১৮ এপ্রিল, ১৮৫৮ তারিখে ভিক্টোরিয়ার কেইলর এলাকায় জন্মগ্রহণকারী পেশাদার ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি বামহাতে মিডিয়াম বোলিংয়ে কার্যকর ভূমিকা রাখতেন। ১৮৮০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
বামহাতে নিখুঁত মানসম্পন্ন মিডিয়াম-পেস বোলিং করতেন। বলকে উভয় দিক দিয়ে ফেলতে পারতেন। মাঝারিসারিতে কিংবা নিচেরদিকে কার্যকর বামহাতি ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হতেন। ১৮৭৮-৭৯ মৌসুমে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের পক্ষে পেশাদারী পর্যায়ে খেলে ১৩.১৯ গড়ে ২৬ উইকেট পান ও ১৪.১৬ গড়ে ৮৫ রান সংগ্রহ করেছিলেন। ১৮৮০-৮১ মৌসুম থেকে ১৮৯২-৯৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন।
১৮৮০-৮১ মৌসুমে সিডনিতে বৃষ্টিবিঘ্নিত পিচে ভিক্টোরিয়া/এনএসডব্লিউ সম্মিলিত দলের সদস্যরূপে ১৮৮০ সালের অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যক্তিগত সেরা ৯/৪৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ১৮৯২-৯৩ মৌসুমে তাসমানিয়ার বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলেন।
১৮৮৫ থেকে ১৮৮৮ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। সবগুলো টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। ১৮৮৪-৮৫ মৌসুমে নিজ দেশে আর্থার শ্রিউসবারি’র নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। সমস্যাসঙ্কুল ঐ সিরিজে ২৮জন খেলোয়াড়কে খেলানো হয়েছিল। ২১ মার্চ, ১৮৮৫ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ফ্রাঙ্ক ওয়াল্টার্সের সাথে টেস্টে তাঁর একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঘটনাবহুল এ টেস্টে অংশ নেয়ার পূর্বেকার টেস্টে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন। বিস্ময়করভাবে ইংল্যান্ডের সংগৃহীত ৩৮৬ রানের বিপরীতে তিনি মাত্র তিন ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন ও নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। রাবার নিষ্পত্তি খেলায় তিনি মাত্র ৯ ও ১২* রান তুলেছিলেন। খেলায় তাঁর দল ইনিংস ও ৯৮ রানে পরাভূত হলে ৩-২ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
এরপর, তিনি আরও দুই টেস্টে অংশ নেন। উভয়টিই ১৮৮৬-৮৭ ও ১৮৮৭-৮৮ মৌসুমে একই প্রতিপক্ষে বিপক্ষে সিডনিতে খেলেন। তবে, নিজেকে মেলে ধরার জন্যে খুব কমই সুযোগ পেয়েছিলেন ও খুব কমই সফল হয়েছিলেন। ১৮৮৬-৮৭ মৌসুমে নিজ দেশে আর্থার শ্রিউসবারি’র নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ২৮ জানুয়ারি, ১৮৮৭ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ০/৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ৫ ও ০ রান সংগ্রহ করে উভয় ইনিংসে জনি ব্রিগসের শিকারে পরিণত হয়েছিলেন। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। সফরকারী দল ১৩ রানে জয় পেয়ে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
১৮৮৭-৮৮ মৌসুমে নিজ দেশে আলফ্রেড শ’ ও আর্থার শ্রিউসবারি’র নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১০ ফেব্রুয়ারি, ১৮৮৮ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। খেলায় তিনি উভয় ইনিংসে ববি পিলের বলে বিদেয় নিয়েছিলেন। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৩৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ১২৬ রানে পরাভূত হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
সংক্ষিপ্ত খেলোয়াড়ী জীবনে ৫.২০ গড়ে ২৬ রান ও ৪৮ রান খরচায় এক উইকেট লাভ করেছিলেন। ক্রিকেট খেলায় অংশগ্রহণের পূর্বে আম্পায়ার হিসেবে খেলা পরিচালনার সুযোগ পান। জর্জ কোল্টহার্ডকে নিয়ে ১৮৮৪-৮৫ মৌসুমের অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার চতুর্থ টেস্ট খেলা পরিচালনা করেছিলেন। প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর ইস্ট মেলবোর্নের মাঠ কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, ফিটজরয় ও সেন্ট কিল্ডার সুযোগ-সুবিধার বিষয়াদি তদারকীর সাথে যুক্ত থাকতেন। জীবনের শেষদিকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দিনাতিপাত করতেন। ১১ ডিসেম্বর, ১৯০৩ তারিখে ভিক্টোরিয়ার কিউ অ্যাসাইলামে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মাত্র ৪৫ বছর ২৩৭ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
