|

বহির শাহ

২১ ফেব্রুয়ারি, ২০০০ তারিখে কুনার এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিং করেন। আফগানিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

২০১৭-১৮ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আফগান ক্রিকেটে কুনার প্রভিন্স ও স্পিন গড় রিজিওনের প্রতিনিধিত্ব করেছেন। ২০ অক্টোবর, ২০১৭ তারিখে আমানুল্লায় অনুষ্ঠিত স্পিন গড় বনাম অ্যামো রিজিওনের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।

২০২৩ সাল থেকে আফগানিস্তানের পক্ষে টেস্ট খেলছেন। ২০২৩ সালে হাশমতউল্লাহ শাহীদি’র অধিনায়কত্বে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশ সফর করেন। ১৪ জুন, ২০২৩ তারিখে মিরপুরে অনুষ্ঠিত স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে নিজাত মাসুদ ও করিম জানাতের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। দ্বিতীয় ইনিংসে হাশমতউল্লাহ শাহীদি’র পরিবর্তে স্থলাভিষিক্ত অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ব্যাটিংয়ে নেমে ৭ রান সংগ্রহ করেছিলেন। ঐ টেস্টে স্বাগতিক দল ৫৪৬ রানের সুবিশাল ব্যবধানে জয়লাভ করে।

২০২৫-২৬ মৌসুমে হাশমতউল্লাহ শাহীদি’র নেতৃত্বাধীন আফগান দলের সদস্যরূপে জিম্বাবুয়ে গমন করেন। ২০ অক্টোবর, ২০২৫ তারিখে হারারেতে অনুষ্ঠিত স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১২ ও ৩২ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রে ব্লেসিং মুজারাবানি’র শিকারে পরিণত হয়েছিলেন। তবে, বেন কারেনের অসাধারণ ১২১ রানের কল্যাণে খেলায় সফরকারীরা ইনিংস ও ৭৩ রানে পরাজয়বরণ করে।

সম্পৃক্ত পোস্ট