২১ মার্চ, ১৮৫৪ তারিখে নিউ সাউথ ওয়েলসের প্যাডিংটন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, কোচ ও আম্পায়ার ছিলেন। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন তিনি। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
ছোটখাটো গড়নের অধিকারী ছিলেন। ‘লিটল অ্যালেক’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। অতিরক্ষণাত্মক ভঙ্গীমায় ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। সকল ধরনের শট খেলতে অভ্যস্ত ছিলেন না। তবে, অপরিসীম ধৈর্য্য সহকারের ব্যাটিংয়ের ফলে প্রতিপক্ষকে নিরাশ হতে দেখা যেতো। উইলিয়াম স্কটন, ববি অ্যাবেল ও ডিক বার্লো’র ন্যায় তিনিও ঊনবিংশ শতকে পাথরপ্রাচীর গড়ে তুলে ব্যাটিং করতেন। ১৮৭৬-৭৭ মৌসুম থেকে ১৮৯৩-৯৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিত্ব করেছেন।
১৮৭৯ থেকে ১৮৯৩ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার পক্ষে সর্বমোট ২৮ টেস্টে অংশগ্রহণ করেছিলেন। ১৮৭৮-৭৯ মৌসুমে নিজ দেশে লর্ড হ্যারিসের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ২ জানুয়ারি, ১৮৭৯ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। ফ্রাঙ্ক অ্যালান ও হ্যারি বয়েলের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি একবার ব্যাট হাতে নিয়ে ৭৩ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। স্বাগতিকরা ১০ উইকেটে জয়লাভ করেছিল।
১৮৮৪ সালে বিলি মারডকের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ২১ জুলাই, ১৮৮৪ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি ১২ ও ২৭ রান সংগ্রহ করেছিলেন। ঐ খেলায় সফরকারীরা ইনিংস ও ৫ রানের ব্যবধানে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
১৮৮৪-৮৫ মৌসুমে নিজ দেশে আর্থার শ্রিউসবারি’র নেতৃত্বাধীন দলের মুখোমুখি হন। ১২ ডিসেম্বর, ১৮৮৪ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি প্রথম ইনিংসে ২ রান সংগ্রহ করলেও দ্বিতীয় ইনিংসে আঘাতের কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি। স্বাগতিকরা ৮ উইকেটে পরাজয়বরণ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
একই সফরের ২১ মার্চ, ১৮৮৫ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। রাবার নিষ্পত্তির ঐ খেলায় তিনি মাত্র ৫ ও ২ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রে জর্জ ইউলিটের শিকারে পরিণত হয়েছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলায় তাঁর দল ইনিংস ও ৯৮ রানে পরাভূত হলে ৩-২ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৮৮৮ সালে পার্সি ম্যাকডোনেলের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড সফরে যান। ৩০ আগস্ট, ১৮৮৮ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ১ ও ০ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রে ববি পিলের শিকারে পরিণত হয়েছিলেন। ইনিংস ও ২১ রানে জয় পেয়ে স্বাগতিকরা ২-১ ব্যবধানে সিরিজ জয় করে নেয়।
১৮৯১-৯২ মৌসুমে নিজ দেশে ডব্লিউ. জি. গ্রেসের নেতৃত্বাধীন লর্ড শেফিল্ড একাদশের মুখোমুখি হন। ১ জানুয়ারি, ১৮৯২ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ড দলের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৪৫ ও ৪১ রান সংগ্রহসহ তিনটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। উভয়ক্ষেত্রেই তিনি জন শার্পের শিকারে পরিণত হয়েছিলেন। ৮৬ রান তুলতে তিনি ৪৩৫ মিনিট ক্রিজে অবস্থান করেছিলেন। ৫৪ রানে জয়লাভ করলে স্বাগতিকরা তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ২৪ মার্চ, ১৮৯২ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১২ ও ১ রান সংগ্রহ করেছিলেন। সফরকারীরা ইনিংস ও ২৩০ রানে জয় পেলেও ২-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
কোন টেস্ট শতকের সন্ধান পাননি। ৯১ রান তুলতে প্রায় তিনদিন সময় ব্যয় করে ৬২০ বল মোকাবেলা করেছিলেন। নব্বুই শতাংশের অধিকাংশ বল থেকে কোন রান তুলেননি। মাঠে মজা করতে একদম পছন্দ করতেন না। গান করার ফলে একবার স্লিপ অঞ্চলে দণ্ডায়মান ফিল্ডারের দিকে তেড়ে আসেন। ১৯৭৯ সালে ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট সিরিজের সাথে যুক্ত ছিলেন।
১৮৯৩ সালে জ্যাক ব্ল্যাকহামের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ২৪ আগস্ট, ১৮৯৩ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৯ ও ৬০ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
টেস্টগুলো থেকে আটটি অর্ধ-শতক সহযোগে ২৩.০৩ গড়ে ১১০৮ রান সংগ্রহ করেছিলেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে পাঁচ শতক সহযোগে ২২.১৪ গড়ে ৭৮১৬ রান তুলেছেন। ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর স্বীয় ভ্রাতা চার্লস ব্যানারম্যানের ন্যায় তিনিও কোচ ও আম্পায়ারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। দীর্ঘদিন নিউ সাউথ ওয়েলস ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। ধৈর্য্যশীলতার বহিঃপ্রকাশ ঘটিয়ে আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করতেন।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। মেরি অ্যান নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন। এ দম্পতির কোন সন্তানাদি ছিল না। মৃত্যুর পূর্ব পর্যন্ত ক্রিকেটের সাথে জড়িত ছিলেন। ১৯ সেপ্টেম্বর, ১৯২৪ তারিখে নিউ সাউথ ওয়েলসের প্যাডিংটন এলাকায় ৭০ বছর ১৮২ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। উইজডেনে তাঁর সম্পর্কে মন্তব্য করা হয় যে, ‘যতদিন ক্রিকেট থাকবে, ততোদিন তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’
