|

মুহাম্মদ হুরাইরা

২৫ এপ্রিল, ২০০২ তারিখে শিয়ালকোটে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ব্যাটিং করেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছেন।

২০২১-২২ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে নর্দার্ন, শিয়ালকোট, সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেড, ফয়সালাবাদ ও হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ইসলামাবাদ ইউনাইটেড, পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ও শিয়ালকোট অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন। ২০ অক্টোবর, ২০২১ তারিখে লাহোরে অনুষ্ঠিত খাইবার বনাম নর্দার্নের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন।

৭ আগস্ট, ২০২৪ তারিখে কামরান গুলাম ও মোহাম্মদ আলী’র সাথে তাঁকেও বাংলাদেশের বিপক্ষে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে অংশ নিতে ১৭-সদস্যের পাকিস্তানী দলে যুক্ত করা হয়। ঘরোয়া ক্রিকেটে ক্রমাগত সাফল্যের পাশাপাশি সাম্প্রতিক সময়ে সফররত অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে পাকিস্তান শাহীনের পক্ষে দূর্দান্ত খেলার স্বীকৃতিস্বরূপ তাঁরা এ সুযোগ পান।

২০২৫ সাল থেকে পাকিস্তানের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছেন। ২০২৪-২৫ মৌসুমে নিজ দেশে ক্রেগ ব্রাদওয়েটের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ১৭ জানুয়ারি, ২০২৫ তারিখে মুলতানে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। বাবর আজমের কাছ থেকে টেস্ট ক্যাপ গ্রহণ করেন। খেলায় তিনি ৬ ও ২৯ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। তন্মধ্যে, দ্বিতীয় ইনিংসে দলীয় অধিনায়ক ও উদ্বোধনী ব্যাটসম্যান শান মাসুদের সাথে ৬৭ রানের জুটি গড়েন। তবে, সাজিদ খানের অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে সফরকারীরা ১২৭ রানে পরাজিত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।

এরপর, ২৫ জানুয়ারি, ২০২৫ তারিখে একই মাঠে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৯ ও ২ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, জোমেল ওয়ারিকানের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে সফরকারীরা ১২০ রানে জয় পেলে সিরিজটি অমিমাংসিত অবস্থায় শেষ করতে সক্ষম হয়।

সম্পৃক্ত পোস্ট