|

জ্যাক রাদারফোর্ড

২৫ সেপ্টেম্বর, ১৯২৯ তারিখে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্রুস রক এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ রক্ষণাত্মক ভঙ্গীমায় উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৫০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

‘পিথাগোরাস’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার টেস্ট পথিকৃতের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। রক্ষণাত্মক ধাঁচ অবলম্বনে ইনিংস উদ্বোধনে নামতেন। ১৯৫২-৫৩ মৌসুম থেকে ১৯৬০-৬১ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। সিডনিতে টেস্টে অংশগ্রহণের যাচাই-বাছাইয়ের খেলায় শতক হাঁকিয়েছিলেন। এ খেলার পূর্বে গাড়ী দূর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছিলেন।

১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৫৬-৫৭ মৌসুমে ইয়ান জনসনের নেতৃত্বাধীন অজি দলের সাথে ভারত গমন করেন। ২৭ বছর বয়সে ২৬ অক্টোবর, ১৯৫৬ তারিখে বোম্বের ব্রাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। জ্যাক উইলসনের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। এরফলে, প্রথম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ানভিত্তিক প্রথম খেলোয়াড় হিসেবে ব্যাগি গ্রীন ক্যাপ লাভের অধিকারী হন। ২০৪তম অস্ট্রেলীয় টেস্ট ক্রিকেটারের মর্যাদা পান। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৩০ রান সংগ্রহসহ ০/৪ ও ১/১১ লাভ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে সফরকারীরা ১-০ ব্যবধানে এগিয়ে যায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

এছাড়াও, ১৯৫৬ সালে দলের সাথে ইংল্যান্ড গমন করেছিলেন। তবে, এ সফরে কোন টেস্ট খেলার সুযোগ পাননি। ১৯৫৭-৫৮ মৌসুমের দক্ষিণ আফ্রিকা সফরে আর তাঁকে দলে রাখা হয়নি। তবে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পক্ষে খেলা চালিয়ে যেতে থাকেন। এরপর, ৩১ বছর বয়সে পার্থে সফররত ওয়েস্ট ইন্ডিয়ান একাদশের বিপক্ষে প্রস্তুতিমূলক খেলায় স্ট্রোকে আক্রান্ত হন। এরপর, আর তিনি কোন প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেননি। ক্রিকেটের বাইরে গণিত বিষয়ের শিক্ষক ছিলেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। ২৬ এপ্রিল, ২০২২ তারিখে ৯২ বছর ২১৩ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

সম্পৃক্ত পোস্ট