১১ মার্চ, ১৯২১ তারিখে ত্রিনিদাদের সান্তা ক্রুজ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, লেগ-ব্রেক গুগলি বোলিংয়ে দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে ত্রিনিদাদের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৩৮-৩৯ মৌসুম থেকে ১৯৫৬-৫৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। সন্দেহাতীতভাবে নিজের সময়কালে সেরা ব্যাটসম্যানের মর্যাদাপ্রাপ্ত হয়েছিলেন। দৃষ্টিনন্দন স্ট্রোকপ্লে মারতেন। ইনিংস উদ্বোধনে আক্রমণাত্মক ঢংয়ে খেলতেন। ক্রমাগত রানের সন্ধান পেয়েছেন ও দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যানে পরিণত হয়েছিলেন। দীর্ঘকায় গড়নের অধিকারী ছিলেন। ফলশ্রুতিতে, তুলনামূলক খাটো গড়নের দলের বোলিং খুব সহজেই মোকাবেলা করতেন ও স্কয়ার অঞ্চলে বলকে ঠেলে দিতেন। তবে, এক্সট্রা-কভার ও মিড-অফ অঞ্চলে খেলতেই অধিক স্বাচ্ছন্দ্যবোধ করতেন।
১৯৩৯ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত সময়কালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বমোট ৩২ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯৩৯ সালে রল্ফ গ্র্যান্টের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সাথে ইংল্যান্ড সফরে যান। ২৪ জুন, ১৯৩৯ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। বার্টি ক্লার্ক, জন ক্যামেরন ও ব্যাম ব্যাম উইকসের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি বল হাতে নিয়ে ৫৯ ও ০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। স্বাগতিকরা ৮ উইকেটে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
এরপর, ২২ জুলাই, ১৯৩৯ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি ব্যাটিংয়ে নেমে ৫ ও ১০ রান সংগ্রহ করেছিলেন। বৃষ্টিবিঘ্নিত ঐ টেস্ট ড্রয়ে পরিণত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে সফরকারীরা ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
একই সফরের ১৯ আগস্ট, ১৯৩৯ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। সহোদর ভিক স্টলমেয়ারের সাথে একত্রে খেলেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৫৯ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়।
১৯৪৭-৪৮ মৌসুমে নিজ দেশে গাবি অ্যালেনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ২৭ মার্চ, ১৯৪৮ তারিখে কিংস্টনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ০/১৫ ও ৩/৩২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ৩০ ও ২৫* রান সংগ্রহ করেছিলেন। ১০ উইকেটে জয়লাভ করলে স্বাগতিকরা ২-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
১৯৫০ সালে জন গডার্ডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ দল ৩-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয় করে। ৮ জুন, ১৯৫০ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৪৩ ও ৭৮ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, আল্ফ ভ্যালেন্টাইনের অসাধারণ বোলিংশৈলী প্রদর্শন সত্ত্বেও ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে সফরকারীরা ২০২ রানে পরাভূত হলে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
একই সফরের ২০ জুলাই, ১৯৫০ তারিখে নটিংহামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৪৬ ও ৫২* রান সংগ্রহসহ তিনটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ১০ উইকেটে পরাজিত হলে স্বাগতিকরা চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে।
১৯৫১-৫২ মৌসুমে জন গডার্ডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সাথে অস্ট্রেলিয়া গমনের সুযোগ পান। ৩০ নভেম্বর, ১৯৫১ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ৩৬ ও ৩৫ রান সংগ্রহ করেছিলেন। ৭ উইকেটে জয় পেলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
একই মৌসুমে জন গডার্ডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে নিউজিল্যান্ড গমন করেন। ১৫ ফেব্রুয়ারি, ১৯৫২ তারিখে অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। একবার ব্যাট হাতে নেমে ১৫২ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, ২/১২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। অবশ্য খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সফরকারীরা ১-০ ব্যবধানে সিরিজে জয়লাভ করে।
১৯৫২-৫৩ মৌসুমে নিজ দেশে বিজয় হাজারে’র নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ২১ জানুয়ারি, ১৯৫৩ তারিখে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাটিংয়ে নেমে ৩৩ ও ৭৬* রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, ২/৫৬ ও ০/৪৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় এগুতে থাকে।
একই সফরের ২৮ মার্চ, ১৯৫৩ তারিখে কিংস্টনের সাবিনা পার্কে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ১৩ ও ৯ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, ০/২০ ও ০/২৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সফরকারীরা ১-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯৫৩-৫৪ মৌসুমে নিজ দেশে লিওনার্ড হাটনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১৫ জানুয়ারি, ১৯৫৪ তারিখে কিংস্টনের সাবিনা পার্কে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ৬০ ও ৮ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/১২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ১৪০ রানে জয় পেলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
এরপর, ৬ ফেব্রুয়ারি, ১৯৫৪ তারিখে ব্রিজটাউনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ০ ও ২৮ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রে রান-আউটে বিদেয় নিয়েছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২ ও ২/১৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, ক্লাইড ওয়ালকটের মনোরম দ্বি-শতকের কল্যাণে স্বাগতিকরা ১৮১ রানে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিতি পেয়েছিলেন। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে প্রায়শঃই থ্রী ডব্লিউ নামে পরিচিত – ক্লাইড ওয়ালকট, ফ্রাঙ্ক ওরেল ও এভারটন উইকসের উত্থানে ভূমিকা রেখেছিলেন। ব্যাটসম্যান হিসেবে সফলতার সন্ধান পেলেও অধিনায়কের দায়িত্বে থেকে রক্ষণাত্মক ধাঁচে দলকে পরিচালিত করেছিলেন।
১৯৫৫ সালে নিজ দেশে ইয়ান জনসনের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২৬ এপ্রিল, ১৯৫৫ তারিখে জর্জটাউনে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট খেলেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ১৬ ও ১৭ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ৮ উইকেটে পরাজয়বরণ করলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
টেস্টগুলো থেকে চার শতক সহযোগে ৪২.৩৩ গড়ে ২১৫৯ রান সংগ্রহসহ ১৩ উইকেট দখল করেছিলেন। অবসর গ্রহণের পর প্রশাসনের দিকে ঝুঁকে পড়েন। ওয়েস্ট ইন্ডিজে শ্বেতাঙ্গদের প্রভাব খর্ব করতে কৃষ্ণাঙ্গদের মাঝে ক্রিকেটের প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর এ প্রচেষ্টা ও দক্ষতা পরবর্তীতে তাঁকে বোর্ড সভাপতির হিসেবে মনোনীত করা হয়।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। ১০ সেপ্টেম্বর, ১৯৮৯ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের মেলবোর্নে ৬৮ বছর ১৮৩ দিন বয়সে তাঁর জীবনাবসান ঘটে। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের নিজ গৃহে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁকে লক্ষ্য করে পাঁচবার গুলি করে ও মাথায় আঘাত করে। তাঁর স্ত্রী ও পুত্রও আঘাতপ্রাপ্ত হয়। মৃত্যুর পূর্বে তাঁকে ত্রিনিদাদ ও টোবাগোয় অস্ট্রেলিয়ার প্রথম সম্মানসূচক দূত হিসেবে মনোনীত করা হয়েছিল।
