১০ সেপ্টেম্বর, ১৯৯৯ তারিখে মোরাতুয়ায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে দলে খেলছেন। উইকেট-রক্ষণের পাশাপাশি ডানহাতে ব্যাটিং করেন। শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
কোট্টাসিংহাকারাগে নিরোশন ফার্নান্দো ও কান্ডাগে নদীকা দময়ন্তী দম্পতির সন্তান। তাঁর পরিবারে জ্যেষ্ঠ ভ্রাতা ও দুই কনিষ্ঠা বোন রয়েছে। ২০০৪ সালে মোরাতুয়া বিদ্যালয়ে ভর্তি হন। ২০১১ সালে অনূর্ধ্ব-১৩ প্রথম বিভাগ দলে খেলার জন্যে মনোনীত হন। ২০১৩ সালে একই দলের অধিনায়কত্ব করেন। কালুতারার তিসা বিদ্যালয়ের বিপক্ষে বিপক্ষে সর্বোচ্চ ৮৪ রান তুলেন। উইকেট-রক্ষণে অগ্রসর হন। অনূর্ধ্ব-১৫ প্রথম বিভাগ দলে খেলেন। কালুতারার হলি ক্রসের বিপক্ষে সর্বোচ্চ ৭৫ রান সংগ্রহ করেন। ২০১৮-১৯ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে কোল্টস ক্রিকেট ক্লাব, পুলিশ স্পোর্টস ক্লাব ও রাগামা ক্রিকেট ক্লাবের পক্ষে খেলেছেন। এছাড়াও, মোরাতুয়া বিদ্যালয়, কলম্বো স্টার্স ও ক্যান্ডি তুস্কার্সের পক্ষে খেলেছেন। ১১ জানুয়ারি, ২০১৯ তারিখে কলম্বোর বার্গারে অনুষ্ঠিত কোল্টস বনাম বার্গারের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। দূর্দান্ত খেলে এক পর্যায়ে জাতীয় দলে জায়গা করে নেন। ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে নিউজিল্যান্ড গমনার্থে টেস্ট দলের সদস্যরূপে অন্তর্ভুক্ত হন।
২০২৩ সাল থেকে শ্রীলঙ্কার পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছেন। ২০২২-২৩ মৌসুমে ডিমুথ করুণারত্নে’র নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের সদস্যরূপে নিউজিল্যান্ড গমন করেন। ১৭ মার্চ, ২০২৩ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ১৯ ও ৩৯ রান সংগ্রহ করেছিলেন। তবে, হেনরি নিকোলসের অসাধারণ দ্বি-শতকের কল্যাণে সফরকারীরা ইনিংস ও ৫৮ রানে পরাজিত হলে ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
এরপর, ২০২২-২৩ মৌসুমে নিজ দেশে টেস্ট ক্রিকেটের নবীনতম সদস্য আয়ারল্যান্ডের মুখোমুখি হন। ১৬ এপ্রিল, ২০২৩ তারিখে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ২৯ রান তুলেন। পরবর্তীতে, ২৪ এপ্রিল, ২০২৩ তারিখে একই মাঠে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টের প্রথম ইনিংসে ৩৩৯ বল মোকাবেলায় ২০৫ রান তুলেন। এটি তাঁর নিজস্ব প্রথম দ্বি-শতরানের ইনিংস ছিল। দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসের সাথে ২৬৮ রানের জুটি গড়েন। এ টেস্টে তাঁর দল ইনিংস ও ১০ রানে জয়লাভ করে। পাশাপাশি ২-০ ব্যবধানে সিরিজ বিজয় নিশ্চিত করে।
২০২৩-২৪ মৌসুমে ধনঞ্জয় ডি সিলভা’র অধিনায়কত্বে বাংলাদেশ গমন করেন। দুই টেস্ট নিয়ে গড়া সিরিজের প্রথমটি বেশ ভালো খেলেন। ২২ মার্চ, ২০২৪ তারিখে সিলেটে অনুষ্ঠিত ঐ টেস্টে ৫৭ ও ৩৪ রান সংগ্রহ করে ৩৫৮ রানের বিশাল বিজয়ে অংশ নেন। তবে, ৩০ মার্চ, ২০২৪ তারিখে চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে মোটেই সুবিধে করতে পারেননি। ২ ও ১০ রান সংগ্রহ করেছিলেন। তাসত্ত্বেও, সফরকারীরা ১৯২ রানে জয়লাভসহ ২-০ ব্যবধানে সিরিজ জয় করে।
২০২৪ সালে ধনঞ্জয় ডি সিলভা’র নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ২৯ আগস্ট, ২০২৪ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ৭ ও ১৩ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, চারটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। তবে, গাস অ্যাটকিনসনের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়া নৈপুণ্যের কল্যাণে স্বাগতিকরা ১৯০ রানে জয় পেয়ে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
