৪ ডিসেম্বর, ১৯১৫ তারিখে ভিক্টোরিয়ার নর্থ কার্লটন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
প্রচলিত রয়েছে যে, কিথ মিলারের চেয়েও তিনি অধিকতর নিখুঁত মানসম্পন্ন বোলিং করতেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ১৯৪৫-৪৬ মৌসুম থেকে ১৯৪৯-৫০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন।
১৯৪৬ সালে অস্ট্রেলিয়ার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৪৬-৪৭ মৌসুমে নিজ দেশে ওয়ালি হ্যামন্ডের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১৩ ডিসেম্বর, ১৯৪৬ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ড দলের বিপক্ষে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলার জন্যে তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়। গুটিবসন্তে আক্রান্ত হবার ফলে শীর্ষস্থানীয় অস্ট্রেলীয় ফাস্ট বোলার রে লিন্ডওয়ালের স্থলাভিষিক্ত হয়েছিলেন। সিরিল ওয়াশব্রুককে এক রানে বিদেয় করেন। জ্যাক ইকিন ও ডন ব্র্যাডম্যানের কটে পরিণত হওয়া ডেনিস কম্পটনের উইকেট পান। একবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে ২৮ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। ঐ খেলায় স্বাগতিক দল ইনিংস ও ৩৩ রানে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।
ক্রিকেটের পাশাপাশি অস্ট্রেলীয় রুলস ফুটবলে সিদ্ধহস্তের অধিকারী ছিলেন। ভিক্টোরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনে ইয়ারাভিলের পক্ষে অস্ট্রেলীয় রুলস ফুটবলে অংশ নিয়েছেন। ২ ডিসেম্বর, ১৯৯৮ তারিখে ভিক্টোরিয়ার মেলবোর্নে ৮২ বছর ৩৩৩ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
