|

কাসুন রজিতা

১ জুন, ১৯৯৩ তারিখে মাতারা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। শ্রীলঙ্কার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

সেন্ট সার্ভাটিয়াস কলেজে অধ্যয়ন করেছেন। ২০১৪-১৫ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে বাদুরেলিয়া স্পোর্টস ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ডাম্বুলা ভাইকিংয়ের পক্ষে খেলেছেন।

২০১৫ সালের পূর্বে তাঁর সম্পর্কে ক্রিকেট বিশ্লেষকদের কোন ধারনা ছিল না। ডানহাতি সিমার ছিলেন। ঐ বছরের আগস্ট মাসে সফররত ভারতীয় একাদশের বিপক্ষে তিনদিনের খেলায় নিজের পরিচিতি ঘটান। খেত্তারামায় অনুষ্ঠিত ঐ খেলায় ৫/৬৮ বোলিং পরিসংখ্যান গড়েছিলেন। একাধারে বোলিং করে শিখর ধাওয়ান, বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বিদেয় করেন। দ্বিতীয় ইনিংসেও বিরাট কোহলি আবারও তাঁর শিকারে পরিণত হয়েছিলেন। সেন্ট সার্ভাটিয়াস কলেজে অধ্যয়ন করেছেন।

তীক্ষ্ণ পেস সহযোগে সিম বোলিং করেন। শেষ মুহূর্তে হাত থেকে বল ফেলেন। পরবর্তী ঘরোয়া মৌসুমে টি২০ বোলার হিসেবেও নিজের যথার্থতা প্রমাণ করেন। সুপার টি২০ প্রভিন্সিয়াল টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারীতে পরিণত হন। ছয় খেলায় অংশ নিয়ে ১০ উইকেট দখল করেছিলেন। ফলশ্রুতিতে, জাতীয় দল নির্বাচকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণে সক্ষম হন।

২০১৬ সাল থেকে শ্রীলঙ্কার পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ৯ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে পুনেতে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে টি২০আইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। নিজস্ব প্রথম ওভারেই দুই উইকেট লাভ করেছিলেন।

২০১৮ সালে দিনেশ চণ্ডীমলের নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের সাথে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ গমন করেন। ১৪ জুন, ২০১৮ তারিখে গ্রোস আইলেটে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। মাহেলা উদত্তে’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ৪ ও ০ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ৩/৪৯ ও ২/২৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, শ্যান গ্যাব্রিয়েলের অসামান্য বোলিংশৈলীর কল্যাণে খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে স্বাগতিকরা এগিয়ে যায়। ১৬ ডিসেম্বর, ২০১৯ তারিখে করাচী টেস্ট থেকে বাদ পড়েন।

২০২৩-২৪ মৌসুমে ধনঞ্জয় ডি সিলভা’র অধিনায়কত্বে বাংলাদেশ গমন করেন। দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজের প্রথমটিতে অপূর্ব খেলেন। ২২ মার্চ, ২০২৪ তারিখে সিলেটে অনুষ্ঠিত ঐ টেস্টের প্রথম ইনিংসে ৩/৫৬ ও ৫/৫৬ লাভ করে ৩৫৮ রানের বিশাল বিজয়ে অবদান রাখেন। তবে, খেলায় পিঠে আঘাত অনুভব করায় ৩০ মার্চ, ২০২৪ তারিখের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েন ও অসিত ফার্নান্দোকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়। তন্মধ্যে, বাংলাদেশের প্রথম ইনিংসে মেহেদি হাসান মিরাজকে বিদেয় করে টেস্টে ৫০ উইকেট লাভের মাইলফলক স্পর্শ করেন। এছাড়াও, দ্বিতীয় ইনিংসে ৫/৫৬ লাভ করে পূর্বেকার ৫/৬৪ বোলিং বিশ্লেষণের রেকর্ডটি ভেঙ্গে ফেলেন।

সম্পৃক্ত পোস্ট