৩১ মে, ১৯৯৬ তারিখে গায়ানার জর্জটাউনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বামহাতে ব্যাটিং করেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার শিবনারায়ণ চন্দরপলের জ্যেষ্ঠ সন্তান। জর্জটাউনের ম্যারিয়ান একাডেমিতে অধ্যয়ন করেছেন। ২০১২ সালে ক্যারিবিয়ান সেকেন্ডারি এডুকেশন সার্টিফিকেট পরীক্ষায় কৃতকার্য হন। সহজাত প্রকৃতির ব্যাটসম্যান। ডানহাতি হলেও খুব ছোট বেলা থেকে বাম হাতে ব্যাটিং কর্মে অগ্রসর হন। এছাড়াও, ডানহাতে কিংবা বামহাতে – বোলিং কর্মে দক্ষতার স্বাক্ষর রাখেন। গান্ধী ইয়ুথ অর্গানাইজেশন, ডেমেরারা ও জর্জটাউনের এভারেস্ট ক্লাবে খেলেছেন। এরপর, ২০১০ সালে গায়ানার অনূর্ধ্ব-১৫ দলের পক্ষে খেলেন। ২০১১ সালের গায়ানা ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে আঞ্চলিক পর্যায়ে বর্ষসেরা অনূর্ধ্ব-১৫ ক্রিকেটারের পুরস্কার প্রদান করা হয়। ২০১২ সালে টোবাগোর আঞ্চলিক চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী আসরে গায়ানার অনূর্ধ্ব-১৭ ও বার্বাডোসের অনূর্ধ্ব-১৯ আঞ্চলিক চ্যাম্পিয়নশীপে অংশ নেন।
২০১২-১৩ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে গায়ানার প্রতিনিধিত্ব করছেন। ৯ ফেব্রুয়ারি, ২০১৩ তারিখে নর্থ সাউন্ডে অনুষ্ঠিত লিওয়ার্ড বনাম গায়ানার মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। মার্চ, ২০১৩ সালে অ্যান্টিগুয়ায় গায়ানার সদস্যরূপে লিওয়ার্ডস আইল্যান্ডসের বিপক্ষে পিতা শিবনারায়ণ চন্দরপলের সাথে একত্রে প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেন। একই বছর ডার্বিশায়ারের স্টানিসবাই হল ক্রিকেট ক্লাবের পক্ষে খেলেছেন।
২০২২ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছেন। ২০২২-২৩ মৌসুমে ক্রেগ ব্রাদওয়েটের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। ৩০ নভেম্বর, ২০২২ তারিখে পার্থে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ব্রায়ান লারা তাঁকে টেস্ট ক্যাপ প্রদান করেন। খেলায় তিনি ৫১ ও ৪৫ রান সংগ্রহ করেছিলেন। মারনাস লাবুশেনের জোড়া শতকে সফরকারীরা ১৬৪ রানে পরাজয়বরণ করলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
একই মৌসুমে ক্রেগ ব্রাদওয়েটের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে জিম্বাবুয়ে গমন করেন। ৪ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী ও নিজস্ব তৃতীয় টেস্টে অংশ নেন। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ২০৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। ফলশ্রুতিতে, ওয়েস্ট ইন্ডিজের দশম ব্যাটসম্যান হিসেবে প্রথম শতককে দ্বি-শতকে পরিণত করেন। এছাড়াও, তাঁর পিতা শিবনারায়ণ চন্দরপল ২০০৫ সালে জর্জটাউনে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও ২০১২-১৩ মৌসুমে মিরপুরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ২০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এরফলে, ১৯৫৭-৫৮ মৌসুমে ব্রিজটাউনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হানিফ মোহাম্মদের ৩৩৭ রান ও তাঁর পুত্র শোয়েব মোহাম্মদ ১৯৮৯-৯০ মৌসুমে লাহোরে সফররত ভারতের বিপক্ষে ২০৩ রানের অপরাজিত ইনিংসের পর দ্বিতীয় পিতা-পুত্র হিসেবে দ্বি-শতক হাঁকানোর গৌরব অর্জন করেন। এছাড়াও, দ্বিতীয় ইনিংসে ১৫ রান সংগ্রহ করেছিলেন। তাঁর অসাধারণ দ্বি-শতক সত্ত্বেও খেলাটি ড্রয়ের দিকে গড়ালে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।
২০২২-২৩ মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে ক্রেগ ব্রাদওয়েটের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ২২ ও ১০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। এইডেন মার্করামের অনবদ্য ব্যাটিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ৮৭ রানে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
২০২৩-২৪ মৌসুমে ক্রেগ ব্রাদওয়েটের নেতৃত্বাধীন দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ১৭ জানুয়ারি, ২০২৪ তারিখে অ্যাডিলেডের কারেন রোল্টন ওভালে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ৬ ও ০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। তবে, ট্রাভিস হেডের অসাধারণ শতকের কল্যাণে সফরকারীরা ১০ উইকেটে পরাভূত হলে সিরিজে পিছিয়ে পড়ে।
২০২৫-২৬ মৌসুমে রোস্টন চেজের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে নিউজিল্যান্ড গমন করেন। ২ ডিসেম্বর, ২০২৫ তারিখে ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৫২ ও ৬ রান সংগ্রহ করেন। তবে, জাস্টিন গ্রিভসের স্মরণীয় অল-রাউন্ড ক্রীড়া সাফল্যে খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় অগ্রসর হতে থাকে।
