১৪ অক্টোবর, ১৯১৮ তারিখে তাসমানিয়ার হোবার্টে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ-ব্রেক গুগলি বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
কলফিল্ড সাউথ স্টেট স্কুলে পড়াশুনো করেন। এরপর, বিল উডফুলের পরিচালনায় মেলবোর্ন হাইয়ে অধ্যয়ন করেন। মোটাসোটা ও দীর্ঘাকায় গড়নের অধিকারী ছিলেন। জোড়ালো ব্যাটিং ও চাতুর্যতার সাথে বোলিং করতেন। ১৯৩৫-৩৬ মৌসুমে প্রাহরানের সাথে খেলোয়াড়ী জীবন শুরু করেন। বেশ কয়েক মৌসুম প্রাহরানের সাথে যুক্ত থাকলেও প্রথম একাদশের পক্ষে মাত্র দুইটি খেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। বাসস্থান পরিবর্তনের কারণে ২০ বছর বয়সে ১৯৩৮ সালে রিচমন্ডের পক্ষে খেলতে থাকেন। ঐ বছরের ডিসেম্বর মাসে ভিক্টোরিয়ার পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলার জন্যে আমন্ত্রণ বার্তা পান।
১৯৩৮-৩৯ মৌসুম থেকে ১৯৫২-৫৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন।
১৯৪৮ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বমোট ১৩ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯৪৮ সালে অস্ট্রেলিয়ার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করার সুযোগ লাভ করেছিলেন। ১৯৪৭-৪৮ মৌসুমে নিজ দেশে লালা অমরনাথের নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ৬ ফেব্রুয়ারি, ১৯৪৮ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। লেন জনসন ও স্যাম লক্সটনের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। বল হাতে নিয়ে ৩/১০৩ ও ৩/১৭ লাভ করেন। এছাড়াও, দলের একমাত্র ইনিংসে ১১ রান করেছিলেন। খেলায় তাঁর দল ইনিংস ও ১৭৭ রানে জয় পেলে ৪-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
১৯৪৮ সালে ডন ব্র্যাডম্যানের নেতৃত্বাধীন ‘অপরাজেয়’ দলের সদস্যরূপে অ্যাশেজ সিরিজ খেলতে ইংল্যান্ড গমন করেছিলেন।
১৯৫১-৫২ মৌসুমে নিজ দেশে জন গডার্ডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ৯ নভেম্বর, ১৯৫১ তারিখে ব্রিসবেনে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ২/৫২ ও ৬/৮০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ০ ও ৬* রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ৩ উইকেটে জয়লাভ করে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ২২ ডিসেম্বর, ১৯৫১ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সাথে নিজেকে জড়ান। দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ পূর্বতন ৬৫ রান অতিক্রম করেন। খেলায় তিনি ৫ ও ৬৭ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ৩/৬২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ৬ উইকেটে জয় পেয়ে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
এরপর সিরিজের চতুর্থ টেস্টে বিল জনস্টনের সাথে জুটি গড়ে বেশ সুনাম কুড়ান। শেষ উইকেট জুটিতে ৩৮ রান তুলে দলকে জয় এনে দেন। তিনি ৩২ রানে অপরাজিত ছিলেন ও বিল জনস্টন সাত রানে অপরাজিত অবস্থায় মাঠ ত্যাগ করেন।
১৯৫২-৫৩ মৌসুমে ব্রিসবেনে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যক্তিগত সেরা ৬/৭২ লাভ করেন। এর পূর্বে একই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬/৮০ পেয়েছিলেন।
১৯৫৩ সালে লিন্ডসে হ্যাসেটের নেতৃত্বাধীন অজি দলের সাথে ইংল্যান্ড সফরে যান। ২৫ জুন, ১৯৫৩ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি ১৮ ও ৭ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৪৩ ও ২/৮৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
টেস্টগুলো থেকে ২২.৪২ গড়ে ৪২৬ রান ও ৩৭.২৮ গড়ে ৩৫ উইকেট পেয়েছিলেন। ১৯৪৮ ও ১৯৫৩ – দুইবার ইংল্যান্ড সফরে যান। তবে, উভয় সফরে কেবল একটি করে টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৫৩ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর রিচমন্ডের সাথে খেলতে থাকেন। ২৩.২৫ গড়ে ৩৪১৮ রান ও ২৮.৪৮ গড়ে ৪৫১ উইকেট দখল করেছিলেন। ১৯৪৯-৫০ মৌসুমে ডুনেডিনে অস্ট্রেলিয়া ‘বি’ দলের সদস্যরূপে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ব্যক্তিগত সেরা ৭/৮৮ পেয়েছিলেন। এরপর, ১৯৫৮ সালে বাণিজ্যিক বেতার কেন্দ্র থ্রীডিবিতে ক্রিকেট ধারাভাষ্যকারের ভূমিকায় অবতীর্ণ হন। তিন বছর পর এইচএসভি’র ওয়ার্ল্ড অব স্পোর্টে চলে যান।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। লেসলি নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন। তিন সন্তানের জনক তিনি। ২৩ জুন, ২০০৩ তারিখে ভিক্টোরিয়ার মেলবোর্নে ৮৪ বছর ২৫২ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
