৩ সেপ্টেম্বর, ১৯৪৪ তারিখে সারের আর্লসফিল্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার অধিকারী জিওফ আর্নল্ড এলিয়ট কম্প্রিহেনসিভ ও পুটনি হিথে অধ্যয়ন করেছেন। উপযোগী উইকেটে প্রাণবন্তঃ সিম বোলিং করতেন। তখন তাঁকে মোকাবেলা করা বেশ দুষ্কর হয়ে পড়তো। উইকেটের উভয় দিক থেকেই কার্যকর লেট আউট-সুইঙ্গার ও বল ঘোরাতে পারতেন। প্রায়শঃই দীর্ঘ উচ্চতাকে কাজে লাগিয়ে বাউন্সার মারতেন। সংক্ষিপ্ত নাম জিজি থাকায় ‘হর্স’ ডাকনামে পরিচিতি লাভ করেন।
১৯৬৩ থেকে ১৯৮২ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে সারে ও সাসেক্স এবং দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে অরেঞ্জ ফ্রি স্টেটের প্রতিনিধিত্ব করেছেন।
১৯৬৭ থেকে ১৯৭৫ সময়কালে সব মিলিয়ে ইংল্যান্ডের পক্ষে ৩৪ টেস্ট ও ১৪টি ওডিআইয়ে অংশ নিয়েছিলেন। ১৯৬৭ সালে নিজ দেশে হানিফ মোহাম্মদের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। ১০ আগস্ট, ১৯৬৭ তারিখে নটিংহামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। অ্যালান নটের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ৩/৩৫ ও ০/৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। একবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১৪ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। স্বাগতিকরা ১০ উইকেটে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
তবে, উপযোগী পরিবেশেই যে সর্বদা সফলতা পেয়েছেন তা নয়। ১৯৭২-৭৩ মৌসুমে টনি লুইসের নেতৃত্বাধীন এমসিসি দলের সাথে ভারত গমন করেন। এ সফরে ১৭.৬৪ গড়ে ১৭ উইকেট দখল করেন। তন্মধ্যে, দিল্লিতে স্বাগতিক ভারতের বিপক্ষে ৬/৪৫ ও ৩/৪৬ নিয়ে ইংল্যান্ডের জয়ে ভূমিকা রাখেন। প্রথম ইনিংস ও খেলায় তাঁর বোলিং বিশ্লেষণ পরবর্তীতে তাঁর সেরা সাফল্যে পরিণত হয়।
একই সফরের ২৫ জানুয়ারি, ১৯৭৩ তারিখে কানপুরে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। বল হাতে নিয়ে ১/৭২ ও ১/১৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৪৫ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকে।
১৯৭৩ সালে নিজ দেশে বেভান কংডনের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ৭ জুন, ১৯৭৩ তারিখে নটিংহামে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১ ও ১০* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/২৩ ও ৫/১৩১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ৩৮ রানে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ৫ জুলাই, ১৯৭৩ তারিখে লিডসে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের ছাঁপ রাখেন। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে জেএম পার্কারের প্রথম উইকেট লাভ করে ৫০ উইকেট লাভের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি ৩/৬২ ও ৫/২৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, দলের একমাত্র ইনিংসে ২৬ রান সংগ্রহ করেছিলেন। খেলায় সফরকারী ইনিংস ও ১ রানে পরাজিত হলে ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
এছাড়াও, ১৯৭৪ সালে লর্ডসে ক্রিস ওল্ডকে সাথে নিয়ে সফরকারী ভারত দলকে মাত্র ৪২ রানে গুটিয়ে দিতে সবিশেষ অবদান রাখেন। ১৯৭৪-৭৫ মৌসুমে মাইক ডেনিসের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে প্রথমবারের মতো নিউজিল্যান্ড গমন করেন। ২০ ফেব্রুয়ারি, ১৯৭৫ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ব্যাটিং করার সুযোগ পাননি। তবে, বল হাতে নিয়ে ১/৬৯ ও ০/৩১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ইনিংস ও ৮৩ রানে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
জন স্নো কিংবা ক্রিস ওল্ডের ন্যায় মানসম্পন্ন বোলারদের সাফল্যে ম্লান হয়ে পড়তেন। এছাড়াও, অনুপযোগী উইকেটে তাঁর বোলিং অকার্যকর হয়ে পড়তো। ১৯৭৫ সালের অ্যাশেজ সিরিজে দলের শোচনীয় ফলাফলের কারণে বাদ পড়েন। ঐ বছর নিজ দেশে ইয়ান চ্যাপেলের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ১০ জুলাই, ১৯৭৫ তারিখে বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ৩/৯১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ০* ও ৬* রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। সফরকারীরা ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে জয়লাভ করে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।
তবে, ঘরোয়া ক্রিকেটে ঠিকই ছন্দ ধরে রেখেছিলেন। ১১০০-এর অধিক উইকেট দখল করেছেন। এছাড়াও, নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে সাতটি অর্ধ-শতরানের ইনিংস খেলেছিলেন।
ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর কোচিং জগতের দিকে ধাবিত হন। ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পালন করেন।
