১১ অক্টোবর, ১৯২৬ তারিখে চেশায়ারের নর্থ ল্যাচফোর্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বামহাতে ব্যাটিং উদ্বোধন করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাশাপাশি সীমানা এলাকায় দূর্দান্ত ফিল্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।
খেলোয়াড়ী জীবনের শুরুতে দূর্দান্ত খেললেও পরবর্তীকালে এ ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। ১৯৪৫ থেকে ১৯৫৭ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। অল্ডেনহামে বিদ্যালয় জীবন শেষ করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কেমব্রিজ দলের রান সংগ্রহে প্রধান চালিকাশক্তিতে পরিণত হন। ১৯৪৮ থেকে ১৯৫০ সময়কালে তিন বছরের সবকটিতেই ব্লুধারী হন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলেছেন। ১৯৪৮ থেকে ১৯৫৬ সময়কালে দলটির পক্ষে ৬২ খেলায় অংশ নিয়ে আঠারো শতক সহযোগে ৪১.৭৭ গড়ে ৮৫৬৪ রান তুলেছেন। তন্মধ্যে, ১৯৫০ সালে হোভে অনুষ্ঠিত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বনাম সাসেক্সের মধ্যকার খেলায় ব্যক্তিগত সর্বোচ্চ ২১২ রান সংগ্রহ করেছিলেন।
১৯৪৫ সালে লর্ডসে সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘ভিক্টোরি টেস্টে’ ইংল্যান্ড দলের পক্ষে খেলেন। এ খেলাটিতে অংশ নেয়ার মাধ্যমে তাঁর প্রথম-শ্রেণীর ক্রিকেট জীবনের সূত্রপাত ঘটে। ঐ গ্রীষ্মে কেমব্রিজের পক্ষে দারুণ সময় কাটান। তন্মধ্যে, মে মাসে গুরুত্বহীন খেলাগুলো থেকে সহস্র রানের সন্ধান পান। ফলশ্রুতিতে, জাতীয় দলে খেলার জন্যে আমন্ত্রিত হন। ১৯৪৯ সালে ফেনার্সে কেমব্রিজের সদস্যরূপে এসেক্সের বিপক্ষে দারুণ খেলেন। হুবার্ট ডগার্টকে সাথে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪২৯ রানের নিরবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন। এর এক বছর পূর্বে সাসেক্সের বিপক্ষে ২১২ রান সংগ্রহ করেন।
১৯৪৮ থেকে ১৯৫০ সময়কালে ইংল্যান্ডের পক্ষে পাঁচটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৪৮ সালে নিজ দেশে ডোনাল্ড ব্র্যাডম্যানের নেতৃত্বাধীন ‘অপরাজেয়’ নামধারী অজি দলের মুখোমুখি হন। তবে, দশ ইনিংস থেকে কেবলমাত্র তিনবার দুই অঙ্কের কোটা স্পর্শ করতে সক্ষম হয়েছিলেন। একটিমাত্র অর্ধ-শতরানের সন্ধান পান।
১৪ আগস্ট, ১৯৪৮ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। অ্যালান ওয়াটকিন্সের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ১ ও ১০ রান সংগ্রহ করেছিলেন। ইনিংস ও ১৪৯ রানে পরাজিত হলে স্বাগতিকরা ৪-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯৫০ সালে নিজ দেশে জন গডার্ডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ২০ জুলাই, ১৯৫০ তারিখে নটিংহামে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ০ ও ৬৭ রান সংগ্রহ করেছিলেন। ১০ উইকেটে পরাজিত হলে স্বাগতিকরা চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে।
এরপর, ১২ আগস্ট, ১৯৫০ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৭ ও ৩ রান সংগ্রহ করে উভয় ইনিংসে আল্ফ ভ্যালেন্টাইনের শিকারে পরিণত হয়েছিলেন। আল্ফ ভ্যালেন্টাইনের অসাধারণ বোলিং সাফল্যে সফরকারীরা ইনিংস ও ৫৬ রানে জয় পেলে ৩-১ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
১৯৫০-৫১ মৌসুমে ফ্রেডি ব্রাউনের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ২২ ডিসেম্বর, ১৯৫০ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। ব্যাট হাতে নিয়ে তিনি ৮ ও ৫ রান সংগ্রহ করেছিলেন। ২৮ রানে পরাভূত হলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
আন্তর্জাতিক ক্রিকেটে সুবিধে করতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে ঠিকই সাফল্যের সন্ধান পেয়েছিলেন ও তারকা খ্যাতি ধরে রাখেন। ১৯৫৫ সালে সাত খেলায় অংশ নিয়ে ৬৪৪ রান তুলেন। ১৯৫০ সালের পর থেকে শিক্ষকতা পেশায় সময় দিতে থাকেন। টনব্রিজ, রাগবি ও ডালউইচে শিক্ষক হিসেবে দায়িত্ব পালনসহ অস্ট্রেলিয়ায় প্রধানশিক্ষক হিসেবে যুক্ত থাকেন। এছাড়াও, হকি খেলায় ব্লুধারী হন। ১২ মে, ২০১৫ তারিখে ৮৮ বছর ২১৩ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। ব্যক্তিগত জীবনে বিবাহিত ও অ্যান্থনি ডিউজ নামীয় সন্তানের জনক ছিলেন। তাঁর সন্তানও ১৯৭৮ সালে ক্রিকেটে ব্লু লাভ করে।
