৩ জুন, ২০০১ পঞ্চগড়ের নাগরডাঙ্গা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। বামহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করেন। এছাড়াও, নিচেরসারিতে বামহাতে ব্যাটিংয়ে নেমে থাকেন। বাংলাদেশের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার অধিকারী। ২০১৫ সালে ভারতের বিপক্ষে সিরিজে মুস্তাফিজুর রহমানের বোলিং টিভির পর্দায় দেখে উজ্জ্বীবিত হন। পরের বছর দিনাজপুরে যাচাই-বাছাইয়ের খেলায় ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমির বোলিং কোচ আলমগীর কবীরের সুনজরে পড়েন। তাঁর কাছ থেকে বোলিং রপ্ত করেন। এক বছরের মধ্যেই রাজশাহীর প্রথম-শ্রেণীর ক্রিকেটারে পরিণত হন।
২০১৭-১৮ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর বাংলাদেশী ক্রিকেটে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষে খেলছেন। ১৫ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে রাজশাহীতে অনুষ্ঠিত সিলেট বিভাগ বনাম রাজশাহী বিভাগের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। ২০১৮ সালে বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে দুইটি সিরিজে অংশ নেন।
অনূর্ধ্ব-১৯ প্রকল্পের আওতায় বোলিং কোচ মাহবুব আলী জাকি তাঁকে মিডিয়াম-পেসার থেকে ফাস্ট বোলারে রূপান্তরিতকরণে অগ্রসর হন। ২০২০ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় বাংলাদেশের শিরোপা বিজয়ে অন্যতম ভূমিকা রাখেন। ঐ প্রতিযোগিতায় তিনি নয় উইকেট দখল করেন। আক্রমণাত্মক ও পেস বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও চূড়ান্ত খেলায় ভারতের বিপক্ষে অপূর্ব ভূমিকা পালন করেন। কোভিড-১৯ বৈশ্বিক অতিমারীর কারণে ২০২০-২১ মৌসুমে দুইটি ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেন।
২০২১ সাল থেকে বাংলাদেশের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। জানুয়ারি, ২০২১ সালে তিন-খেলা নিয়ে গড়া ওডিআই সিরিজ খেলার উদ্দেশ্যে ওয়েস্ট ইন্ডিজ গমন করেন। ২০২০-২১ মৌসুমে মমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশী দলের সাথে শ্রীলঙ্কা সফরে যান। ২৯ এপ্রিল, ২০২১ তারিখে পল্লেকেলেতে অনুষ্ঠিত স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ টেস্টে স্বাগতিকরা ২০৯ রানের ব্যবধানে জয় তুলে নেয় ও দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। একই দলের ফিরতি সফরে ২৫ মে, ২০২১ তারিখে মিরপুরে ওডিআইয়ে প্রথম খেলেন। ২৮ মার্চ, ২০২১ তারিখে হ্যামিল্টনে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০আইয়ে অভিষেক হয়।
২০২২ সালে দলের সাথে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যান। ১১ জুলাই, ২০২২ তারিখে মেহেদী হাসান মিরাজকে সাথে নিয়ে সফরের প্রথম জয়ে দারুণ ভূমিকা রাখেন।
২০২৩-২৪ মৌসুমে নাজমুল হোসেন শান্ত’র অধিনায়কত্বে নিজ দেশে শ্রীলঙ্কা মুখোমুখি হন। দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজের প্রথমটিতে অংশ নেন। ২২ মার্চ, ২০২৪ তারিখে সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১৫ ও ১২ রান সংগ্রহ করেন। পাশাপাশি, বল হাতে নিয়ে ১/৫৯ ও ১/৭৫ লাভ করেন। ঐ টেস্টে তাঁর দল ৩২৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়। ২০২৪-২৫ মৌসুমে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশী দলের সদস্যরূপে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যান। ২২ নভেম্বর, ২০২৪ তারিখে নর্থ সাউন্ডে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৫* ও ১ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৫৩ ও ১/৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, জাস্টিন গ্রিভসের অসাধারণ অল-রাউন্ড সাফল্যে স্বাগতিকরা ২০১ রানে জয়লাভ করলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
