৭ জুলাই, ২০০০ তারিখে কেরালার এদাপল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। বামহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। ভারতের পক্ষে টেস্ট ও টি২০আইয়ে অংশ নিয়েছেন।
৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার অধিকারী। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে শীর্ষসারিতে দৃষ্টিনন্দন ব্যাটিং করেন। স্বীয় উচ্চতাকে কাজে লাগিয়ে উঠে আসা গুড-লেন্থের বলগুলোকে সপাটে মোকাবেলা করেন। ২০১৮-১৯ মৌসুম থেকে ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিচ্ছেন। প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে কর্ণাটকের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালস, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, বেলারি তুস্কার্স, গুলবার্গ মিস্টিক্স, ভারত ‘এ’, ভারত অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন। ২৮ নভেম্বর, ২০১৮ তারিখে মহীশূরে মহারাষ্ট্রের বিপক্ষে খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। ২০২০-২১ মৌসুমের বিজয় হাজারে ট্রফিতে প্রথমবারের মতো অংশ নেন। এ আসরে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে লিস্ট-এ ক্রিকেটে উপর্যুপরী চারটি শতক হাঁকিয়েছিলেন।
আইপিএলের ২০২০ সালের আসরকে ঘিরে আরসিবি কর্তৃপক্ষ তাঁকে দলে যুক্ত করে। ২০ বছর বয়সে সাদা-বলের খেলায় তিনি প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রাহক হন ও সকলের নজর কাড়েন। প্রথম মৌসুমেই ৪৭৩ রান তুলে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। পরের মৌসুমে আরও একবার চার শতাধিক রান সংগ্রহ করেন। এ পর্যায়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫২ বল থেকে ১০১ রানের অপরাজিত শতক হাঁকিয়েছিলেন।
ফলশ্রুতিতে ২০২১ সালে শ্রীলঙ্কা সফরের জন্যে ভারতীয় দলে আমন্ত্রিত হন। ২৮ জুলাই, ২০২১ তারিখে কলম্বোর আরপিএসে অনুষ্ঠিত স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টি২০আইয়ে অংশ নেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তাঁর খেলায় ছন্দপতন ঘটে ও দুই বছর শারীরিক সুস্থতার দিকে নজর দেন।
এরপর আরসিবি থেকে চলে আসেন। ২০২২ সালের আইপিএলে আরআর কর্তৃপক্ষ তাঁকে নিলাম থেকে কিনে নেয়। তবে, পছন্দের উদ্বোধনী অবস্থান থেকে তাঁকে মাঝারিসারিতে খেলালে পূর্বেকার সাফল্যের পুণরাবৃত্তি ঘটাতে পারেননি। ১৭ খেলা থেকে ৩৭৬ রান সংগ্রহ করতে পেরেছিলেন। ২০২৩ সালে আরও একবার রান খরায় ভুগেন। ১১ ইনিংস থেকে ২৬১ রান সংগ্রহ করেছিলেন। এরপর, ২০২৪ সালে লখনউ সুপার জায়ান্টসে যুক্ত হন। আবারও ছন্দ ফিরে পান। ২০২৩-২৪ মৌসুমের বিজয় হাজারে ট্রফিতে কর্ণাটকের শীর্ষ রান সংগ্রাহকে পরিণত হন। ছয়টি প্রথম-শ্রেণীর খেলা থেকে চারটি শতরানের ইনিংস খেলেন।
২০২১ সাল থেকে ভারতের পক্ষে টেস্ট ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২০২৩-২৪ মৌসুমে নিজ দেশে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ৭ মার্চ, ২০২৪ তারিখে ধর্মশালায় অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ৬৫ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেন। রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবের অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে ঐ খেলায় তাঁর দল ইনিংস ও ৬৪ রানে জয়লাভের পাশাপাশি ৪-১ ব্যবধানে সিরিজে জয় করে নেয়।
এরপর, ২০২৪-২৫ মৌসুমে রোহিত শর্মা’র নেতৃত্বাধীন ভারতীয় দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া সফরে যান। ২২ নভেম্বর, ২০২৪ তারিখে পার্থে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ০ ও ২৫ রান সংগ্রহ করে উভয় ইনিংস জশ হ্যাজলউডের শিকারে পরিণত হয়েছিলেন। তবে, অধিনায়কের দায়িত্বে থাকা জসপ্রীত বুমরা’র অসাধারণ বোলিং কৃতিত্বে স্বাগতিকরা ২৯৫ রানে পরাজয়বরণ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
