১৯ এপ্রিল, ১৯৯৩ তারিখে মাতাবেলেল্যান্ডের বুলাওয়ে এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে মূলতঃ বোলার হিসেবে খেলছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করে থাকেন। জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরে অংশগ্রহণ করেছেন।
২০১৫-১৬ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে। ঘরোয়া প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে মাতাবেলেল্যান্ড তুস্কার্স ও র্যাঞ্জার্স দলের প্রতিনিধিত্ব করেন। ২ মার্চ, ২৯১৬ তারিখে বুলাওয়েতে মিড ওয়েস্ট রাইনোর্স বনাম মাতাবেলেল্যান্ড তুস্কার্সের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে প্রো৫০ চ্যাম্পিয়নশীপে মাতাবেলেল্যান্ড তুস্কার্সের পক্ষে লিস্ট-এ ক্রিকেটে অভিষেক ঘটে। ১৪ মার্চ, ২০১৯ তারিখে স্টানবিক ব্যাংক ২০ সিরিজ প্রতিযোগিতায় একই দলের পক্ষে টি২০ খেলায় প্রথমবারের মতো অংশ নেন।
২০২০ সাল থেকে জিম্বাবুয়ের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২০১৯-২০ মৌসুমে শ্রীলঙ্কা দল জিম্বাবুয়ে সফরে আসে। জানুয়ারি, ২০২০ সালে সফরকারীদের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেয়ার উদ্দেশ্যে জিম্বাবুয়ে দলে অন্তর্ভুক্ত হন। কিন্তু, কোন টেস্টে অংশগ্রহণের সুযোগ পাননি।
পরের মাসে ক্রেগ আরভিনকে অধিনায়কের দায়িত্ব দিয়ে ২০১৯-২০ মৌসুমে বাংলাদেশ গমনার্থে একমাত্র টেস্ট খেলার জন্যে পুণরায় দলে খেলার জন্যে আমন্ত্রণ পান। ২২ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে ঢাকায় অনুষ্ঠিত টেস্টে স্বাগতিক বাংলাদেশ দলের বিপক্ষে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। দ্বিতীয় দিন নিজস্ব প্রথম উইকেটের সন্ধান পান। স্বাগতিক দল ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জয় পায়। এছাড়াও, একই দলের বিপক্ষে ওডিআই ও টি২০আই খেলার উদ্দেশ্যে জিম্বাবুয়ের সদস্য হিসেবে মনোনীত করা হয়।
৩ মার্চ, ২০২০ তারিখে সিলেটে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় দিবা-রাত্রির ওডিআইয়ে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তাঁর অভিষেক ঘটে। এরপর, ১১ মার্চ, ২০২০ তারিখে ঢাকায় সিরিজের দ্বিতীয় টি২০আইয়ে একই দলের বিপক্ষে অভিষিক্ত হন। ডিসেম্বর, ২০২০ সালে লোগান কাপের ২০২০-২১ মৌসুমের আসরে তুস্কার্সের পক্ষে খেলার জন্যে মনোনীত হন।
