৬ ডিসেম্বর, ১৯৯৪ তারিখে বোম্বেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক কিংবা লেগ-ব্রেক গুগলি বোলিং করে থাকেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরে অংশ নিয়েছেন ও দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।

৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার অধিকারী। সন্তোষ আয়ার ও রোহিনী আয়ার দম্পতির সন্তান। মাতুঙ্গাভিত্তিক ডন বস্কো হাই স্কুলে অধ্যয়ন করেন। এরপর, মুম্বইভিত্তিক রামনিরঞ্জন আনন্দীলাল পোদ্দার কলেজে পড়াশুনো করেন।

২০১৪-১৫ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে মুম্বই ও পশ্চিমাঞ্চলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্সের পক্ষে খেলেছেন। ৭ ডিসেম্বর, ২০১৪ তারিখে ওয়াংখেড়েতে অনুষ্ঠিত মুম্বই বনাম জম্মু ও কাশ্মীরের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।

মূলতঃ তিন নম্বর অবস্থানে মাঠে নামতেই তিনি অধিক স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন ও খেলাকে উপভোগ করেন। ধ্রুপদী ক্রীড়াশৈলীর অপূর্ব প্রদর্শন ঘটিয়ে জাতীয় দলে ঠাঁই করে নিয়েছেন। এছাড়াও, বিদ্যুৎগতিতে ফিল্ডিং কর্মে অগ্রসর হন। ২০১৫-১৬ মৌসুমের রঞ্জী ট্রফি প্রতিযোগিতায় শীর্ষ রান সংগ্রাহকে পরিণত হন। ৭৩.৩৮ গড়ে ১৩২১ রান সংগ্রহ করেছিলেন। আইপিএলের ২০১৫ সালের আসরে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।

২৩ বছর ১৪২ দিন বয়সে ২৭ এপ্রিল, ২০১৮ তারিখে দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক হিসেবে মনোনীত হন। খেলায় প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১০ ছক্কায় ৪০ বল থেকে ৯৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলের বিজয়ে ভূমিকা রাখেন ও অধিনায়কত্বের শুভসূচনা ঘটান। দিল্লি ডেয়ারডেভিলসের বিজয়ে উপর্যুপরী তিনটি অর্ধ-শতকের এটি তৃতীয় ছিল। এরফলে, দলের সর্বকনিষ্ঠ অধিনায়কের মর্যাদা লাভ করেন। মৌসুমের মাঝামাঝি সময়ে গৌতম গম্ভীরের ব্যাটিং দূর্বলতায় তাঁকে এ দায়িত্ব পালন থেকে অব্যহতি দেয়ার ফলে এ সুযোগ পান।

২০১৭ সাল থেকে ভারতের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ১ নভেম্বর, ২০১৭ তারিখে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো খেলার সুযোগ পান। নয়াদিল্লিতে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০আইয়ে প্রথম খেলেন। ১০ ডিসেম্বর, ২০১৭ তারিখে ধর্মশালায় অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআইয়ে প্রথমবারের মতো অংশ নেন। ১৮ ডিসেম্বর, ২০১৯ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওডিআই মারমুখী ভঙ্গীমায় অবতীর্ণ হন। এক ওভার থেকে ৩১ রান আদায় করে নিয়েছিলেন। এরফলে, যে-কোন ভারতীয় ব্যাটসম্যানের পক্ষে এক ওভারে সর্বাধিক রান সংগ্রহের কৃতিত্ব প্রদর্শন করেন। ৫ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইয়ে নিজস্ব প্রথম শতক হাঁকান। ১০৭ বল মোকাবেলায় ১০৩ রান তুলে ভারতের সংগ্রহকে ৩৪৭ রানে নিয়ে যেতে ভূমিকা রাখেন।

২০২১-২২ মৌসুমে নিজ দেশে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ২৫ নভেম্বর, ২০২১ তারিখে কানপুরে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। অভিষেক পর্বটি দূর্দান্ত ছিল। ১০৫ ও ৬৫ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ায় ও দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে। তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান।

একই মৌসুমে নিজ দেশে ডিমুথ করুণারত্নে’র নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের মুখোমুখি হন। ১২ মার্চ, ২০২২ তারিখে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৯২ ও ৬৭ রান সংগ্রহ করেছিলেন। তাঁর অসামান্য ব্যাটিংশৈলীর কল্যাণে ঐ টেস্টে স্বাগতিকরা ২৩৮ রানে জয়লাভ করে ও ২-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান।

২০২৩-২৪ মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে রোহিত শর্মা’র নেতৃত্বাধীন ভারতীয় দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ২৬ ডিসেম্বর, ২০২৩ তারিখের বক্সিং ডেতে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৩১ ও ৬ রান সংগ্রহ করেছিলেন। ডিন এলগারের অসাধারণ শতকের কল্যাণে স্বাগতিকরা ইনিংস ও ৩২ রানে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

একই মৌসুমে নিজ দেশে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে বিশাখাপত্তনমে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ২৭ ও ২৯ রান সংগ্রহসহ একটি ক্যাচ ও সমসংখ্যক রান-আউটের সাথে নিজেকে জড়ান। তবে, জসপ্রীত বুমরা’র অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে ঐ টেস্টে তাঁর দল ১০৬ রানে জয়লাভ করে ও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফেরে।

সম্পৃক্ত পোস্ট