১১ আগস্ট, ১৯৯৮ তারিখে কাবুলে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী। আফগানিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
আফগান ক্রিকেটার আসগর আফগান সম্পর্কে তাঁর ভ্রাতা হন। ২০১৬-১৭ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আফগান ক্রিকেটে বন্দ-ই-আমির রিজিওন ও স্পিন গড় রিজিওনের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, কলম্বো স্টার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, কাবুল ঈগলস, কাবুল গ্রীন ও সারে জাগুয়ার্সের পক্ষে খেলেছেন। ৭ ডিসেম্বর, ২০১৬ তারিখে আবুধাবিতে অনুষ্ঠিত ইংল্যান্ড লায়ন্স বনাম আফগানিস্তানের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
২০১৬ সাল থেকে আফগানিস্তানের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২০২৩ সালে হাশমতউল্লাহ শাহীদি’র অধিনায়কত্বে দলের সাথে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশ সফরে যান। ১৪ জুন, ২০২৩ তারিখে মিরপুরে অনুষ্ঠিত স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। তেমন সুবিধে করতে পারেননি। ঐ টেস্টে স্বাগতিক দল ৫৪৬ রানের সুবিশাল ব্যবধানে জয়লাভ করে। খেলায় তিনি ০/৩৩ ও ০/৪৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ২৩ ও ১৮ রান সংগ্রহ করেছিলেন।
২০২৩-২৪ মৌসুমে হাশমতউল্লাহ শাহীদি’র নেতৃত্বাধীন আফগানিস্তান দলের সাথে সংযুক্ত আরব আমিরাত গমন করেন। ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে আবুধাবির টলারেন্স ওভালে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হন। খেলায় তিনি তেমন সুবিধে করতে পারেননি। ব্যাট হাতে ৪১* ও ১৩ রান তুলতে সক্ষম হন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২৪ পান। ঐ টেস্টে তাঁর দল ৬ উইকেটে পরাজিত হয়।
