২৪ নভেম্বর, ১৯৮১ তারিখে অকল্যান্ডের মিডলমোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। নিউজিল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
২০০১-০২ মৌসুম থেকে ২০১৩-১৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে নর্দার্ন ডিস্ট্রিক্টস ও ওতাগো এবং ইংরেজ কাউন্টি ক্রিকেট গ্লুচেস্টারশায়ার, কেন্ট ও নর্দাম্পটনশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, নর্থ আইল্যান্ডের পক্ষে খেলেছেন। নভেম্বর, ২০০১ সালে নর্দার্ন ডিস্ট্রিক্টসের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। মাত্র চার মাস পরই ক্রাইস্টচার্চে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে খেলার জন্যে আমন্ত্রণ বার্তা লাভ করেন।
২০১৩ সালের টি২০ ক্রিকেটকে ঘিরে নটিংহ্যামশায়ারে যোগ দেন। ঐ প্রতিযোগিতায় দুইজন বিদেশী খেলোয়াড়ের অন্যতম হিসেবে তাঁর সাথে অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড হাসিকে রাখা হয়। এরপূর্বে গ্লুচেস্টারশায়ার ও কেন্টের পক্ষে খেলে ইংরেজ ক্রিকেটে অভিজ্ঞতা লাভ করেন। নিউজিল্যান্ড দলের সদস্যরূপে ইংল্যান্ড সফরকালীন নটিংহ্যামশায়ারের পক্ষে চুক্তিতে আবদ্ধ হন। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে টি২০আইয়ে অংশগ্রহণ শেষে জুনের শেষদিকে ট্রেন্ট ব্রিজে লিচেস্টারশায়ারের বিপক্ষে তিনি প্রথম খেলেন। একটি বাদে নটসের পক্ষে টি২০ খেলার সবকটিতে তাঁর অংশগ্রহণ ছিল ও দলটি নক-আউট পর্বে পৌঁছে। ১০ খেলা থেকে ১২ উইকেট দখল করেন। কোয়ার্টার-ফাইনালে ব্যক্তিগত সেরা ৩/২৩ লাভ করলেও এসেক্সের কাছে তাঁর দল পরাজিত হয়। ২০১৪ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে নর্দাম্পটনশায়ারের পক্ষে খেলেন। তবে, এ মৌসুম চলাকালেই ক্রিকেট থেকে অবসর নেন।
২০০২ থেকে ২০১৩ সময়কালে সব মিলিয়ে নিউজিল্যান্ডের পক্ষে আট টেস্ট, ২৬টি ওডিআই ও ১৯টি টি২০আইয়ে অংশগ্রহণ করেছেন। ২০০১-০২ মৌসুমে নিজ দেশে নাসের হুসাইনের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ১৩ ফেব্রুয়ারি, ২০০২ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে ওডিআইয়ের মাধ্যমে আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবনের সূচনা করেন। ১৩ মার্চ, ২০০২ তারিখে একই মাঠে ও একই দলের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ০ ও ৪ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/৫৯ ও ৩/১৩৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করানোসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। গ্রাহাম থর্পের অসাধারণ দ্বি-শতকের কল্যাণে সফরকারীরা ৯৮ রানে জয়লাভ করলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
২০০৩-০৪ মৌসুমে নিজ দেশে ইনজামাম-উল-হকের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। ২৬ ডিসেম্বর, ২০০৩ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলেন। কয়েকটি ব্যক্তিগত সাফল্যের ছাঁপ রাখেন। পাকিস্তানের প্রথম ইনিংসে মঈন খানকে বিদেয় করে টেস্টে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বেকার সেরা ছিল ৪/৬০। এ পর্যায়ে টেস্টে প্রথমবারের মতো পাঁচ-উইকেট লাভ করেন। খেলায় তিনি ৬/৪৬ ও ১/১০০ লাভ করেন। এছাড়াও, ৪ ও ০ রান সংগ্রহ করেছিলেন। শোয়েব আখতারের অসাধারণ বোলিং নৈপুণ্যের কল্যাণে সফরকারীরা ৭ উইকেটে জয়লাভ করলে ১-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। এরপর, আর একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পান।
২০০৪-০৫ মৌসুমে স্টিফেন ফ্লেমিংয়ের নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে বাংলাদেশ সফরে যান। ১৯ অক্টোবর, ২০০৪ তারিখে ঢাকায় অনুষ্ঠিত স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। দলের একমাত্র ইনিংসে ১৫* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৩৪ ও ০/৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ব্রেন্ডন ম্যাককালামের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে সফরকারীরা ইনিংস ও ৯৯ রানে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
মাঝে-মধ্যে টেস্ট খেলার সুযোগ পেলেও ক্ষুদ্রতর সংস্করণের খেলায় তুলনামূলকভাবে অধিক অংশ নেন। ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ৪/৪৪ লাভ করেছিলেন। ডিসেম্বর, ২০১০ সালে একই দলের বিপক্ষে নিজস্ব সর্বশেষ টি২০আইয়ে অংশ নিয়েছিলেন। দৃশ্যতঃ দলের বাইরে চলে যান। তিন বছর পর ফেব্রুয়ারি, ২০১৩ সালে ওতাগো ভোল্টসের পক্ষে টি২০ ক্রিকেটে দারুণ খেলেছেন। এরপর, আর মাত্র চারটি খেলায় অংশ নেয়ার সুযোগ পান। সবগুলোই ইংল্যান্ডের বিপক্ষে ছিল এবং বেশ রান খরচ করে মাত্র তিন উইকেট দখল করেছিলেন।
শেন বন্ডের উত্থানের ফলে নিউজিল্যান্ডের পক্ষে তাঁর অংশগ্রহণ সীমিত হয়ে পড়ে। তবে, নিজের সেরা দিনগুলোয় তিনি দুর্দমনীয় ভূমিকা পালন করতেন। অনুপযোগী উইকেট থেকেও সফলতা পেয়েছিলেন। ৯ জুলাই, ২০১৪ তারিখে সকল স্তরের ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেন। তাঁর পরিবর্তে নর্দাম্পটনশায়ারের পক্ষে নীল ওয়াগনারকে অন্তর্ভুক্ত করা হয়।
