২৭ আগস্ট, ১৯৭০ তারিখে হার্টফোর্ডশায়ারের ওয়াটফোর্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলিং কর্মে অগ্রসর হতেন। বামহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ের পাশাপাশি নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৯০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে এসেক্স দলের প্রতিনিধিত্ব করেছেন। ছয় ফুটের অল্প বেশী উচ্চতা নিয়ে এক পর্যায়ে জন লিভারের যোগ্য উত্তরসূরী হিসেবে তাঁকে বিবেচনা করা হতো। ১৯৮৮ সালে কাউন্টি দলটির পক্ষে তিনি প্রথমবারের মতো খেলতে নামেন। এরপূর্বে ১৯৮৭-৮৮ মৌসুমে হার্টফোর্ডশায়ারের বিদ্যালয় দল ও হার্টফোর্ডশায়ারের পক্ষে খেলে বিপুল সাফল্য পান। ১৬ বছর বয়সে মাইনর কাউন্টিতে অংশ নিয়ে তৎকালীন সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের মর্যাদা লাভ করেছিলেন।
১৯৯০ সালের শেষদিকে এসেক্স দলে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। ডার্বিশায়ারের বিপক্ষে ৫/৩৪ লাভ করেছিলেন। এরফলে, শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ড ‘এ’ দলের সদস্যরূপে অন্তর্ভুক্ত হন। শেষ মুহূর্তে আঘাতের কারণে দলের বাইরে চলে যেতে বাধ্য হওয়া স্টিভ ওয়াটকিনের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।
এ সময়ে তিনি অ্যাডিলেডভিত্তিক ইস্ট টোরেন্স ডিস্ট্রিক্টের পক্ষে দ্বিতীয় মৌসুম খেলছিলেন। এ সফরে বেশ ভালো খেলেছিলেন ও ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে, পিঠের আঘাতের কারণে ১৯৯১ মৌসুমের প্রায় পুরোটা সময় খেলার জগৎ থেকে দূরে থাকতে বাধ্য হন। ঐ বছরের আগস্ট মাসে তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। ১৯৯২ সালে পুণরায় খেলার জগতে ফিরে আসেন ও ৬৪ উইকেট দখল করেন। ‘এ’ দলের সদস্যরূপে ঠাঁই পান। এবার অস্ট্রেলিয়া গমন করেন। ১৯৯৩ সালে কাউন্টি ক্যাপ লাভ করেন।
১৯৯৩ থেকে ১৯৯৫ সময়কালে ইংল্যান্ডের পক্ষে পাঁচটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৯৩ সালে নিজ দেশে অ্যালান বর্ডারের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। একচেটিয়া সিরিজের প্রথম দুই টেস্টে দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হন। ২-০ ব্যবধানে পিছিয়ে থাকার পর ১ জুলাই, ১৯৯৩ তারিখে নটিংহামের ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। গ্রাহাম থর্প, মার্টিন ম্যাককগ ও মার্ক ল্যাথওয়েলের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ব্যাট হাতে নিয়ে ৬ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে তিনি ১৫২ রান খরচায় চার উইকেট দখল করেন। খেলায় তিনি ৩/১০৮ ও ১/৪৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। অপর অভিষেকধারী গ্রাহাম থর্পের অসাধারণ শতক সত্ত্বেও খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সফরকারীরা ছয়-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে।
পরের টেস্টে আবারও নিজের দক্ষতার বহিঃপ্রকাশ ঘটাতে তৎপর হন। ৫১ ওভার বোলিং করে ৩/১৬১ পান। ঐ খেলায় ইংল্যান্ড দল ইনিংস ব্যবধানে পরাজিত হয়। বার্মিংহামে আরও একটি পরাজয়ের কবলে পড়ে তাঁর দল। অন্যান্য ইংরেজ সিমারদের ন্যায় তিনিও শক্ত ব্যাটিং অবস্থান নিয়ে গড়া দলের বিপক্ষে মোটেই সুবিধে করতে পারেননি।
১৯৯৫-৯৬ মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে মাইক অ্যাথার্টনের নেতৃত্বাধীন ইংরেজ দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ১৪ ডিসেম্বর, ১৯৯৫ তারিখে ডারবানে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের স্বাক্ষর রাখেন। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বেকার সেরা ছিল ৩/১০৮। খেলায় তিনি ৩/৪৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, বৃষ্টিবিঘ্নিত ও মন্দালোকের কারণে ড্র হওয়া খেলাটিতে ব্যাট হাতে তাঁকে মাঠে নামতে হয়নি।
একই সফরের ২৬ ডিসেম্বর, ১৯৯৫ তারিখে পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। ঘটনাবহুল এ টেস্টের খেলার দ্বিতীয় দিন উরুতে টান পড়ায় নিজের ৩০তম ওভার শেষ করতে অক্ষম হলে ডমিনিক কর্ক শেষ দুই-বল বোলিং করে সম্পন্ন করেন। খেলায় তিনি ১/৮২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ০* রান সংগ্রহ করেন। তবে, গ্যারি কার্স্টেনের অসাধারণ ব্যাটিং বদান্যতায় খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় অগ্রসর হতে থাকে। পরবর্তীতে এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
