২৪ জুলাই, ১৯১৭ তারিখে নিউ সাউথ ওয়েলসের উপকূলীয় ম্যাক্সভিল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
সিডনির বিদ্যালয়ে অধ্যয়ন করেন। এরপর, হান্টার্স হিলের সেন্ট যোসেফস কলেজে পড়াশুনো করেন। স্ট্যান ম্যাককাবে’র সাথে বিদ্যালয়ের অন্যতম সেরা ক্রিকেটারের মর্যাদা পান। ১৯৪৩-৪৪ মৌসুমে সিডনি গ্রেড ক্রিকেটে প্রথম খেলেন। এ পর্যায়ে ১৯৪৩ সালে প্রথম গ্রেডের প্রিমিয়ারশীপের শিরোপা বিজয়ী মারিকভিল সিসি’র পক্ষে যোগ দেন। দলের ইনিংস উদ্বোধনে নামতেন। দলের শীর্ষ ব্যাটসম্যান হিসেবে ৫৪১ রান তুলেন। তন্মধ্যে, কাম্বারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ১০৪ রান তুলেছিলেন। বিল ব্রাউন ও রন স্যাগার্সের পর ক্লাবের সেরা ব্যাটসম্যানের মর্যাদা পান। তাঁরা প্রত্যেকেই অস্ট্রেলিয়ার পক্ষে টেস্টে শতক হাঁকিয়েছেন।
১৯৪৫-৪৬ মৌসুম থেকে ১৯৫১-৫২ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিত্ব করেছেন।
১৯৪৯ থেকে ১৯৫২ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে সাতটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৪৯-৫০ মৌসুমে লিন্ডসে হ্যাসেটের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা গমন করেন। ২৪ ডিসেম্বর, ১৯৪৯ তারিখে জোহানেসবার্গের এলিস পার্কে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। অভিষেক ঘটা ঐ টেস্টে তেমন সুবিধে করতে পারেননি। শূন্য রানে রান-আউটে বিদেয় নিয়েছিলেন। সফরকারীরা ইনিংস ও ৮৫ রানে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
তবে, সফরের শেষদিকে একই মাঠে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অপূর্ব ক্রীড়াশৈলী প্রদর্শনে অগ্রসর হন। উভয় ইনিংসেই জোড়া শতক হাঁকানোর গৌরব অর্জন করেন। কয়েকবার ব্যক্তিগত সাফল্যের ছাঁপ রাখেন। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৮৭ রান অতিক্রম করেন। এ পর্যায়ে তিনি টেস্টে নিজস্ব প্রথম শতক হাঁকান। খেলায় তিনি ১১৮ ও অপরাজিত ১০১ রান তুলেছিলেন। প্রথম ইনিংসে আর্থার মরিসের (১১১) সাথে ইনিংস উদ্বোধনে নেমে ২১৪ রানের জুটি দাঁড় করান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি সেরা হিসেবে রয়েছে। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও সফরকারীরা ৩-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যায়। ঐ সফরে তিনি ছয় শতক সহযোগে ১৪৮৭ রান সংগ্রহ করেছিলেন। দৃশ্যতঃ আর্থার মরিসের সাথে দীর্ঘদিন উদ্বোধনী সঙ্গী হিসেবে চিত্রিত হয়েছিলেন।
১৯৫০-৫১ মৌসুমে নিজ দেশে ফ্রেডি ব্রাউনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১ ডিসেম্বর, ১৯৫০ তারিখে ব্রিসবেনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। নিশ্চল উইকেটে ট্রেভর বেইলি’র বলে জোড়া শূন্য লাভ করেন। সফরকারীরা ৭০ রানে পরাভূত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
এরপর তিনি বাদ পড়েন। তবে, এনএসডব্লিউ’র পক্ষে দূর্দান্ত খেলা প্রদর্শন করলে এরপর আর একটিমাত্র টেস্ট খেলার সুযোগ পান। ১৯৫১-৫২ মৌসুমে নিজ দেশে জন গডার্ডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ৩১ ডিসেম্বর, ১৯৫১ তারিখ থেকে শুরু হওয়া মেলবোর্নে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। ২৬ ও ৫ রান সংগ্রহ করে উভয় ইনিংসে লেগ-স্পিনার সনি রামাদিনের বলে লেগ বিফোরে বিদেয় নেন। নাটকীয়ভাবে ১ উইকেটে জয় পেলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। ববি নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন। এ দম্পতির দুই পুত্র ও দুই কন্যা ছিল। দুই বোন মঠবাসিনী। ১ জুলাই, ১৯৯৯ তারিখে নিউ সাউথ ওয়েলসের অরেঞ্জ এলাকায় ৮১ বছর ৩৪২ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
