৬ মে, ১৯২৭ তারিখে বার্বাডোসের মাইল এন্ড এ কোয়ার্টার এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৫০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

তাঁর খেলোয়াড়ী জীবন বেশ স্বল্পকালীন ছিল। ১৯৪৪-৪৫ মৌসুম থেকে ১৯৫৩-৫৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে বার্বাডোস ও জ্যামাইকা এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। ১৭ বছর বয়সে বার্বাডোসের পক্ষে প্রথমবারের মতো খেলতে নামেন। ১৯৪৯ সালে ডার্বিশায়ারের শৌখিন খেলোয়াড় হিসেবে দুইবার অংশ নেন। এরপর, ১৯৫৩-৫৪ মৌসুমে সফররত এমসিসি দলের বিপক্ষে জ্যামাইকার সদস্যরূপে দুই খেলায় অংশগ্রহণ করেছিলেন। উভয় খেলায় অর্ধ-শতরানের ইনিংস উপহার দেন। ফলশ্রুতিতে, ওয়েস্ট ইন্ডিজ দলে খেলার পথ সুগম হয়।

১৯৫৪ সালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ লাভ করেছিলেন। ১৯৫৩-৫৪ মৌসুমে নিজ দেশে লিওনার্ড হাটনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১৫ জানুয়ারি, ১৯৫৪ তারিখে কিংস্টনের সাবিনা পার্কে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ক্লিফোর্ড ম্যাকওয়াট ও জন হল্টের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। সিরিজের প্রথম টেস্টটিতে তিনি ০ ও ৩০ রানের ইনিংস খেলেন। ১৪০ রানে জয় পেলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। পরবর্তীতে, এটিই তাঁর ষষ্ঠ ও সর্বশেষ প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ ছিল।

১৮ জুন, ২০১৪ তারিখে জ্যামাইকার মে পেন এলাকায় ৮৭ বছর ৪৩ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

সম্পৃক্ত পোস্ট