৮ জুন, ১৯০৩ তারিখে ডার্বিশায়ারের লং ইটন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম কিংবা ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৩০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ার ও নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ড দলের প্রতিনিধিত্ব করেছেন। ডার্বিশায়ারের ইতিহাসের অন্যতম সেরা অল-রাউন্ডার হিসেবে পরিগণিত হয়েছিলেন। ১৯২২ থেকে ১৯৩৯ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। বিস্ময়করভাবে স্থানীয় কাউন্সিল স্কুলে অধ্যয়নকালীন কোন ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেননি। তবে, সর্বদাই স্থানীয় ক্লাবের সকল খেলায় উপস্থিত থাকতেন। ট্রেন্ট ব্রিজের সাত মাইল দূর থেকে যথাসম্ভব কাউন্টি খেলাগুলো দেখতে আসতেন।
লংইটনে স্বীয় প্রতিশ্রুতিশীলতা তুলে ধরতে সচেষ্ট হন। ক্লাব কর্মকর্তারা তাঁকে ডার্বিশায়ার কাউন্টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে নিয়ে আসেন। ডার্বিশায়ারের সাবেক খেলোয়াড় ও প্রথম-শ্রেণীর আম্পায়ার আর্থার মিল্টন তাঁর মাঝে পূর্ণাঙ্গ প্রতিশ্রুতিশীলতার সন্ধান পান ও তাঁকে বোলিংকালে স্পিন শিল্পসত্ত্বা শেখান। ডার্বিশায়ারে যোগদানের পর স্যাড ক্যাডম্যানের ছত্রচ্ছায়ায় থেকে নিজেকে আরও সমৃদ্ধ করেন।
ঊনিশ বছর বয়সে ১৯২২ সালে প্রথমবারের মতো ডার্বিশায়ারের সদস্যরূপে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে কাউন্টি ক্রিকেটে খেলতে নামেন। তবে, ১৯২৭ সালের পূর্ব পর্যন্ত তেমন উল্লেখযোগ্য ক্রীড়াশৈলীর ছাঁপ রাখেননি। ঐ মৌসুমে ৫৬৪ রান ও ৬৬ উইকেট দখল করেছিলেন। এরপর থেকে তাঁর উত্তরণ ঘটতে থাকে। পরের বছর সবগুলো খেলায় অংশ নিয়ে ১০০১ রান ও ১৯৪ উইকেট দখল করেছিলেন। ১৯৩২ সালে ডার্বিশায়ারের প্রথম খেলোয়াড় হিসেবে এ সাফল্যের পুণরাবৃত্তি ঘটান। শেষ মৌসুমে সবগুলো খেলা থেকে ২২২৪ রান ও ঠিক ১০০ উইকেট পেয়েছিলেন। তবে, ব্যস্ত গ্রীষ্মের শেষ খেলার দ্বিতীয় পর্যায়ে তাঁকে অপেক্ষা করতে হয়। ওভালে ইয়র্কশায়ারের সদস্যরূপে বাদ-বাকী ইংল্যান্ডের বিপক্ষে শততম উইকেট লাভ নিশ্চিত করেন।
১৯৩০ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত সব মিলিয়ে ইংল্যান্ডের পক্ষে চারটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯২৯-৩০ মৌসুমে ফ্রেডি ক্যালথর্পের নেতৃত্বাধীন এমসিসি দলের সাথে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যান। ২১ ফেব্রুয়ারি, ১৯৩০ তারিখে জর্জটাউনের বোর্দায় অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি বল হাতে নিয়ে ২/৪৮ ও ২/২৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ৩ ও ২১ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, ক্লিফোর্ড রোচের দ্বি-শতক ও জর্জ হ্যাডলি’র জোড়া শতকের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের প্রথম টেস্ট বিজয় আটকাতে পারেননি। ২৮৯ রানে জয় পেলে চার-টেস্টে নিয়ে গড়া সিরিজে স্বাগতিকরা সমতায় ফেরে।
১৯৩৩-৩৪ মৌসুমে ডগলাস জার্ডিনের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে ভারত গমন করেন। ১০ ফেব্রুয়ারি, ১৯৩৪ তারিখে মাদ্রাজে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ১০ ও ৮ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১৪ ও ০/১৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ২০২ রানে পরাভূত হলে ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
১৯৩৪ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন। ১৭ ফেব্রুয়ারি, ১৯৯৩ তারিখে নিউজিল্যান্ডের রিচমন্ড এলাকায় ৮৯ বছর ২৫৪ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
