২২ ফেব্রুয়ারি, ১৯৯৮ তারিখে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, উইকেট-রক্ষণেও পারদর্শী তিনি। বাংলাদেশের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
২০১৬-১৭ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর বাংলাদেশী ক্রিকেটে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা প্লাটুন, গাজী গ্রুপ ক্রিকেটার্স, খুলনা টাইগার্স, মিনিস্টার রাজশাহী, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ ‘এ’, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন। ২৭ ডিসেম্বর, ২০১৬ তারিখে সিলেটে অনুষ্ঠিত সিলেট বিভাগ বনাম রংপুর বিভাগের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
২০২৩ সাল থেকে বাংলাদেশের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে স্মরণীয় টেস্ট সিরিজ জয়ের পর ভারতের বিপক্ষে টেস্ট খেলে বাংলাদেশ দল। ১২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে আঘাতপ্রাপ্ত শরিফুল ইসলামের পরিবর্তে তাঁকে দলে যুক্ত করা হয়। তবে, খেলায় অংশগ্রহণের সুযোগ পাননি।
২০২৪-২৫ মৌসুমে নিজ দেশে এইডেন মার্করামের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ২১ অক্টোবর, ২০২৪ তারিখে মিরপুরে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ২ ও ৫৮ রান সংগ্রহ করে উভয় ইনিংসে কেশব মহারাজের শিকারে পরিণত হন। কাইল ভেরিনের অসাধারণ শতকের কল্যাণে স্বাগতিকরা ৭ উইকেটে পরাজিত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
টেস্ট অভিষেকের পূর্বেই ৪ অক্টোবর, ২০২৩ তারিখে হাংজুতে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম মালয়েশিয়ার মধ্যকার টি২০আইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। এ বছর টেস্টে অভিষেকের পূর্বে ১৯টি টি২০আইয়ে অভিজ্ঞতালব্ধ ছিলেন।
অভিষেক টেস্টে অর্ধ-শতরানের ইনিংস খেললেও পরের টেস্ট শুরু হবার পূর্বেই অনিশ্চয়তার মুখোমুখি হন। রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলনকালে তিনি আঘাতের কবলে পড়েন। এরফলে, ২৮ অক্টোবর, ২০২৪ তারিখে তাঁর পরিবর্তে মহিদুল ইসলাম অঙ্কনকে প্রথমবারের মতো উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে তাঁকে দলে ঠাঁই দেয়া হয়।
২০২৪-২৫ মৌসুমে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশী দলের সদস্যরূপে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যান। ২২ নভেম্বর, ২০২৪ তারিখে নর্থ সাউন্ডে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৫৩ ও ৩১ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। তবে, জাস্টিন গ্রিভসের অসাধারণ অল-রাউন্ড সাফল্যে স্বাগতিকরা ২০১ রানে জয়লাভ করলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
২০২৫ সালে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টেস্ট খেলেন। ঐ বছর নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বাধীন বাংলাদেশী দলের সদস্যরূপে শ্রীলঙ্কা সফরে যান। ১৭ জুন, ২০২৫ তারিখে গলেতে অনুষ্ঠিত স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৮ ও ২ রান সংগ্রহ করেছিলেন। তবে, দলীয় অধিনায়কের জোড়া শতকের কল্যাণে খেলাটি ড্রয়ের দিকে গড়ালে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
