৯ সেপ্টেম্বর, ১৯৯১ তারিখে নেগোম্বো এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। অল-রাউন্ডার হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী। শ্রীলঙ্কার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।

৬ ফুট উচ্চতার অধকারী। নেগোম্বোভিত্তিক সেন্ট পিটার্স কলেজ ও মারিস্টেলা কলেজে অধ্যয়ন করেছেন। মারকুটে ডানহাতি মাঝারিসারির ব্যাটসম্যান ও যথার্থ ডানহাতি সিম বোলার। ২০১১-১২ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে সিংহলীজ স্পোর্টস ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, কুমিল্লা ওয়ারিয়র্স, ডাম্বুলা ভাইকিংস ও মন্ট্রিল টাইগার্সের পক্ষে খেলেছেন। ২৭ জানুয়ারি, ২০১২ তারিখে কলম্বোর এসএসসিতে অনুষ্ঠিত সিংহলীজ স্পোর্টস ক্লাব বনাম লঙ্কান ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। কয়েক মৌসুমে ঘরোয়া ক্রিকেটে সিংহলীজ স্পোর্টস ক্লাবে দূর্দান্ত খেলার পর জাতীয় দলে খেলার জন্যে আমন্ত্রণ বার্তা লাভ করেন।

২০১৫ সাল থেকে শ্রীলঙ্কার পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ১ আগস্ট, ২০১৫ তারিখে কলম্বোর আরপিএসে অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে টি২০আইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। পরের মৌসুমে ঘরোয়া ক্রিকেটে চমৎকার খেলে সর্বত্র সুনাম কুড়ান। এআইএ প্রিমিয়ার টি২০ খেলায় সারাসেন্স স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাত্র ৪৬ বলে রেকর্ডসংখ্যক ১৬ ছক্কা সহযোগে ১২৩ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন। এটিই তাঁর টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রান। এর এক সপ্তাহ পূর্বে গল ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৪৮ বলে ১৩১ রান তুলেন।

বল হাতে নিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে সফলতার স্বাক্ষর রেখেছিলেন। পুনে গ্রীনটপে স্বাগতিক ভারতের বিপক্ষে ৩/১৬ বোলিং পরিসংখ্যান দাঁড় করিয়েছিলেন। অথচ, এর পূর্বে ঘরোয়া টি২০ ক্রিকেটে মাত্র দুই উইকেট দখল করেছিলেন। ২০১৬ সালের বিশ্ব টি২০ ক্রিকেট প্রতিযোগিতায় দলের অন্যতম সেরা তারকা ছিলেন।

২০১৬ সালে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে প্রথমবারের মতো অংশ নেন। এপ্রিলে ইংল্যান্ড গমনার্থে শ্রীলঙ্কার টেস্ট দলে ঠাঁই পান। ২০১৬ সালে অ্যাঞ্জেলো ম্যাথুজের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। প্রথম-শ্রেণীর ক্রিকেট রেকর্ডের চেয়েও নিজের প্রতিশ্রুতিশীলতার স্বাক্ষর রাখেন। ১৯ মে, ২০১৬ তারিখে লিডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। তবে, জনি বেয়ারস্টো’র অনবদ্য অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে তিনদিনের ব্যবধানেই সফরকারীরা ইনিংস ও ৮৮ রানে পরাজিত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

২০২০-২১ মৌসুমে নিজ দেশে জো রুটের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ১৪ জানুয়ারি, ২০২১ তারিখে গলেতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ২৩ ও ৪ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ০/২২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, প্রতিপক্ষীয় দলনেতার অনবদ্য অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে সফরকারীরা ৭ উইকেটে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

২৩ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে শ্রীলঙ্কার টি২০আই অধিনায়ক হিসেবে তাঁকে মনোনীত করা হয়।

সম্পৃক্ত পোস্ট