৯ মে, ১৯০৭ তারিখে ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৩০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। এছাড়াও, ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
১৯২৮ থেকে ১৯৩৪-৩৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে ত্রিনিদাদ দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, রোডেশিয়া ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলেছেন। কেমব্রিজে অবস্থানকালীন ১৯২৮, ১৯২৯ ও ১৯৩৯ সালে অক্সফোর্ডের বিপক্ষে ফুটবল এবং ১৯২৯ ও ১৯৩০ সালে ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
১৯৩০ থেকে ১৯৩৫ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বমোট ১২ টেস্টে অংশগ্রহণ করেছিলেন। ১৯৩০-৩১ মৌসুমে ক্যারিবীয় দলকে সাথে নিয়ে অস্ট্রেলিয়া গমন করেন। এ পর্যায়ে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। বৃষ্টিবিঘ্নিত শেষ টেস্টে ৩০ রানের ঐতিহাসিক বিজয়ের সাথে নিজেকে জড়ান। ১২ ডিসেম্বর, ১৯৩০ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। লিওনেল বার্কেটের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ৫৩* ও ৭১* রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ১০ উইকেটে জয়লাভ করলে স্বাগতিক দল পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ১৩ ফেব্রুয়ারি, ১৯৩১ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ০ ও ৩ রান সংগ্রহ করে উভয় ইনিংসে বার্ট আয়রনমোঙ্গারের শিকারে পরিণত হয়েছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/৯১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ইনিংস ও ১২২ রানে পরাজিত হলে ৪-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ে।
১৯৩৩ সালে ক্যারিবীয় দলকে নেতৃত্ব দিয়ে ইংল্যান্ড গমন করেন। ২৪ জুন, ১৯৩৩ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ২৬ ও ২৮ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। স্বাগতিকরা ইনিংস ও ২৭ রানে জয়লাভ করে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ২২ জুলাই, ১৯৩৩ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ১৬ ও ১৪ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে সফরকারীরা ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
এরপর, ১২ আগস্ট, ১৯৩৩ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্ট খেলেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ৪ ও ১৪ রান সংগ্রহ করেছিলেন। ঐ টেস্টে সফরকারীরা ইনিংস ও ১৭ রানে পরাভূত হলে ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯৩৪-৩৫ মৌসুমের শীতকালে নিজ দেশে বব ওয়াটের নেতৃত্বাধীন দূর্বলতর এমসিসি দলের বিপক্ষে নিজের স্বর্ণালী সময় অতিবাহিত করেছিলেন। প্রতিপক্ষের দূর্বলতা চিহ্নিত করে দলকে সিরিজ বিজয়ে নেতৃত্ব দেন। প্রথম খেলোয়াড় হিসেবে একই টেস্টে অপরাজিত অর্ধ-শতরানের ইনিংস খেলার কৃতিত্বের অধিকারী হন। এটিই তাঁর খেলোয়াড়ী জীবনের উল্লেখযোগ্য ঘটনা ছিল।
৮ জানুয়ারি, ১৯৩৫ তারিখে ব্রিজটাউনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্ট খেলেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ৪ ও ০ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ৪ উইকেটে পরাজিত হলে স্বাগতিকরা চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
এরপর, ২৪ জানুয়ারি, ১৯৩৫ তারিখে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ৮ ও ২৩ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। স্বাগতিকরা ২১৭ রানে জয় পেলে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে সমতায় ফেরে।
একই সফরের ১৪ মার্চ, ১৯৩৫ তারিখে কিংস্টনে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ব্যাট হাতে নিয়ে মাঠে নামার সুযোগ পাননি। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ইনিংস ও ১৬১ রানে জয়লাভ করলে ২-১ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
ব্যক্তিত্ব ও নেতৃত্বের অপূর্ব সংমিশ্রণ ঘটিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলসহ প্রথম-শ্রেণীর দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। দূর্দান্ত কৌশল অবলম্বন ও দলকে পরিচালনার গুণাবলী নিয়ে অগ্রসর হতেন।
ক্রিকেটের বাইরে দক্ষিণ আফ্রিকাভিত্তিক মিশন স্কুলে অনেকগুলো বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। নিষেধাজ্ঞার কবলে পড়া দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট খেলাকে জনপ্রিয় করে তুলতে প্রধান ভূমিকা পালন করেন। অপর দুই ভ্রাতা ক্রিকেট খেলায় যুক্ত ছিলেন। তন্মধ্যে, রল্ফ গ্র্যান্ট টেস্ট দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন।
২৬ অক্টোবর, ১৯৭৮ তারিখে ইংল্যান্ডের কেমব্রিজের হাসপাতালে ৭১ বছর ১৭০ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
