৬ অক্টোবর, ১৯০০ তারিখে এসেক্সের স্টনডন ম্যাসি এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকা রাখতেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট বোলিং করতেন। ১৯৩০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
ছয় বছর বয়সে তাঁর পরিবার উইকফোর্ডের কাছে ডাউনহামে চলে যায়। পিতার তত্ত্বাবধানে নিজেকে অল-রাউন্ডার হিসেবে গড়ে তুলেন। উইকফোর্ডে দ্বিতীয় একাদশের পক্ষে খেলে অনেকগুলো স্বর্ণালী মুহূর্তের সাথে নিজেকে জড়িত করেছিলেন। কিন্তু, তাঁর পরিবার চেমসফোর্ডে চলে গেলে তাঁর জীবনের মোড় ঘুরে যায়। সেখানে স্থানীয় ক্লাবে খেলতে থাকেন। অধিনায়ক পার্সি টারল ১৯২৪ সালে তাঁকে এসেক্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করিয়ে দেন। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে লেটনে বালক অবস্থায় লাইসেন্সড ভিকটুলার্সেস দলে পিতাকে নিয়ে যান। তাঁর পিতা শতক হাঁকালেও তিনি শূন্য রানে বিদেয় নিয়েছিলেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে এসেক্সের প্রতিনিধিত্ব করতেন। ১৯২৪ থেকে ১৯৩৯ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। অনেক অসাধারণ অল-রাউন্ডারের যুগে অন্যতম সেরা ছিলেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে এসেক্সের পক্ষে সতেরো হাজারের অধিক রান ও এক হাজার আটশতের অধিক উইকেট লাভ করেছিলেন।
প্রচলিত রয়েছে যে, কাউন্টি কর্তৃপক্ষের নজর কাড়তে নিজেকে কেবলমাত্র ব্যাটসম্যান হিসেবে গড়ে তুলেলিছেন। তবে, মজবুত গড়ন ও উচ্চতার কারণে তাঁকে ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংয়ে দক্ষ হয়ে উঠার বিষয়ে পরামর্শ দেয়া হয়েছিল। বুদ্ধিমত্তা প্রয়োগে অপরিসীম দম নিয়ে দীর্ঘ সময় বোলিং করতে পারতেন।
১৯৩০ থেকে ১৯৩৯ সময়কালে ইংল্যান্ডের পক্ষে সর্বমোট চৌদ্দ টেস্টে অংশ নিয়েছেন। ১৯২৯-৩০ মৌসুমে হ্যারল্ড জিলিগানের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে নিউজিল্যান্ড গমন করেন। ১০ জানুয়ারি, ১৯৩০ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। স্মর্তব্য যে, এটিই নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসের প্রথম খেলা ছিল। হ্যারল্ড জিলিগান, মরিস অলম, মরিস টার্নবুল, স্ট্যান ওয়ার্থিংটন ও টিচ কর্নফোর্ডের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ৪/২৮ ও ২/২৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ২১ রান সংগ্রহ করেছিলেন। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। সফরকারীরা ৮ উইকেটে জয় পেলে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ২৪ জানুয়ারি, ১৯৩০ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সাথে নিজেকে জড়ান। প্রথম ইনিংসে ২২ রানে পৌঁছানোকালে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ রান অতিক্রম করেন। তিনি ৭৮* ও ৩* রান সংগ্রহ করেন। এছাড়াও, ০/৬৬ ও ১/২১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে স্বাগতিকরা ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
১৯৩৩-৩৪ মৌসুমে ডগলাস জার্ডিনের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে ভারত গমন করেন। ১০ ফেব্রুয়ারি, ১৯৩৪ তারিখে মাদ্রাজে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ১ ও ৮ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/২৩ ও ০/২৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ২০২ রানে পরাভূত হলে ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯৩৫ সালে নিজ দেশে হার্বি ওয়েডের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ১৫ জুন, ১৯৩৫ তারিখে নটিংহামে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের ছাঁপ রাখেন। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে আরজে ক্রিস্পকে বিদেয় করে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বেকার সেরা ছিল ৫/৫৫। বল হাতে নিয়ে ৬/৩৫ ও ১/১৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ঐ টেস্টে দলের একমাত্র ইনিংসে ১১* রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ১৩ জুলাই, ১৯৩৫ তারিখে লিডসে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ৩/৫৮ ও ০/৬৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ৪ ও ২ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে স্বাগতিকরা ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
১৯৩৯ সালে নিজ দেশে রল্ফ গ্র্যান্টের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ১৯ আগস্ট, ১৯৩৯ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ২/১৬১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাট হাতে নিয়ে ২৪ রান তুলে রান-আউটে বিদেয় নেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
ঐ সময়ে অনেক খেলোয়াড়ের ন্যায় তিনিও প্রথম-শ্রেণীর ক্রিকেটেই অধিক সফলতা পেয়েছিলেন। টেস্ট ক্রিকেটে তেমন সফল না হলেও গড়পড়তা খেলেছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লেন হাটনের সাথে আর্মি ফিজিক্যাল টেনিং স্কুলে প্রশিক্ষণ নেন। সাধারণমানের জীবনধারন করলেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন। সচরাচর দুষ্কর ব্যাটসম্যান হিসেবে তিনি ওল্ড জর্জ গানের নাম উচ্চারণ করেন। সর্বদাই তাঁর বিপক্ষে বোকামীপূর্ণ বোলিং করার কথা তুলে ধরেন। ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলায়ও দক্ষ ছিলেন। গোলরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতেন। কুইন্স পার্ক র্যাঞ্জার্সের পক্ষে খেলতেন।
১৯৩৪ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন। ২৬ জানুয়ারি, ১৯৬১ তারিখে নটিংহ্যামশায়ারের নিউয়ার্ক এলাকায় ৬০ বছর ১১২ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
