২৯ নভেম্বর, ১৯৮২ তারিখে ট্রান্সভালের জোহানেসবার্গে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটান। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী। ২০১০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকার সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান জিমি কুক তাঁর পিতা ছিলেন। চমৎকার কৌশল অবলম্বনসহ ধৈর্য্যশীলতার বিমূর্ত প্রতীক তিনি। প্রতিপক্ষের মনোবল ভেঙ্গে দিতে ও বড় ধরনের রান সংগ্রহের কারণে পরিচিতি লাভ করেন। ২০০০-০১ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে গটেং ও লায়ন্সের প্রতিনিধিত্ব করেছেন।
২০০৬-০৭ মৌসুমে প্রথমবারের মতো দীর্ঘ সময় ধরে ব্যাট করার দক্ষতা প্রদর্শনে অগ্রসর হন। ঐ মৌসুমে গটেংয়ের পক্ষে ৫৫.৩৫ গড়ে ৭৭৫ রান তুলেন। এরপর থেকেই ঘরোয়া আসরে ক্রমাগত সফলতার স্বাক্ষর রেখে চলতে থাকেন। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম-শ্রেণীর ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ডের সাথে নিজেকে যুক্ত করেন। ইস্ট লন্ডনে লায়ন্সের সদস্যরূপে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩৯০ রান তুলে ডেরিল কালিনানের গড়া ৩৩৭ রানের সংগ্রহকে ম্লান করে দেন।
দল নির্বাচকমণ্ডলী ডিন এলগারের উপযুক্ত উদ্বোধনী সঙ্গীর খোঁজ পায়। পুরোটা খেলোয়াড়ী জীবনেই দারুণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে চলেছেন। ঘরোয়া টি২০ ক্রিকেটেও তাঁর বেশ ভালো রেকর্ড রয়েছে। অবশেষে ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেয়ার উদ্দেশ্যে তাঁকে প্রোটীয় দলে রাখা হয়।
২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বমোট ১১ টেস্টে অংশগ্রহণ করেছেন। তুলনামূলকভাবে বেশ দেরীতে আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবনে প্রবেশের সুযোগ পান। তাসত্ত্বেও, তাঁর টেস্ট অভিষেক পর্বটি দারুণ ছিল। ২০১৫-১৬ মৌসুমে নিজ দেশে অ্যালাস্টার কুকের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ২২ জানুয়ারি, ২০১৬ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক ঘটে। খেলায় তিনি প্রথম ইনিংসে মনোমুগ্ধকর ১১৫ রানের ইনিংস উপহার দেন। এরফলে, ষষ্ঠ দক্ষিণ আফ্রিকান হিসেবে টেস্ট অভিষেক শতক হাঁকানোর গৌরব অর্জন করেন। ফলশ্রুতিতে, স্বাগতিক দল সিরিজে স্বান্তনাসূচক জয়ের সন্ধান পায়। দ্বিতীয় ইনিংসে অবশ্য ২৫ রান সংগ্রহসহ খেলায় দুইটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। কাগিসো রাবাদা’র অসাধারণ বোলিংয়ের কল্যাণে স্বাগতিকরা ২৮০ রানে জয়লাভ করলেও চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
২০১৬-১৭ মৌসুমে ফাফ ডু প্লিসি’র নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ১২ নভেম্বর, ২০১৬ তারিখে হোবার্টে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ২৩ রান তুলেছিলেন। কাইল অ্যাবটের অসাধারণ বোলিংয়ের কল্যাণে স্বাগতিকরা ইনিংস ও ৮০ রানে পরাজিত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
একই মৌসুমে ফাফ ডু প্লিসি’র নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে নিউজিল্যান্ড গমন করেন। ১৬ মার্চ, ২০১৭ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৩ ও ১১ রান সংগ্রহ করেছিলেন। কেশব মহারাজের অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে সফরকারীরা ৮ উইকেটে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
২০১৮ সালের শেষদিকে গ্ল্যামারগনের পক্ষে চারটি খেলায় অংশ নেন। এ পর্যায়ে দলটি সোফিয়া গার্ডেন্সে টি২০ খেলায় ফিল্ডিংকালে বিদেশী খেলোয়াড় শন মার্শের কাঁধের আঘাতের কারণে শূন্যতার সৃষ্টি হলে তাঁকে দলে নেয়া হয়। এর পূর্বেকার গ্রীষ্মে চ্যাম্পিয়নশীপ ক্রিকেটে ডারহামের পক্ষে খেলেছেন।
