যক্তিগত সফলতার ছাঁপ রাখেন। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৮১ রান অতিক্রম করেন। এ পর্যায়ে টেস্টে নিজস্ব প্রথম শতক হাঁকান। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ১২২ রান সংগ্রহ করেছিলেন। সফরকারীরা ১০ উইকেটে জয় পায়।
২১ জানুয়ারি, ১৯২৮ তারিখে ডারবানে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সন্ধান পান। প্রথম ইনিংসে ৭১ রানে পৌঁছানোকালে টেস্টে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি ৭৮ ও ৬২* রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে সফরকারীরা ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
এরপর, ৪ ফেব্রুয়ারি, ১৯২৮ তারিখে ডারবানে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১০০ ও ২১ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ০/২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ৮ উইকেটে পরাজয়বরণ করলে ২-২ ব্যবধানে সিরিজটি শেষ করে।
১৯২৮-২৯ মৌসুমে পার্সি চ্যাপম্যানের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ৮ মার্চ, ১৯২৯ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ৩১ ও ২১ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ৫ উইকেটে জয় পেলেও ৪-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
৪০ বছর বয়সে অবসর গ্রহণকালীন ৫৫ গড়ে রান তুলেছিলেন। ঐ সময়ে এটিই যে-কোন খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ ছিল। ১৯৩৬ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। ১০২টি শতক সহযোগে ৪৫.৪৬ গড়ে ৩৮৮৭৪ রান তুলেছিলেন। ল্যাঙ্কাশায়ারের পক্ষে খেলাকালীন সর্বাধিক ৫৭৩ খেলায় অংশগ্রহণ, ৯০টি শতক ও সর্বাধিক রান সংগ্রহের কৃতিত্বের অধিকারী। আঠারো মৌসুমে সহস্র রানের মাইলফলক স্পর্শ করেছেন। তন্মধ্যে, ১৯২৮ সালে ৩০২৪ রান তুলেছিলেন।
প্রথম পেশাদার খেলোয়াড় হিসেবে ল্যাঙ্কাশায়ার কমিটিতে যুক্ত হয়েছিলেন। ৫ মে, ১৯৬২ তারিখে ওয়েলসের রোস-অন-সী এলাকায় অবস্থিত নিজ গৃহে ৭৩ বছর ৮৯ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। ২০২১ সালে ল্যাঙ্কাশায়ারের ক্রিকেট হল অব ফেমে অন্তর্ভুক্ত হন।
