|

ভিক্টর নিয়চি

৮ জুলাই, ১৯৯২ তারিখে হারারেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে মূলতঃ বোলার হিসেবে ভূমিকা রাখছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করে থাকেন। জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরে অংশ নিয়েছেন।

২০১৪-১৫ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে। ঘরোয়া প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে ম্যাশোনাল্যান্ড ঈগলস ও মাউন্টেনিয়ার্স ‘বি’ দলের প্রতিনিধিত্ব করেন। ১১ নভেম্বর, ২০১৪ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত মাতাবেলেল্যান্ড তুস্কার্স বনাম মাউন্টেনিয়ার্সের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। ৭ অক্টোবর, ২০১৬ তারিখে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলার জন্যে তাঁকে মনোনীত করা হয়। ২০১৭-১৮ মৌসুমের লোগান কাপে মাউন্টেনিয়ার্সের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারীর মর্যাদাপ্রাপ্ত হয়েছেন। আট খেলায় অংশ নিয়ে ৩১টি ডিসমিসাল ঘটান। ২০২০-২১ মৌসুমের লোগান কাপের আসরে মাউন্টেনিয়ার্স দলের সদস্যরূপে মনোনীত হন।

২০২০ সাল থেকে জিম্বাবুয়ের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আই খেলছেন। ২০১৯-২০ মৌসুমে নিজ দেশে ডিমুথ করুণারত্নে’র নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দলের বিপক্ষে টেস্ট খেলায় অংশগ্রহণকল্পে জিম্বাবুয়ে দলে অন্তর্ভুক্ত করা হয়। ১৯ জানুয়ারি, ২০২০ তারিখে হারারেতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে সফররত শ্রীলঙ্কা দলের বিপক্ষে অংশ নেন। ব্রায়ান মাদজিঙ্গানিয়ামা, কেভিন কাসুজাআইনস্লে এনডোভু’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ১১ ও ০* রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/৬৯ ও ০/৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ১০ উইকেটে জয় তুলে নিয়ে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

২০২২-২৩ মৌসুমে নিজ দেশে ক্রেগ ব্রাদওয়েটের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ১২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ঐ টেস্টে গুদাকেশ মোতি’র অসামান্য বোলিংশৈলীর কল্যাণে সফরকারীরা ইনিংস ও ৪ রানের ব্যবধানে জয় পায়। এছাড়াও, দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে সিরিজ জয় করে। ব্যাট হাতে নিয়ে উভয় ইনিংসে ২ রান করে সংগ্রহ করে গোদাকেশ মোতি’র শিকারে পরিণত হন। তবে, বল হাতে নিয়ে ৫/৫৬ লাভ করেছিলেন।

২০২৫ সালে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেন। ঐ বছর ক্রেগ আরভিনের নেতৃত্বাধীন জিম্বাবুয়ীয় দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ব্যক্তিগত সাফল্যের ছাঁপ রাখেন। ২২ মে, ২০২৫ তারিখে নটিংহামের ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে একমাত্র টেস্টে অংশ নেন। দ্বিতীয় ইনিংসে ১৩ রানে পৌঁছানোকালে টেস্টে পূর্বেকার সর্বোচ্চ রানের সমকক্ষ হন। খেলায় তিনি ০* ও ১৩* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১০৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, শোয়েব বশীরের অনবদ্য কৃতিত্বে সফরকারীরা চারদিনের টেস্টটি তিনদিনেই পরাজয়বরণ করে। ইনিংস ও ৪৫ রানে জয়লাভ করে ইংল্যান্ড দল। এরফলে, ইংল্যান্ড দল জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টেস্টের চারটিতে জয়লাভ করে ও একটি ড্র হয়।

সম্পৃক্ত পোস্ট