২৬ আগস্ট, ১৯৭০ তারিখে কেপ প্রভিন্সের ইস্ট লন্ডন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। বামহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৯০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
ক্রমাগত ভীতিদায়ক বাউন্সারে প্রতিপক্ষের মনোবল ভেঙ্গে দিতে তাঁর জুড়ি মেলা ভার ছিল। সম্ভবতঃ সবচেয়ে বেশী ওজন ১০০ কেজি নিয়ে ফাস্ট বোলিং করতেন। সাধারণ কর্মদিবসে ১২ থেকে ১৫ লিটার জল গ্রহণ করেন। খেলাকালীন আরও বেশী ছিল। প্রত্যেক ওভার শেষে ৫০০ মিলিটারের বোতল ব্যবহার করতেন। ছাত্রজীবনের দিনগুলোয় ক্রিকেটের চেয়ে রাগবি খেলোয়াড় হিসেবেই নিজেকে অধিক চিত্রিত করেছিলেন। কিশোর বয়সে রাগবিতে বেশ দক্ষতার পরিচয় দেন ও ১৪ বছর বয়স পর্যন্ত খেলেন। ১৯৮৯-৯০ মৌসুম থেকে ১৯৯৭-৯৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ইস্টার্ন প্রভিন্স, গটেং ও ওয়েস্টার্ন প্রভিন্সের প্রতিনিধিত্ব করেছেন।
১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে নয়টিমাত্র টেস্ট ও একটিমাত্র ওডিআইয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৯২ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতাকে ঘিরে ২০-সদস্যের প্রাথমিক তালিকায় তাঁকে ঠাঁই দেয়া হলেও মূল দলে রাখা হয়নি।
১৯৯২-৯৩ মৌসুমে নিজ দেশে মোহাম্মদ আজহারউদ্দীনের নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। মার্চ, ১৯৭০ সালের পর নিজ দেশে এটি দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট খেলা ছিল। ২২ বছর বয়সে নভেম্বর, ১৯৯২ তারিখে ডারবানে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। জিমি কুক, ব্রায়ান ম্যাকমিলান, জন্টি রোডস ও ওমর হেনরি’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। অজয় জাদেজাকে বিদেয় করে নিজস্ব প্রথম উইকেটের সন্ধান পান। এছাড়াও উইকেটটি নিষেধাজ্ঞা পরবর্তী সময়ের প্রথম উইকেট ছিল। খেলায় তিনি ১/২৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে শূন্য রানে অপরাজিত ছিলেন। প্রবীণ আম্রে’র অসাধারণ শতকে খেলাটি ড্রয়ের দিকে গড়ালে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে। একই সফরের ৯ ডিসেম্বর, ১৯৯২ তারিখে জিকিবার্হায় একমাত্র ওডিআইয়ে অংশ নেন।
১৯৯৩ সালে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টেস্ট খেলেন। ঐ বছর কেপলার ওয়েসেলসের নেতৃত্বাধীন স্প্রিংবকের সাথে শ্রীলঙ্কা গমন করেন। পুরো সিরিজে দূর্দান্ত খেলেন। ২৫ আগস্ট, ১৯৯৩ তারিখে মোরাতুয়ায় অনুষ্ঠিত স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের ছাঁপ রাখেন। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে পিবি দাসানায়াকেকে বিদেয় করে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বেকার সেরা ছিল ২/৩৭। খেলায় তিনি ৪/৭৫ ও ২/৮২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে রুয়ান কালপেগে’র শিকারে পরিণত হন। প্রতিপক্ষীয় অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা’র অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
এরপর, ৬ সেপ্টেম্বর, ১৯৯৩ তারিখে কলম্বোর এসএসসিতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। দূর্দান্ত ক্রীড়া নৈপুণ্যের স্বাক্ষর রাখেন। ৫/৪৮ ও ৪/৫৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, দলের একমাত্র ইনিংসে ৬ রান সংগ্রহ করেছিলেন। তাঁর অসাধারণ বোলিংশৈলীর কল্যাণের সফরকারীরা ইনিংস ও ২০৮ রানে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।
একই সফরের ১৪ সেপ্টেম্বর, ১৯৯৩ তারিখে কলম্বোর পিএসএসে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ৫/৬৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, ড্যারিল কালিনানের অসাধারণ শতকের কল্যাণে খেলাটি ড্রয়ের দিকে গড়ালে স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। এ সিরিজে ২০ উইকেট দখল করে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পান।
শ্রীলঙ্কা সফরেই অধিক সফল ছিলেন। নিস্তেজ উইকেটে বোলিং করে পুরো সিরিজে ২০ উইকেট পেয়েছিলেন। দল সিরিজ জয় করে। খেলায় তিনি প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কারে ভূষিত হন। ১৯৯৭ সালে সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দূর্দান্ত খেলেন। খেলা থেকে ছয় উইকেট আদায় করে নেন।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পূর্বেই কেপলার ওয়েসেলসের সান্নিধ্যে অনুপ্রাণিত হন। টেস্টে তেমন সাফল্য পাননি। ক্রমাগত আঘাতের কারণে ২৮ বছর বয়সে এসে খেলোয়াড়ী জীবনের সমাপ্তি রেখা টানতে হয়। ১৯৯৭-৯৮ মৌসুমে হান্সি ক্রোনিয়ে’র নেতৃত্বাধীন স্প্রিংবক দলের সদস্যরূপে পাকিস্তান গমন করেন। ৬ অক্টোবর, ১৯৯৭ তারিখে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। এ টেস্ট চলাকালীন আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেন। মারাত্মক আঘাতের কবলে পড়েন ও অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ১ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৫৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। আজহার মাহমুদের অসাধারণ অল-রাউন্ড নৈপুণ্যে খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
