|

শাহাদাত হোসেন

৪ ফেব্রুয়ারি, ২০০২ তারিখে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে খেলছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

২০২০-২১ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ক্রিকেটে চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করছেন। ২৬ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে চট্টগ্রামে অনুষ্ঠিত আয়ারল্যান্ড ‘এ’ বনাম বাংলাদেশ এমার্জিং টিমের মধ্যকার অনানুষ্ঠানিক টেস্টে অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। ঐ খেলায় তাঁর দল ইনিংস ও ২৩ রানের ব্যবধানে জয়লাভ করেছিল।

২০২৩ সাল থেকে বাংলাদেশের পক্ষে টেস্ট ও টি২০আইয়ে প্রতিনিধিত্ব করছেন। ৪ অক্টোবর, ২০২৩ তারিখে হ্যাংঝুতে মালয়েশিয়ার বিপক্ষে টি২০আইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছেন। ২০২৩-২৪ মৌসুমে নিজ দেশে টিম সাউদি’র নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। নভেম্বর, ২০২৩ সালে নিজ দেশে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্যে নাজমুল হোসেন শান্ত’র অধিনায়কত্বে বাংলাদেশ দলের সদস্যরূপে হাসান মাহমুদ ও হাসান মুরাদের সাথে তাঁকেও প্রথমবারের মতো আমন্ত্রণ জানানো হয়। ২৮ নভেম্বর, ২০২৩ তারিখে সিলেটে অনুষ্ঠিত দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজের প্রথম টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। প্রথম ইনিংসে ২৪ রান ও দ্বিতীয় ইনিংসে ১৮ রান তুলে দলের ১৫০ রানের বিজয়ে ভূমিকা রাখেন।

একই সফরের ৬ ডিসেম্বর, ২০২৩ তারিখে মিরপুরে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সন্ধান পান। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ২৪ রান অতিক্রম করেন। ব্যাট হাতে নিয়ে তিনি ৩১ ও ৪ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। গ্লেন ফিলিপসের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়া নৈপুণ্যের কল্যাণে ৪ উইকেটে জয় পেলে সফরকারীরা সিরিজে সমতা আনতে সক্ষম হয়।

২০২৩-২৪ মৌসুমে নিজ দেশে শ্রীলঙ্কা মুখোমুখি হন। দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে অংশ নেন। দলের অনেকের ন্যায় তিনিও এ সিরিজে ব্যর্থতার পরিচয় দেন। ২২ মার্চ, ২০২৪ তারিখে সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১৮ ও ৯ রান সংগ্রহ করেন। ঐ টেস্টে তাঁর দল ৩২৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়।

এরপর, ৩০ মার্চ, ২০২৪ তারিখের চট্টগ্রাম টেস্টে অংশ নেন। তুলনামূলকভাবে কিছুটা ভালো খেলেন। ৮ ও ১৫ রান সংগ্রহ করেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ঐ টেস্টেও স্বাগতিকরা ১৯২ রানে পরাস্ত হবার পাশাপাশি ২-০ ব্যবধানে সিরিজে পরাজয়বরণ করে।

২০২৪-২৫ মৌসুমে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশী দলের সদস্যরূপে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যান। ২২ নভেম্বর, ২০২৪ তারিখে নর্থ সাউন্ডে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৮ ও ৪ রান সংগ্রহ করে উভয় ইনিংসে কেমার রোচের শিকারে পরিণত হয়েছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। জাস্টিন গ্রিভসের অসাধারণ অল-রাউন্ড সাফল্যে স্বাগতিকরা ২০১ রানে জয়লাভ করলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

এরপর, ৩০ নভেম্বর, ২০২৪ তারিখে কিংস্টনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ২২ ও ২৮ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, তাইজুল ইসলামের দূর্দান্ত বোলিংয়ের কল্যাণে সফরকারীরা ১০১ রানে জয় পেয়ে সিরিজটি অমিমাংসিত অবস্থায় শেষ করতে সক্ষম হয়।

সম্পৃক্ত পোস্ট