১ আগস্ট, ১৮৫৬ তারিখে ভিক্টোরিয়ার বরুন্ডারা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৮৮০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

১.৮১ মিটার ও ৭৬ কেজি ওজনের অধিকারী ছিলেন। মেলবোর্ন সিসি’র কর্মী ছিলেন। ১৮৮০-৮১ মৌসুম থেকে ১৮৮১-৮২ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়া দলের প্রতিনিধিত্ব করেছেন।

১৮৮২ সালে অস্ট্রেলিয়ার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৮৮০-এর দশকে অধিকাংশ খেলোয়াড়ই মাত্র এক টেস্টে অংশগ্রহণ করেছিলেন। দশ বছরে ২৭ টেস্ট অনুষ্ঠিত হয় ও দূর্ভাগ্যজনকভাবে ১৩জন খেলোয়াড়ের অন্যতম হিসেবে একটিমাত্র টেস্ট খেলার সুযোগ পান। ১৮৮১-৮২ মৌসুমে নিজ দেশে আলফ্রেড শ’য়ের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ১৭ ফেব্রুয়ারি, ১৮৮২ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। স্যামি জোন্সের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। এরফলে, কোন প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ ব্যতিরেকে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। এগারো নম্বর অবস্থানে নেমে ৬ রান সংগ্রহ করেছিলেন। ৫ উইকেটে জয় পেলে স্বাগতিকরা চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়েছিল।

ক্রিকেটের পাশাপাশি অস্ট্রেলীয় ফুটবলে সিদ্ধহস্তের অধিকারী ছিলেন। ১৮৭৫ সালে কার্লটন ও ১৮৭৬ সালে কার্লটন ইম্পেরিয়ালের পক্ষে খেলেন। নিজের সময়কালে অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন। ভিএফএ’র শুরুরদিকের দিনগুলোয় কার্লটনের সফলতায় অনবদ্য ভূমিকা রাখেন। ১৮৭৭ সালে সেরা ছন্দে ছিলেন। দ্রুততা ও দক্ষতার সাথে আক্রমণাত্মক খেলা উপহার দিতেন। এ সময়ে নিউ সাউথ ওয়েলসের সাথে ফুটবলের বিস্তার ঘটাতে উত্তরাঞ্চলে যান। তবে, নৌকায় মৎস্য শিকারকালীন হাঙ্গরের আক্রমণের ফলে তাঁকে ফিরে আসতে হয়েছিল। ১৮৭৯ সালে দি অস্ট্রালাসিয়ান তাঁকে তাঁর দিনের মহান খেলোয়াড় হিসেবে চিত্রিত করে। একবার যৌথভাবে তিনবার শীর্ষ গোলদাতার ভূমিকায় অবতীর্ণ হন। ১৮৮২ সালে জোই ট্যাঙ্কার্ডের সাথে বাদানুবাদের জের ধরে মৌসুমের বাদ-বাকী খেলাগুলোয় নিষিদ্ধ ঘোষিত হন।

ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর আম্পায়ারিংয়ের দিকে ঝুঁকে পড়েন। দুইটি টেস্ট পরিচালনা করেছিলেন। ১৮৭৮-৭৯ মৌসুমে লর্ড হ্যারিসের নেতৃত্বাধীন দলের আম্পায়ার হিসেবে মনোনীত হন। ২২ বছর বয়সে এসে সিরিজের এক টেস্ট পরিচালনা করেছিলেন। সিডনিতে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে খেলায় বিলি মারডককে রান-আউটের সিদ্ধান্তে সায় দিলে দাঙ্গার কেন্দ্রবিন্দুতে পৌঁছেন ও পিচ নষ্টে উত্তাপ জোগান। জনৈক প্রত্যক্ষদর্শী মন্তব্য করেন যে, সিদ্ধান্তটি কাছাকাছি পর্যায়ের হলেও নিখুঁত ছিল। তবে, এনএসডব্লিউ তাঁকে পরিবর্তনের দাবী জানায় ও মন্তব্য করে যে, তিনি অনুপযোগী।

পেশাগত জীবনে তামাকজাত দ্রব্য উৎপাদনের সাথে জড়িত ছিলেন। এছাড়াও, ক্রীড়া সরঞ্জাম দোকানের সত্ত্বাধিকারী ছিলেন। যক্ষ্মা রোগে আক্রান্ত হন। অতঃপর, ২২ অক্টোবর, ১৮৮৩ তারিখে ভিক্টোরিয়ার কার্লটন এলাকায় মাত্র ২৭ বছর ৮২ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

সম্পৃক্ত পোস্ট