|

নিজাত মাসুদ

৩০ ডিসেম্বর, ১৯৯৮ তারিখে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করে থাকেন। আফগানিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

২০১৭-১৮ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আফগান ক্রিকেটে মিস আইনাক রিজিওনের প্রতিনিধিত্ব করেছেন। ২০ অক্টোবর, ২০১৭ তারিখে কাবুলে অনুষ্ঠিত মিস আইনাক বনাম বন্দ রিজিওনের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটে।

২০২২ সাল থেকে আফগানিস্তানের পক্ষে টেস্ট ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২০২৩ সালে হাশমতউল্লাহ শাহীদি’র অধিনায়কত্বে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশ সফর করেন। ১৪ জুন, ২০২৩ তারিখে মিরপুরে অনুষ্ঠিত স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে বহির শাহকরিম জানাতের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। অভিষেক পর্বটি দারুণ হয়েছিল। পাঁচ-উইকেট লাভ করেন তিনি। খেলায় তিনি ৫/৭৯ ও ০/৮৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ০ ও ৪* রান সংগ্রহ করেছিলেন। ঐ টেস্টে স্বাগতিক দল ৫৪৬ রানের সুবিশাল ব্যবধানে জয়লাভ করে।

২০২৩-২৪ মৌসুমে হাশমতউল্লাহ শাহীদি’র নেতৃত্বাধীন আফগানিস্তান দলের সাথে সংযুক্ত আরব আমিরাত গমন করেন। ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে আবুধাবির টলারেন্স ওভালে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হন। খেলায় তিনি মোটেই সুবিধে করতে পারেননি। বল হাতে নিয়ে ১/৩৮ ও ১/২৭ পান। এছাড়াও, ব্যাট হাতে জোড়া শূন্য লাভ করেন। ঐ টেস্টে তাঁর দল ৬ উইকেটে পরাজিত হয়।

এরপূর্বে, ২০২৩-২৪ মৌসুমে হাশমতউল্লাহ শাহীদি’র নেতৃত্বাধীন আফগান দলের সাথে শ্রীলঙ্কা গমন করেন। ২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে কলম্বোয় (এসএসসি) অনুষ্ঠিত স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নিলেও তেমন ভালো খেলেননি। বল হাতে নিয়ে ২/৭৬ ও ০/৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে ১২ ও ০ রানের সন্ধান পেয়েছিলেন। প্রভাত জয়সুরিয়া’র অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে ঐ খেলায় স্বাগতিক দলের কাছে ১০ উইকেটে পরাজয়বরণ করে।

সম্পৃক্ত পোস্ট