১১ মার্চ, ১৯০৩ তারিখে ওতাগোর ডুনেডিনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংয়ে নামতেন। ১৯৩০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
প্রকৃত মানসম্পন্ন ফাস্ট বোলার ছিলেন। ১৯২১-২২ মৌসুম থেকে ১৯৪৩-৪৪ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ওতাগো ও ওয়েলিংটনের প্রতিনিধিত্ব করেছেন। তন্মধ্যে, ১৯২০-২১ মৌসুম থেকে ১৯৩৭-৩৮ মৌসুম পর্যন্ত ওতাগোর পক্ষে খেলেন। এছাড়াও, ১৯৪৩-৪৪ মৌসুমে ওয়েলিংটনের পক্ষে একটি খেলায় অংশ নিয়েছিলেন। ওতাগোর পক্ষে অবস্থানকালীন কিছু স্মরণীয় খেলা উপহার দিয়েছিলেন। ক্যান্টারবারির বিপক্ষে একটি খেলায় ৮৯ রান খরচায় ১১ উইকেট দখল করেন। পরের মৌসুমে ওয়েলিংটনের বিপক্ষে ১৪৫ রান খরচায় ১১ উইকেট পান। নিচেরসারিতে ব্যাট হাতে নিয়েও সফলতার পরিচয় দিয়েছেন। ১৯২৭-২৮ মৌসুমে ওয়েলিংটনের বিপক্ষে ১০৪ রানের ব্যক্তিগত একমাত্র শতক হাঁকান।
১৯ বছর বয়সে সাউথ আইল্যান্ডের পক্ষে প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেন। ১৯২৪-২৫ মৌসুমে ক্যান্টারবারির বিপক্ষে খেলায় ৮৯ রান খরচায় ১১ উইকেট দখল করেছিলেন। একই মৌসুমে ভিক্টোরিয়ার বিপক্ষে খেলেন। অতঃপর, অস্ট্রেলীয় একাদশের মুখোমুখি হন।
১৯৩০ থেকে ১৯৩২ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। তন্মধ্যে, ১০ জানুয়ারি, ১৯৩০ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত নিউজিল্যান্ডের ক্রিকেটের ইতিহাসের উদ্বোধনী টেস্টে অংশগ্রহণের গৌরব অর্জন করেন। ১৯২৯-৩০ মৌসুমে নিজ দেশে হ্যারল্ড জিলিগানের নেতৃত্বাধীন ইংল্যান্ডের বিপক্ষে ঐ সিরিজের প্রথম দুই টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৩৪ রান খরচায় পাঁচ উইকেট দখল করেন। তন্মধ্যে, ওলিকে দুইবার বিদেয় করেছিলেন।
সিরিজের উদ্বোধনী টেস্টটি নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসের প্রথম খেলা ছিল। অ্যাল্বি রবার্টস, স্টুই ডেম্পস্টার, টেড ব্যাডকক, হেনরি ফোলি, ম্যাট হেন্ডারসন, কার্লি পেজ, রজার ব্লান্ট, টম লরি ও বিল মেরিটের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ১১ ও ৮ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৪০ ও ০/৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। পাশাপাশি, দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। সফরকারীরা ৮ উইকেটে জয় পেলে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ২৪ জানুয়ারি, ১৯৩০ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সাথে নিজেকে জড়ান। ইংল্যান্ডের প্রথম ইনিংসে জিওফ্রে লেগকে বিদেয় করে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বতন সেরা ছিল ১/৪০। খেলায় তিনি ৩/৬৬ ও ১/২৪ লাভ করেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে স্বাগতিকরা ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
দুই বছর পর ১৯৩১-৩২ মৌসুমে নিজ দেশে জক ক্যামেরনের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ৪ মার্চ, ১৯৩২ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে আরও একবার খেলার সুযোগ পেয়েছিলেন। ঐ খেলায় ১১১ রানের বিনিময়ে তিন উইকেট পান। ২/৭৮ ও ১/৩৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, ২ ও ৫ রান সংগ্রহ করেছিলেন। ৮ উইকেটে জয় পেলে স্বাগতিকরা ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। সব মিলিয়ে স্বল্পকালীন খেলোয়াড়ী জীবনে আট উইকেট কব্জা করেন।
ক্রিকেটের পাশাপাশি রাগবি খেলায় দক্ষ ছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে রাগবি ও ক্রিকেটে অংশ নিয়ে প্রথম ‘ডাবল অল ব্ল্যাকের’ গৌরব অর্জন করেন। ১৯২২ সালে অল ব্ল্যাক দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। পাঁচ খেলার চারটিতে অংশ নিয়েছিলেন তিনি। তন্মধ্যে, তিনটি নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে খেলেন। শুরুতে ফাইভ/এইট অবস্থানে খেলতেন ও ২১ বছর বয়সে রাগবি খেলা ছেড়ে দেন।
ব্যক্তিগত জীবনে বাণিজ্যিক ভ্রমণসঙ্গী হিসেবে কাজ করতেন। ১৭ মার্চ, ১৯৭৮ তারিখে ওয়েলিংটনের লোয়ার হাটে ৭৫ বছর ৬ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
