১০ আগস্ট, ১৯৪৭ তারিখে ডার্বিশায়ারের ড্রোনফিল্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা পালন করতেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ার ও লিচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে বর্ডারের পক্ষে খেলেছেন। ১৯৬৬ থেকে ১৯৭৮ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ডার্বিশায়ারের অন্যতম তারকা খেলোয়াড় ছিলেন। বোলিং আক্রমণে নেতৃত্ব দেন। খেলোয়াড়ী জীবনের উল্লেখযোগ্য ঘটনা ছিল ১৯৭৩ সালে চেস্টারফিল্ডে অনুষ্ঠিত সানডে লীগের খেলায় বোলিং করতে অস্বীকৃতিজ্ঞাপনের কারণে অধিনায়ক ব্রায়ান বোলার্স তাঁকে মাঠ থেকে বের করে দেন। ১৯৬৯ মৌসুমে বোলিং গড়ে শীর্ষে ছিলেন। ১৯৭০ সালে ইংল্যান্ডের সদস্যরূপে বাদ-বাকী বিশ্ব দলের বিপক্ষে উদ্বোধনী টেস্টে অংশ নিয়েছিলেন।
প্রতিশ্রুতিশীল দ্রুতগতিসম্পন্ন বোলার হিসেবে ইংল্যান্ডের অধিনায়ক রে ইলিংওয়ার্থের সুপারিশক্রমে জন স্নো’র সাথে বোলিং আক্রমণ পরিচালনার জন্যে ইংল্যান্ড দলের সদস্যরূপে মনোনীত হন। ১৯৭০-৭১ মৌসুমের অ্যাশেজ সিরিজকে ঘিরে বেশ প্রত্যাশা ব্যক্ত করা হলেও আঘাতের কারণে তেমন সুবিধে করতে পারেননি। কেবলমাত্র সফরের প্রস্তুতিমূলক খেলাগুলোয় অংশ নিয়ে ৪১.৫০ গড়ে মাত্র চারটি উইকেট পেয়েছিলেন। কোন টেস্টে অংশ নেয়ার সুযোগ পাননি। তাঁর পরিবর্তে দীর্ঘদেহী তরুণ বব উইলিসকে দলে যুক্ত করা হয়। সফরের শেষদিকে এসে আঘাতের কবলে পড়েন।
১৯৬৯ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত সব মিলিয়ে ইংল্যান্ডের পক্ষে পাঁচটিমাত্র টেস্টে অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন। ১৯৬৯ সালে নিজ দেশে গ্রাহাম ডাউলিংয়ের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ২৪ জুলাই, ১৯৬৯ তারিখে লন্ডনের লর্ডসে সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ০ ও ১৯* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ২/৪৯ ও ২/৪৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। পাশাপাশি, দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। স্বাগতিকরা ২৩০ রানে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ২১ আগস্ট, ১৯৬৯ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার ছাঁপ রাখেন। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ১৯ রান অতিক্রম করেন। খেলায় তিনি একবার ব্যাট হাতে নিয়ে ২১ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে ০/১০ ও ২/২৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ৮ উইকেটে জয় পেলে সফরকারীরা ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
সন্দেহাতীতভাবে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে স্মরণীয় ভূমিকা রেখেছিলেন। ব্যাট হাতে তিনি মোটেই সুবিধের ছিলেন না। ১৯৭৬ সালে নিজ দেশে ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ২২ জুলাই, ১৯৭৬ তারিখে লিডসে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। ওয়েস্ট ইন্ডিজের বিজয় আটকানোর চেষ্টা চালান। ৪৭ মিনিট ক্রিজে অবস্থান করে ২৯ বল ঠেকান। শূন্য রানে বিদেয় নিলেও অধিনায়ক টনি গ্রেগের সাথে ৪৬ রানের জুটি গড়েছিলেন। এছাড়াও, প্রথম ইনিংসে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। বল হাতে নিয়ে চার উইকেট দখল করেছিলেন। স্বাগতিকরা ৫৫ রানে পরাজিত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
আন্তর্জাতিক অঙ্গনে সাধারণমানের ক্রীড়াশৈলী প্রদর্শন করেছিলেন। ফাস্ট বোলার হিসেবে তাঁর উত্থান বেশ প্রতিশ্রুতিশীলতায় ভরপুর ছিল। তবে, ব্যর্থতা ও আঘাতের কারণে খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটে। ১৯৭৬ সালে লিচেস্টারশায়ারে যোগ দেন। ঐ বছর বাদানুবাদের জের ধরে ডার্বিশায়ার ত্যাগ করেছিলেন। লিচেস্টারশায়ারের পক্ষে আরও দুই মৌসুম খেললেও তেমন সফলতা পাননি।
