২২ আগস্ট, ১৯২৩ তারিখে জ্যামাইকার রলিংটন টাউন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
আগ্রাসী ব্যাটিংশৈলীর অধিকারী ছিলেন। তবে, মাঝারিসারিতে থ্রী ডব্লিউজের পাকাপোক্ত অবস্থানের কারণে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণে বাঁধার প্রাচীর হয়ে দাঁড়ায় ও তাঁর অংশগ্রহণ সীমিত হয়ে পড়ে। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে জ্যামাইকা এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে এসেক্সের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৪৬ থেকে ১৯৫৮ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন।
১৯৪৮ থেকে ১৯৫১ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৪৭-৪৮ মৌসুমে গাবি অ্যালেনের নেতৃত্বাধীন সফরকারী এমসিসি দলের বিপক্ষে জ্যামাইকার সদস্যরূপে ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেন। দারুণ ক্রীড়াশৈলী প্রদর্শনের সুবাদে দল নির্বাচকমণ্ডলীর দৃষ্টিগোচরে আসেন। সিরিজের চূড়ান্ত টেস্টে তাঁকে দলে নেয়া হয়। ২৭ মার্চ, ১৯৪৮ তারিখে কিংস্টনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্ট খেলেন। হাইন্স জনসন ও এসমন্ড কেন্টিসের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৬৭ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ১০ উইকেটে জয় পেলে ২-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
এরপর, ১৯৪৮-৪৯ ভারত সফরে দলের সাথে শেষ মুহূর্তে যুক্ত হন। তবে, টাইফয়েডে আক্রান্ত হলে টেস্ট খেলার সুযোগ পাননি। এ সফরে ৩৩.৬৭ গড়ে ৩৩০ রান তুলেছিলেন। তন্মধ্যে, পুনায় পশ্চিমাঞ্চলের বিপক্ষে ৯৯ রানে রান-আউটে বিদেয় নেন। ১৯৫১-৫২ মৌসুমে দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। ১৯৫০ সালে ইংল্যান্ড সফরে গমন করা থেকে উপেক্ষিত হন।
মার্চ, ১৯৫১ সালে কিংস্টনে ব্রিটিশ গায়ানার বিপক্ষে ব্যক্তিগত সেরা ১৯৫ রান তুলেন। এরফলে, পরবর্তী শীতকালে অস্ট্রেলিয়া গমনের জন্যে মনোনীত হন। আবারও তিনি ব্যর্থতার পরিচয় দেন। সব মিলিয়ে এ সফরে ২০.৪১ গড়ে ২৪৫ রান তুলেন। কেবলমাত্র সিরিজের চতুর্থ টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। এ সফরে তাঁর দল ৪-১ ব্যবধানে সিরিজ জয় করে।
১৯৫১-৫২ মৌসুমে জন গডার্ডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ৩১ ডিসেম্বর, ১৯৫১ তারিখ থেকে শুরু হওয়া মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৫ ও ২২ রান সংগ্রহ করেছিলেন। নাটকীয়ভাবে ১ উইকেটে পরাজয়বরণ করলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।
এক পর্যায়ে ইংল্যান্ডে পেশাদার লীগে অংশ নেন। এখানে আরও দুইটি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেন। ১৯৫২ সালে কিংস্টন-আপোন-টেমসে অনুষ্ঠিত কমনওয়েলথ একাদশের সদস্যরূপে ইংল্যান্ড একাদশের বিপক্ষে খেলেন। খেলায় তিনি ৬৯ ও অপরাজিত ২৬ রান তুলেন। এরপর, ১৯৫৩ সালে আঘাতে জর্জড়িত এসেক্স দলের সদস্যরূপে কমনওয়েলথ একাদশের বিপক্ষে খেলে ১২ ও ১৩ রান তুলেন। সফরকারী দলের ক্লাইড ওয়ালকটের ১১৫ রান সংগ্রহ সত্ত্বেও তাঁর দল জয় পায়।
১৯৫৩-৫৪ মৌসুমে নিজ দেশে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য জনসাধারণের আর্থিক সহায়তায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। জ্যামাইকার সদস্যরূপে লেন হাটনের নেতৃত্বাধীন এমসিসি দলের বিপক্ষে প্রথম খেলায় ৭৫ ও ৩৫ রান তুললেও দ্বিতীয় খেলায় ০ ও ১ রান তুললে দল নির্বাচকমণ্ডলী মুখ ফিরিয়ে নেয়। সব মিলিয়ে প্রথম-শ্রেণীর খেলাগুলো থেকে ৩৮.৯৬ গড়ে ২০৬৫ রান তুলেছিলেন।
২১ আগস্ট, ১৯৯৫ তারিখে জ্যামাইকার কিংস্টনে ৭২তম জন্মদিন উদযাপনের একদিন পূর্বে তাঁর দেহাবসান ঘটে।
