৭ এপ্রিল, ১৮৮২ তারিখে কুইন্সল্যান্ডের পাইন মাউন্টেন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ের পাশাপাশি বামহাতে ব্যাটিং করতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
‘ডেইন্টি’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। অস্ট্রেলিয়ার অন্যতম সেরা বামহাতি স্পিনার ছিলেন। বল রাখা হাতের দুই আঙ্গুলের অর্ধেক না থাকলেও বেশ নিখুঁততার সাথে বোলিং করতেন। শৈশবে দূর্ঘটনায় আঙ্গুলগুলো হারান। অধিকাংশ নির্জীব উইকেটেও স্পিন আনয়ণ করতে পারতেন। ভেজা কিংবা সহায়ক পিচে দূর্দমনীয় ভূমিকা রাখতেন। ভিসিএ ক্রিকেটে ৩০ বছর বয়সে মেলবোর্নের পক্ষে অংশ নেন। তাসত্ত্বেও, ১৩.০৩ গড়ে ৮৬২ উইকেট দখল করে সর্বাধিক উইকেট সংগ্রাহকের ভূমিকায় অবতীর্ণ হন। ১৯২২-২৩ মৌসুম থেকে তেরো মৌসুম সেন্ট কিল্ডার পক্ষে খেলে ডন ব্ল্যাকি’র সাথে সুন্দর বোঝাপড়ায় অগ্রসর হতে থাকেন। এ দু’জন নিয়মিতভাবে খেলায় অপরিবর্তিত অবস্থায় বোলিং করতেন। এ সময়ে দ্য সেন্টস ছয়বার বিজয়ী হয়েছিল।
১৯০৯-১০ মৌসুম থেকে ১৯৩৫-৩৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে কুইন্সল্যান্ড ও ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন।
১৯২৮ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বমোট ১৪ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯২৮-২৯ মৌসুমে নিজ দেশে পার্সি চ্যাপম্যানের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ৪৬ বছর ২৩৭ দিন বয়সে ৩০ নভেম্বর, ১৯২৮ তারিখে ব্রিসবেনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। এরফলে, চতুর্থ বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক ঘটে। কেবলমাত্র ইংল্যান্ডের ডব্লিউ. জি. গ্রেসের সাথে তিনি পঞ্চাশোর্ধ্ব বয়সেও অ্যাশেজ সিরিজে অংশ নিয়েছিলেন। পরবর্তীকালে অপর বিখ্যাত ব্যাটসম্যান ডোনাল্ড ব্র্যাডম্যানের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খুব সম্ভবতঃ সেরা অস্ট্রেলীয় খেলোয়াড় হওয়া সত্ত্বেও ইংল্যান্ডে কোন সফরে যেতে পারেননি। খেলায় তিনি ২/৭৯ ও ২/৮৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ৪ ও ০ রান সংগ্রহ করেছিলেন। ৬৭৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত হলে তাঁর দল পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
এরপর, ১৪ ডিসেম্বর, ১৯২৮ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১ ও ০ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/১৪২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ৮ উইকেটে পরাজয়বরণ করলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
১৯৩০-৩১ মৌসুমে নিজ দেশে জ্যাকি গ্র্যান্টের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ২৭ ফেব্রুয়ারি, ১৯৩১ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ১ ও ৪ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/৯৫ ও ২/৪৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ৩০ রানে পরাজয়বরণ করলেও ৪-১ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ থেকে ৩১ উইকেট দখল করেছিলেন। ঐ সিরিজে তাঁর বোলিংয়ের তোপে পড়ে দক্ষিণ আফ্রিকা দল ৩৬ ও ৪৫ রানে গুটিয়ে যায়।
১৯৩১-৩২ মৌসুমে নিজ দেশে জক ক্যামেরনের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ১৮ ডিসেম্বর, ১৯৩১ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্যান্ডি বেলের বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৩৮ ও ৩/২২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ইনিংস ও ১৫৫ রানে জয় পেয়ে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে স্বাগতিকরা ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
বডিলাইন সিরিজের সাথে যুক্ত রেখে নিজেকে স্মরণীয় করে রাখেন। ১৯৩২-৩৩ মৌসুমে নিজ দেশে ডগলাস জার্ডিনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ৩০ নভেম্বর, ১৯৩২ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৪ ও ০ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২৮ ও ৪/২৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ১১১ রানে জয় পেয়ে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে সমতায় আসে।
একই সফরের ১০ ফেব্রুয়ারি, ১৯৩৩ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত বডিলাইন সিরিজের চতুর্থ টেস্টে অংশগ্রহণ করেন। খেলায় তিনি ৮ ও ০* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/৬৯ ও ২/৪৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ৬ উইকেটে পরাজয়বরণ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে।
এরপর, ২৩ ফেব্রুয়ারি, ১৯৩৩ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ১ ও ০* রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৬৪ ও ২/৩৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা খুব সহজেই ৮ উইকেটে জয় পেলে ৪-১ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
টেস্টগুলো থেকে ১৭.৯৭ গড়ে ৭৪ উইকেট পেয়েছিলেন। ব্যাট হাতে মোটেই সুবিধের ছিলেন না। প্রচলিত রয়েছে যে, একবার ব্যাট হাতে মাঠে নামাকালীন তাঁর স্ত্রী দৌড়ে এসে কথা বলতে চেয়েছিলেন। বেয়ারা তাঁকে বললেন, ‘দুঃখিত, এইমাত্র তিনি ব্যাট হাতে মাঠে নেমেছেন।’ স্ত্রী বললেন, ‘দুঃখিত হবার কোন কারণ নেই। আমি অপেক্ষা করছি, তিনি তেমন দেরী করবেন না।’
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। ৩১ মে, ১৯৭১ তারিখে ভিক্টোরিয়ার সেন্ট কিল্ডায় নিজ গৃহে ঘুমন্ত অবস্থায় ৮৯ বছর ৫৪ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
