৩০ সেপ্টেম্বর, ১৯৯৮ তারিখে মোরাতুয়ায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। শ্রীলঙ্কার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
মোরাতুয়াভিত্তিক সেন্ট সেবাস্টিয়ান কলেজে অধ্যয়ন করেছেন। ২০১৮-১৯ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে কোল্টস ক্রিকেট ক্লাব ও মুরস স্পোর্টস ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, জাফনা কিংসের পক্ষে খেলেছেন। ১১ জানুয়ারি, ২০১৯ তারিখে কলম্বোর বার্গারে অনুষ্ঠিত কোল্টস বনাম বার্গারের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
২০২১ সাল থেকে শ্রীলঙ্কার পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২০২১ সালে নিজ দেশে মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশী দলের মুখোমুখি হন। ২৯ এপ্রিল, ২০২১ তারিখে পাল্লেকেলেতে অনুষ্ঠিত সফররত বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করে অভিষেক পর্বকে স্মরণীয় করে রাখেন। ৮ জুন, ২০২১ তারিখে মে মাসের আইসিসি’র মাসের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হন। এ পর্যায়ে তিনি বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৬.১১ গড়ে ১১ উইকেট পেয়েছিলেন। টেস্ট অভিষেকে এটিই যে-কোন শ্রীলঙ্কান বোলারের সেরা সাফল্য হিসেবে পরিগণিত হয়। ৬/৯২ ও ৫/৮৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর এ সাফল্যে শ্রীলঙ্কা দল জয়লাভ করতে সমর্থ হয়। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।
২০২১-২২ মৌসুমে নিজ দেশে ক্রেগ ব্রাদওয়েটের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ২৯ নভেম্বর, ২০২১ তারিখে গলেতে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ২/৫৯ ও ০/২৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে শূন্য রানে অপরাজিত ছিলেন। ধনঞ্জয় ডি সিলভা’র অসাধারণ অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে সফরকারীরা ১৬৪ রানে পরাজয়বরণ করলে ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
২০২২ সালে ডিমুথ করুণারত্নে’র নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের সদস্যরূপে বাংলাদেশ গমন করেন। ২৩ মে, ২০২২ তারিখে ঢাকায় অনুষ্ঠিত স্বাগতিক বাংলাদেশ দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ০/১০৮ ও ০/৪৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নামার সুযোগ পেয়ে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। পাশাপাশি একটি ক্যাচ ও রান-আউটের সাথে নিজেকে জড়ান। তবে, অসিত ফার্নান্দো’র অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে সফরকারীরা ১০ উইকেটে জয় পেলে ১-০ ব্যবধানে সিরিজে জয়লাভ করে।
জুলাই, ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পূর্বে কোভিড-১৯ বৈশ্বিক অতিমারীতে আক্রান্ত হন। এরফলে গলেতে অনুষ্ঠিত ঐ টেস্টে অংশ নিতে পারেননি।
