জুলাই, ১৯৮৭ তারিখে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের লোয়ার ডির এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে খেলছেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। ২০১০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
২০০৭-০৮ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে খাইবার-পাখতুনখোয়া প্রভিন্স, লাহোর হোয়াইটস, পাকিস্তান ন্যাশনাল ব্যাংক, পেশাওয়ার, পাঞ্জাব, ওয়াটার ও পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি এবং জারাই তারাকিয়াতি ব্যাংক লিমিটেডের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, বার্বাডোস ট্রাইডেন্টস, খাইবার-পাখতুনখোয়া ফাইটার্স, খাইবার-পাখতুনখোয়া প্যান্থার্স, মুলতান সুলতান্স, পেশাওয়ার প্যান্থার্সের পক্ষে খেলেছেন। ২০ অক্টোবর, ২০০৭ তারিখে পেশাওয়ারে অনুষ্ঠিত পেশাওয়ার বনাম লাহোর শালিমারের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূচনা ঘটান। তন্মধ্যে, ২০১১-১২ মৌসুমে ১৯.৭০ গড়ে ৬১ উইকেট, ২০১২-১৩ মৌসুমে ২১.৫২ গড়ে ৫৭ উইকেট ও ২০১৩-১৪ মৌসুমে ২০.৭৩ গড়ে ৫২ উইকেট দখল করেছিলেন।
২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়কালে পাকিস্তানের পক্ষে সর্বমোট ১০ টেস্টে অংশ নিয়েছেন। ২০১৪-১৫ মৌসুমে মিসবাহ-উল-হকের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সদস্যরূপে সংযুক্ত আরব আমিরাত গমন করেন। পূর্ববর্তী তিন মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দূর্দণ্ড প্রতাপে খেলেন ও এর স্বীকৃতিস্বরূপ জাতীয় দলে খেলার জন্যে মনোনীত হয়েছিলেন। ২৭ বছর বয়সে ২২ অক্টোবর, ২০১৪ তারিখে দুবাইয়ের ডিএসসিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। ইয়াসির শাহের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ১/৪১ ও ১/২২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, ইউনুস খানের জোড়া শতকের কল্যাণে পাকিস্তান দল ২২১ রানে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ৩ নভেম্বর, ২০১৪ তারিখে আবুধাবিতে নিজস্ব দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩/৬০ বোলিং বিশ্লেষণ দাঁড় করিয়েছিলেন। এ পর্যায়ে ক্রিস রজার্স, মাইকেল ক্লার্ক ও মিচেল মার্শ তাঁর শিকারে পরিণত হয়েছিলেন। তবে, দ্বিতীয় ইনিংসে ০/২৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, মিসবাহ-উল-হকের জোড়া শতকের সুবাদে পাকিস্তান দল ৩৫৬ রানে জয় তুলে নিলে ২-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
২০১৯-২০ মৌসুমে আজহার আলী’র নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ২১ নভেম্বর, ২০১৯ তারিখে ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। ৫* ও ৫ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ১/৭৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, মারনাস লাবুশেনের অসাধারণ শতকের কল্যাণে স্বাগতিকরা ইনিংস ও ৫ রানে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
