৩ জুন, ১৯৫১ তারিখে কুইন্সল্যান্ডের সাউদপোর্ট এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৭০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
কোঁকড়ানো চুল ও শ্রশ্মুমণ্ডিত অবস্থায় থাকতেই অধিক স্বাচ্ছন্দ্যবোধ করতেন। ১৯৭৪-৭৫ মৌসুম থেকে ১৯৭৯-৮০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে কুইন্সল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন।
এক মৌসুমে ছয় শতক হাঁকানোর পরও ১৯৭৭-৭৮ মৌসুমে অস্ট্রেলিয়া দলের সদস্য হতে পারেননি ও ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি। ঐ মৌসুমে ৬৬.২৫ গড়ে ১০৬০ রান সংগ্রহ করেছিলেন। এ পর্যায়ে শতকের দিক দিয়ে কেবলমাত্র বিল পন্সফোর্ড ও ডন ব্র্যাডম্যান তাঁর তুলনায় এগিয়েছিলেন। তবে, আঘাতে জর্জড়িত অস্ট্রেলিয়া দলের সংবাদে অবগত হয়ে বার্বাডোসের বিপক্ষে প্রস্তুতিমূলক খেলায় অংশ নিতে পেরেছিলেন। এ প্রসঙ্গে দলীয় অধিনায়ক বব সিম্পসন মন্তব্য করেন যে, দ্বিতীয় দিনের মধ্যেও তিনি যদি পৌঁছুতে না পারতেন তাহলে গণমাধ্যমে তাঁকে হেনস্তা হতে হতো। সৌভাগ্যবশতঃ ‘সিমো’ টসে জয়লাভ করেন ও ফিল্ডিং বেছে নেন। পরদিন যথাসময়ে তিনি পৌঁছেন ও ৫০ রানের ইনিংস খেলেন।
১৯৭৭ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে পাঁচটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। বিশ্ব সিরিজ ক্রিকেটকে ঘিরে অস্ট্রেলিয়া দল বিভক্ত হয়ে পড়লে খেলার সুযোগ পান। ভারতের বিপক্ষে ঐ গ্রীষ্মে তিন টেস্ট খেললেও নিজেকে মেলে ধরতে পারেননি। ১৯৭৭-৭৮ মৌসুমে নিজ দেশে বিষেন বেদী’র নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ২ ডিসেম্বর, ১৯৭৭ তারিখে ব্রিসবেনে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। টনি মান, পল হিবার্ট, পিটার টুহি, স্টিভ রিক্সন ও ওয়েন ক্লার্কের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ৫ ও ৪৬ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেন। স্বাগতিকরা ১৬ রানের ব্যবধানে নাটকীয় জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
এরপর, ১৬ ডিসেম্বর, ১৯৭৭ তারিখে পার্থে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ২৭ ও ৪৭ রান সংগ্রহ করে উভয় ইনিংসে বিষেন বেদী’র বলে বিদেয় নিয়েছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। ২ উইকেটে জয়লাভ করে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
ঐ মৌসুমের শেষদিকে বব সিম্পসনের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ গমনে দ্বিতীয়বারের মতো সুযোগ পান। অস্ট্রেলিয়া দলের দূর্বলমানের ক্রীড়াশৈলী প্রদর্শনের সাথে নিজেকেও যুক্ত রাখেন। দুই বছরের মধ্যেই নিজেকে খেলার জগৎ থেকে দূরে সরিয়ে নিয়ে যান।
২৮ এপ্রিল, ১৯৭৮ তারিখে কিংস্টনে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ০ ও ৪৩ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সফরকারীরা ৩-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।
