৩১ আগস্ট, ১৮৬৯ তারিখে স্কটল্যান্ডের মার্চিস্টন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষণ কর্মে নিয়োজিত থাকতেন। উইকেট-রক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৮৯০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
আপিংহামে অধ্যয়ন শেষে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন ১৮৮৮ থেকে ১৮৯১ সাল পর্যন্ত চার বছরের সবকটিতেই ব্লুধারী হন। ১৮৯০ সালে হোভে সাসেক্সের বিপক্ষে দলের ৭৩০/৯ ইনিংস ঘোষণাকালে তিনি ১৩১ রান তুলে ইংল্যান্ডের প্রথম-শ্রেণীর ক্রিকেটের দ্বিতীয় ইনিংসে তৎকালীন সর্বোচ্চ রান সংগ্রহে অংশ নেন। ১৮৯১ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় দলের নেতৃত্বে ছিলেন।
১৮৮৮ থেকে ১৯০৭ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, স্কটল্যান্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলেছেন। ১৮৯০ থেকে ১৯০৫ সময়কালে স্কটল্যান্ডের পক্ষে পাঁচটি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ১৫৯ রান সংগ্রহ করেছিলেন। কাউন্টি ক্রিকেটে অংশগ্রহণের ফলে স্কটল্যান্ডের পক্ষে সীমিত পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১১ জুলাই, ১৮৯০ তারিখে রেবার্ন প্লেসে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম খেলেন।
১৮৯২ সালে মিডলসেক্সের সদস্যরূপে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে তাঁর অভিষেক ঘটে। এরপর থেকে ১৯০৭ সাল পর্যন্ত কাউন্টি দলটির পক্ষে ১৮৪ খেলায় অংশ নিয়েছিলেন। এ পর্যায়ে ১৯.৬১ গড়ে দুই শতক সহযোগে ৪৮৪৬ রান তুলেন। ব্যক্তিগত সর্বোচ্চ ১৪১ রান সংগ্রহের পাশাপাশি ২৮০ ক্যাচ ও ১১১টি স্ট্যাম্পিং করেছিলেন। এছাড়াও, ১৮৯৯ থেকে ১৯০৭ সময়কালে মিডলসেক্সের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। প্রথম মৌসুমে অধিনায়কের দায়িত্ব পালনকালীন সমারসেট দলকে মাত্র ৪ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যেই পরাস্ত করতে ভূমিকা রাখেন।
১৮৯০ থেকে ১৮৯৩ সময়কালে ইংল্যান্ডের পক্ষে আটটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। টেস্টগুলো থেকে ১২.০০ গড়ে ৯৬ রান, ১৪ ক্যাচ ও ৩টি স্ট্যাম্পিংয়ের সাথে নিজেকে জড়ান। ব্যক্তিগত সর্বোচ্চ ৩১ রান সংগ্রহ করেছিলেন। ১৮৯০ সালে নিজ দেশে বিলি মারডকের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২১ জুলাই, ১৮৯০ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। তখনও তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছিলেন। ব্যাট হাতে নিয়ে মোটেই সুবিধে করতে পারেননি। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে জন লায়ন্সের বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। তবে, উইকেটের পিছনে অবস্থান করে দুইটি স্ট্যাম্পিং ও একটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। স্বাগতিকরা ৭ উইকেটে জয়লাভ করলে সিরিজে এগিয়ে যায়।
এরপর, ১১ আগস্ট, ১৮৯০ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি ১ ও ২* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে দুইটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। জ্যাক বারেট সহজ রান-আউট করতে ব্যর্থ হলে স্বাগতিকরা ২ উইকেটের নাটকীয় জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
এছাড়াও, ১৮৯১-৯২ মৌসুমে লর্ড শেফিল্ডের নেতৃত্বে অস্ট্রেলিয়া ও ১৯০৭ সালে এমসিসি দলের সদস্যরূপে উত্তর আমেরিকা গমন করেছিলেন।
১৮৯১-৯২ মৌসুমে ডব্লিউ. জি. গ্রেসের নেতৃত্বাধীন লর্ড শেফিল্ড একাদশ দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। ২৪ মার্চ, ১৮৯২ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৩১ রান সংগ্রহ করেছিলেন। সফরকারীরা ইনিংস ও ২৩০ রানে জয় পেলেও ২-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৮৯৩ সালে নিজ দেশে জ্যাক ব্ল্যাকহামের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২৪ আগস্ট, ১৮৯৩ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১২ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে একটি স্ট্যাম্পিং ও দুইটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
ক্রিকেটের পাশাপাশি রাগবি ফুটবলে দক্ষ ছিলেন। ১৮৮৯ ও ১৮৯০ সালে বিশ্ববিদ্যালয়ের খেলায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং ১৮৯০ থেকে ১৮৯৬ সময়কালে নিজ দেশ স্কটল্যান্ডের পক্ষে তেরোটি আন্তর্জাতিক খেলায় ফুল-ব্যাক ও সেন্টার অবস্থানে অংশ নিয়েছিলেন। এ পর্যায় তাঁর দল চারবার ইংল্যান্ড দলকে পরাজিত করেছিল।
ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর প্রশাসনের দিকে ঝুঁকে পড়েন। ১৯০২ সালে টেস্ট দল নির্বাচক হিসেবে মনোনীত হন ও ১৯১৬ সাল থেকে মৃত্যু পূর্ব পর্যন্ত সম্মানীয় কোষাধ্যক্ষের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ২৯ নভেম্বর, ২০১১ সালে ক্রিকেট স্কটল্যান্ড কর্তৃক প্রবর্তিত হল অব ফেমে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়। ২০ আগস্ট, ১৯১৯ তারিখে লন্ডনের মেরিলেবোন এলাকায় মাত্র ৪৯ বছর ৩৫৪ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
