১৮ অক্টোবর, ১৮৭৫ তারিখে বার্কশায়ারের ক্লিউয়ার এলাকায় জন্মগ্রহণকারী পেশাদার ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছিলেন। ১৯০০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
দীর্ঘ ও বর্ণাঢ্যময় খেলোয়াড়ী জীবনে অন্যতম জনপ্রিয় পেশাদার অল-রাউন্ডার হিসেবে পরিচিতি লাভ করেন। ১৮৯৬ থেকে ১৯২০ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে সমারসেট ও সারে দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, লন্ডন কাউন্টির পক্ষে খেলেছেন। প্রথম তিন মৌসুম মাঝে-মধ্যে সারে দলে খেলার সুযোগ পেতেন। সমারসেটের পক্ষে খেলার সুযোগ পেলে ডব্লিউ. জি. গ্রেসের সাথে লন্ডন কাউন্টিতে খেলে অভিজ্ঞতাপুষ্ট হন।
১৮৯৯ সালে ত্রুরোর অনুপযোগী পিচে ইংরেজ একাদশের সদস্যরূপে সফররত অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে ৬৩ রান তুলেছিলেন। ক্রিস্টাল প্যালেজে ডব্লিউ. জি. গ্রেস একাদশের পক্ষে ১২৫ রান সংগ্রহ করেন। তৃতীয় উইকেটে দুই ঘণ্টা সময় নিয়ে অ্যালেক হার্নের সাথে ২৪২ রানের জুটি গড়েন। টানটনে সমারসেটের পক্ষে ৮২ করেন। সকল ধরনের পিচে চমৎকার ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন। স্লিপ অঞ্চলে অনিন্দ্যসুন্দর ফিল্ডিং করতেন। এছাড়াও, ধূর্ততার সাথে লেগ-ব্রেক বোলিং কর্মে অগ্রসর হতেন।
১৯০২ থেকে ১৯০৭ সময়কালে ইংল্যান্ডের পক্ষে তেইশটি টেস্টে অংশ নিয়েছেন। ১৯০১-০২ মৌসুমে এ.সি. ম্যাকলারেনের নেতৃত্বাধীন দূর্বলমানের এমসিসি দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। ১৩ ডিসেম্বর, ১৯০১ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। কলিন ব্লাইদ, জন গান ও সিডনি বার্নসের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৫৮ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/৪০ ও ৫/৬১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ইনিংস ও ১২৪ রানে জয় পেলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ২৮ ফেব্রুয়ারি, ১৯০২ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৩২ ও ২ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৩৩ ও ৫/৯৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ৩২৩ রানে পরাজিত হলে ৪-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯০২ সালে নিজ দেশে জো ডার্লিংয়ের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ১১ আগস্ট, ১৯০২ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ২/২৯ ও ২/১৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। পাশাপাশি, ব্যাট হাতে নিয়ে ২২ ও ২ রান সংগ্রহ করে উভয় ইনিংসে হিউ ট্রাম্বলের শিকারে পরিণত হয়েছিলেন। স্বাগতিকরা ১ উইকেটে জয় পেলেও ২-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯০৩-০৪ মৌসুমে পেলহাম ওয়ার্নারের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ৫ মার্চ, ১৯০৪ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ৮/৮১ ও ১/৬ লাভ করেন। এছাড়াও, ৫ ও ০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। স্বাগতিকরা ২১৭ রানে জয় পেলেও ৩-২ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯০৭ সালে নিজ দেশে পার্সি শারওয়েলের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ১ জুলাই, ১৯০৭ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন। ব্যক্তিগতভাবে সফল ছিলেন। মনোজ্ঞ শতক হাঁকান। এরফলে, লর্ডস অনার্স বোর্ডে নিজেকে অন্তর্ভুক্ত করার গৌরব অর্জন করেন। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ১০৩ রান অতিক্রম করেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ১০৪ রান সংগ্রহ করেছিলেন। টসে জয়লাভ করে স্বাগতিক দলের সংগ্রহ ১৪০/৪ থাকা অবস্থায় মাঠে নামেন। ২৪০ মিনিট ক্রিজে অবস্থান করে ১২টি চারের মারে এ সংগ্রহ করেন ও দলের সংগ্রহকে ৪২৮ নিয়ে যেতে সবিশেষ ভূমিকা রাখেন। এছাড়াও, ১/১০ ও ০/২৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, তিনদিনের ঐ টেস্টটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে। স্মর্তব্য যে, ক্রিকেটের স্বর্গভূমিতে দক্ষিণ আফ্রিকার এটিই প্রথম টেস্টে অংশগ্রহণ ছিল।
একই সফরের ১৯ আগস্ট, ১৯০৭ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৮ ও ৩৪ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
১৯০৭-০৮ মৌসুমে ফ্রেডরিক ফেনের নেতৃত্বাধীন এমসিসি দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। ৭ ফেব্রুয়ারি, ১৯০৮ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ৪ ও ১০ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেন। এছাড়াও, ০/৪২ ও ০/৪৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ৩০৮ রানে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়।
একই সফরের ২১ ফেব্রুয়ারি, ১৯০৮ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ৩১ ও ০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৬৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ৪৯ রানে জয়লাভ করে স্বাগতিকরা ৪-১ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর আম্পায়ারিং জগতে প্রবেশ করেন। তিনটি টেস্ট ও ২৫টি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা পরিচালনা করেছেন। ২৩ ডিসেম্বর, ১৯৫৫ তারিখে লন্ডনের পুটনি কমন এলাকায় নিজ গৃহে ৮০ বছর ৬৬ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
