|

ভিনসেন্ট মাসেকেসা

২৭ মার্চ, ১৯৯৭ তারিখে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। লেগ-ব্রেক বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছেন।

২০২০-২১ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে মাউন্টেনিয়ার্স ও সাউদার্নের প্রতিনিধত্ব করেছেন। এছাড়াও, রাইজিং স্টার্সের পক্ষে খেলেছেন। ৩০ মার্চ, ২০২১ তারিখে হারারেতে অনুষ্ঠিত রক্স বনাম মাউন্টেনিয়ার্সের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।

২০২৫ সাল থেকে জিম্বাবুয়ের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছেন। ২৪ জানুয়ারি, ২০২৫ তারিখে নিজ দেশে আইরিশ দলের বিপক্ষে একমাত্র টেস্টকে ঘিরে নিকোলাস ওয়েলচের সাথে তাঁকে জিম্বাবুয়ে দলে ঠাঁই দেয়া হয়। তবে, তিনি খেলার সুযোগ পাননি। ২০২৫ সালে ক্রেগ আরভিনের নেতৃত্বাধীন জিম্বাবুয়ীয় দলের সদস্যরূপে বাংলাদেশ সফরে যান। ২৮ এপ্রিল, ২০২৫ তারিখে চট্টগ্রামে অনুষ্ঠিত স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। পাঁচ-উইকেট লাভ করে অভিষেক পর্বকে স্মরণীয় করে রাখেন। খেলায় তিনি ৫/১১৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ৮ ও ২ রান সংগ্রহ করেছিলেন। তবে, মেহেদি হাসান মিরাজের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়া নৈপুণ্যের কল্যাণে স্বাগতিকরা ইনিংস ও ১০৬ রানে জয় পেলে সিরিজটি অমিমাংসিত অবস্থায় শেষ করতে সক্ষম হয়।

২০২৫ সালে নিজ দেশে কেশব মহারাজের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ২৮ জুন, ২০২৫ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ১/৯৭ ও ২/১১৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ১১* ও ৩ রান সংগ্রহ করেছিলেন। লুয়ান-ড্রি প্রিটোরিয়াসের অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে সফরকারীরা ৩২৮ রানে জয়লাভ করলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

একই বছর নিজ দেশে মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ৭ আগস্ট, ২০২৫ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১/১০৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ১ ও ৪ রান সংগ্রহ করেছিলেন। ডেভন কনওয়ে’র অসাধারণ শতকের কল্যাণে স্বাগতিকরা ইনিংস ও ৩৫৯ রানে পরাভূত হলে ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।

সম্পৃক্ত পোস্ট