১ ডিসেম্বর, ১৯৪০ তারিখে স্কটল্যান্ডের বেলশিল এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও রেফারি ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণসহ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।

‘হ্যাগিস’ ডাকনামে ভূষিত মাইক ডেনিস ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার অধিকারী ছিলেন। আয়ার একাডেমিতে পড়াশুনো করেছেন। নিজের সেরা দিনে অন্য যে-কারো চেয়ে ধ্রুপদীশৈলীর কুশলী ব্যাটসম্যান হিসেবে পরিচিতি ঘটাতেন। অনেক ক্রিকেটারের ন্যায় তিনিও ক্রিকেট জগতে প্রবেশের পূর্বে রাগবি খেলার সাথে জড়িত ছিলেন। ক্যাম্বাসডুনভিত্তিক আয়ার ক্রিকেট ক্লাবে খেলেছেন।

১৯৫৯ থেকে ১৯৮০ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে এসেক্স ও কেন্টের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, স্কটল্যান্ডের পক্ষে খেলেছেন। প্রথম-শ্রেণীর অভিষেক খেলায় সুবিধে করতে পারেননি। উভয় ইনিংসেই স্বল্প রানে ফেরৎ যান।

১৯৬৯ থেকে ১৯৭৫ সময়কালে ইংল্যান্ডের পক্ষে সর্বমোট ২৮ টেস্ট ও ১২টি ওডিআইয়ে অংশ নিয়েছেন। ১৯৬৯ সালে নিজ দেশে গ্রাহাম ডাউলিংয়ের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ২১ আগস্ট, ১৯৬৯ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। এরফলে, স্কটল্যান্ডে জন্মগ্রহণকারী পঞ্চম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ২ ও ৫৫ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, তিনটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। ৮ উইকেটে জয় পেলে স্বাগতিকরা ২-০ ব্যবধানে সিরিজে জয়লাভ করে।

১৯৭২-৭৩ মৌসুমে টনি লুইসের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে ভারত গমন করেন। ২৫ জানুয়ারি, ১৯৭৩ তারিখে কানপুরে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৩১ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকে।

এক পর্যায়ে ইংল্যান্ড দলের অধিনায়কত্ব করার জন্যে মনোনীত হন। এরফলে, স্কটল্যান্ডে জন্মগ্রহণকারী একমাত্র খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের নেতৃত্ব গ্রহণের সুযোগ পান। ১৯৭৪-৭৫ মৌসুমে এমসিসি দলের নেতৃত্বে থেকে প্রথমবারের মতো নিউজিল্যান্ড গমন করেন। ২০ ফেব্রুয়ারি, ১৯৭৫ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। অধিনায়কের দায়িত্বে থেকে ব্যক্তিগত সফলতার ছাঁপ রাখেন। প্রথম ইনিংসে ৮৪ রানে পৌঁছানোকালে টেস্টে ১৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ১৮১ রান সংগ্রহ করেছিলেন। এ পর্যায়ে চতুর্থ উইকেটে কিথ ফ্লেচারের (২১৬) সাথে ২৬৬ রানের জুটি গড়ে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টে নতুন রেকর্ড গড়েন। সফরকারীরা ইনিংস ও ৮৩ রানে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

১৯৭৪ সালে লর্ডসে সফররত ভারত দলের বিপক্ষে ইংল্যান্ড দলের অধিনায়ক হিসেবে নিজস্ব প্রথম শতরানের ইনিংস খেলেন। ঐ গ্রীষ্মে ক্রিকেটের স্বর্গভূমিতে মাত্র দুই টেস্টে অংশ নিয়ে এ সাফল্য পান। ডেনিস অ্যামিসের ১৮৮ রানের কল্যাণে দলীয় সংগ্রহ ৩৩৭/২ থাকাকালে মাঠে নামেন। উইজডেনে মন্তব্য করা হয় যে, ধীরগতিসম্পন্ন বোলারদের বিপক্ষে পায়ের কারুকাজ দেখিয়ে ধ্রুপদী ভঙ্গীমায় ও শৈল্পিক গুণাবলীতে ১১৮ রানের ইনিংস খেলেন।

চার ঘণ্টার অধিক সময় নিয়ে বারোটি চারের মারে ২২০ বল মোকাবেলায় তিনি এ শতক হাঁকান। এ পর্যায়ে পঞ্চম উইকেট জুটিতে টনি গ্রেগের (১০৬) সাথে ২০২ রান তুলে দলের সংগ্রহকে পর্বতসম ৬২৯ রানে নিয়ে যান। এর জবাবে শ্রান্ত-ক্লান্ত অবস্থায় ভারতীয় দল ৩০২ রান তুলতে সক্ষম হয়। ফলো-অনের কবলে পড়ে ৪২ রানে গুটিয়ে গেলে স্বাগতিক দল ইনিংস ও ২৮৫ রানে জয় তুলে নেয়ার পাশাপাশি তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-০ ব্যবধান বিজয়ী হয়।

১৯৭৫ সালে নিজ দেশে ইয়ান চ্যাপেলের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ১০ জুলাই, ১৯৭৫ তারিখে বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ৩ ও ৮ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। সফরকারীরা ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে জয়লাভ করে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। টেস্টে পরাজয়ের এক ঘণ্টা পরই তাঁকে অধিনায়কত্ব থেকে প্রত্যাহার করে নেয়া হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর ১৯৯৬ সাল থেকে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন। মার্চ, ২০০২ সাল পর্যন্ত ১৪টি টেস্ট ও ৩৫টি ওডিআই পরিচালনা করেছেন। ২০০১-০২ মৌসুমে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের মধ্যকার পোর্ট এলিজাবেথ টেস্ট শেষে বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণের ফলে কলকাতায় বিক্ষোভ অনুষ্ঠিত হয় ও তাঁর কুশপুত্তলিকা দাহ করে। দূর্ভাগ্যজনকভাবে ঐ টেস্টে ম্যাচ রেফারি হিসেবে ভূমিকার কারণে নিজেকে স্মরণীয় করে রেখেছেন। ছয়জন ভারতীয় ক্রিকেটারকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন।

ব্যাট হাতে দূর্দান্ত খেলা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ ১৯৭৫ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন। গ্রিগর ম্যাকগ্রিগরের সাথে তাঁকেও ক্রিকেট স্কটল্যান্ড হল অব ফেমের ১২জনের তালিকায় রাখা হয়। ২০১২-১৩ মৌসুমে কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯ এপ্রিল, ২০১৩ তারিখে ৭২ বছর ১৩৯ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

সম্পৃক্ত পোস্ট