১২ জানুয়ারি, ১৯৭৬ তারিখে মাসভিঙ্গোর ফোর্ট ভিক্টোরিয়া এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। জিম্বাবুয়ে দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
সীমানা বরাবর ফিল্ডিং করতেন। ব্যক্তিগতভাবে আমুদে প্রকৃতির ও ধর্মপ্রাণ খ্রিস্টান। খেলোয়াড়ী জীবনের শুরুতে সচেতন বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। স্থির মস্তিষ্কে, উদ্বেগহীন অবস্থায় শীর্ষসারিতে কিংবা মাঝারিসারিতে মাঠে নামতেন। সামনে ও পিছনের উভয় পায়ে বলকে মোকাবেলা করানোয় দক্ষ ছিলেন। ১৯৯৩-৯৪ মৌসুম থেকে ২০০২-০৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রেখেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে ম্যাশোনাল্যান্ড ও ম্যাশোনাল্যান্ড ‘এ’ দলের প্রতিনিধিত্ব করেছেন।
১৯৯৬ থেকে ২০০৩ সময়কালে জিম্বাবুয়ের পক্ষে সর্বমোট ২৩ টেস্ট ও ৪০টি ওডিআইয়ে অংশগ্রহণ করেছিলেন। ১৯৯৬-৯৭ মৌসুমে দলের সাথে পাকিস্তান গমন করেন। ৩০ অক্টোবর, ১৯৯৬ তারিখে কোয়েটায় অনুষ্ঠিত স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওডিআইয়ে অংশ নেন।
এক বছর পর ১৯৯৭-৯৮ মৌসুমে নিজ দেশে স্টিফেন ফ্লেমিংয়ের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ১৮ সেপ্টেম্বর, ১৯৯৭ তারিখে হারারেতে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। অ্যাডাম হাকলের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ২৩ ও ৫৭ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তন্মধ্যে, দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেটে জিডব্লিউ ফ্লাওয়ারের সাথে ১৫৬ রানের জুটি গড়ে নতুন জিম্বাবুয়ীয় রেকর্ড গড়েন। এরফলে, ১৯৯৫-৯৬ মৌসুমে অকল্যান্ডে জিডব্লিউ ফ্লাওয়ার-এসভি কার্লাইলের মধ্যকার রেকর্ড ম্লান হয়ে পড়ে। তবে, গ্র্যান্ট ফ্লাওয়ারের জোড়া শতকের কল্যাণে খেলাটি ড্রয়ের দিকে গড়ালে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ২৫ সেপ্টেম্বর, ১৯৯৭ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সন্ধান পান। প্রথম ইনিংসে ৫৭ রানে পৌঁছানোকালে টেস্টে পূর্বেকার সর্বোচ্চ রানের সমকক্ষ হন। খেলায় তিনি ৫৭ ও ২৪ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। গাই হুইটলের অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে ঐ টেস্টটি ড্রয়ে পরিণত হলে সিরিজটি অমিমাংসিত অবস্থায় শেষ হয়।
জ্যেষ্ঠ ভ্রাতা জন রেনি জিম্বাবুয়ের পক্ষে মিডিয়াম-পেসার হিসেবে খেলেছেন। ১৯৯৬-৯৭ মৌসুমে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে মাঠে নেমে ইতিহাসে অংশ নেন। জন রেনি অতিরিক্ত খেলোয়াড় হিসেবে মাঠে উপস্থিত হলে ফ্লাওয়ার ও স্ট্র্যাং-এ তিনটি ভিন্ন ভ্রাতাদের সাথে একত্রে ফিল্ডিং করেন। পরবর্তীতে, একই মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে হারারে টেস্টেও একই ঘটনার পুণরাবৃত্তি ঘটান।
১৯৯৯-২০০০ মৌসুমে নিজ দেশে স্টিভ ওয়াহ’র নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। প্রসঙ্গতঃ, এটিই উভয় দলের মধ্যকার উদ্বোধনী টেস্ট ছিল। ১৪ অক্টোবর, ১৯৯৯ তারিখে হারারেতে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের একমাত্র-টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার ছাঁপ রাখেন। প্রথম ইনিংসে ১ রানে পৌঁছানোকালে টেস্টে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি ১৮ ও ২৩ রান সংগ্রহ করেছিলেন। প্রতিপক্ষীয় অধিনায়কের অসাধারণ শতকের কল্যাণে স্বাগতিকরা ১০ উইকেটে পরাজয়বরণ করে।
একই মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে আলিস্টার ক্যাম্পবেলের নেতৃত্বাধীন জিম্বাবুয়ীয় দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ২৯ অক্টোবর, ১৯৯৯ তারিখে ব্লোমফন্তেইনের গুডইয়ার পার্কে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৪ ও ১০ রান সংগ্রহ করেন। জ্যাক ক্যালিসের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়া নৈপুণ্যে স্বাগতিকরা ইনিংস ও ১৩ রানে জয়লাভ করলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
২০০১-০২ মৌসুমে স্টুয়ার্ট কার্লাইলের নেতৃত্বাধীন জিম্বাবুয়ে দলের সদস্যরূপে ভারত সফরে যান। ২১ ফেব্রুয়ারি, ২০০২ তারিখে নাগপুরে স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। ৯ ও ২৫ রান সংগ্রহ করেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। স্বাগতিক দল ইনিংস ও ১০১ রানে জয়লাভ করে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
গ্র্যান্ট ফ্লাওয়ারের সাথে ব্যাটিং উদ্বোধনে নামতেন। স্পিন বোলিংয়ের বিপক্ষে দারুণ খেলতেন। দূর্ভাগ্যজনকভাবে ফ্লাওয়ার ভ্রাতৃদ্বয় ও অ্যালিস্টার ক্যাম্পবেল, মারে গুডউইন, নীল জনসন, স্টুয়ার্ট কার্লাইল ও ট্রেভর গ্রিপারের সাথে যুক্ত হলে দল নির্বাচকমণ্ডলীর নজরের বাইরে চলে যান। টেস্টে কোন শতক না হাঁকাতে পারলেও সহস্র রানের সন্ধান পেয়েছিলেন। এছাড়াও, ২০-এর কম গড়ে ৬১৭ রান তুলেছেন।
ঘরোয়া পর্যায়ের ক্রিকেটেও তাঁর খেলার মান সাধারণ পর্যায়ের ছিল। মাঝে-মধ্যে বামহাতে স্পিন বোলিং করে ২৯ গড়ে ৫৭টি প্রথম-শ্রেণীর উইকেট পেয়েছেন। ক্রমাগত পিঠের ব্যথার কারণে অধিক বোলিং করতে পারেননি। তাসত্ত্বেও, মার্ক রিচার্ডসনের একমাত্র উইকেট লাভ করেছেন।
রবার্ট মুগাবে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার অবস্থায় আরও কয়েকজনের সাথে একত্রে অবসর গ্রহণ করেন। এরপর, মালামাল পরিবহণ প্রতিষ্ঠানে কাজ করেন। এ সময়েই ‘টমি লোবেলস’ ও ‘লেগুয়ান লাবুশেন’ ডাকনামে পরিচিতি পান।
